ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, গবেষকদের সতর্কবার্তা


এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, গবেষকদের সতর্কবার্তা

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার মুহূর্তের মধ্যেই ফোনের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা জানিয়েছেন, ম্যালওয়্যারটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম বার্তাসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানট্যাক্স ওট্যাক্স কেবল সাধারণ ম্যালওয়্যার নয়; এতে স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণের (রিমোট অ্যাকসেস) মতো একাধিক সক্ষমতা রয়েছে। ফলে এটি ফোনে প্রবেশ করতে পারলে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি পুরো ডিভাইসের নিয়ন্ত্রণও সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।

গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। এর ফলে বিভিন্ন অনলাইন সেবা, ব্যাংকিং বা আর্থিক লেনদেনের সময় পাঠানো ওটিপি হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে। এছাড়া এটি কল হিস্টোরি, কন্টাক্ট লিস্ট, ব্রাউজিং হিস্টোরি, ইনস্টল করা অ্যাপ, অবস্থানসংক্রান্ত তথ্য এবং গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম।

আরও পড়ুন: টেলিটক ৭০০ মেগাহার্টজে ফোর-জি সম্প্রসারণের জন্য জেডটিই’কে কার্যাদেশ দিল

শুধু তাই নয়, ব্যবহারকারীর অজান্তেই ফোনের পর্দার কার্যক্রম নজরদারি করতে পারে ম্যালওয়্যারটি। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে এটি স্ক্রিনের তথ্য ধারণ ও সংরক্ষণ করতে পারে। পাশাপাশি ফোনের সামনের ও পেছনের ক্যামেরা গোপনে চালু করে ছবি তুলে সেগুলো অপরাধীদের কাছে পাঠানোর সক্ষমতাও রয়েছে।  

জিম্পেরিয়ামের গবেষকেরা জানিয়েছেন, গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা ক্ষতিকর এপিকে (এপিকে) ফাইলের মাধ্যমে ম্যানট্যাক্স ওট্যাক্স ছড়ানো হচ্ছে। এছাড়া ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণামূলক কৌশল ব্যবহার করেও এই ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা স্মার্টফোনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তবে নতুন সংস্করণের ব্যবহারকারীরাও পুরোপুরি নিরাপদ নন। তাই অচেনা উৎস থেকে এপিকে ফাইল ডাউনলোড না করা, গুগল প্লে প্রটেক্ট চালু রাখা এবং নিয়মিত নিরাপত্তা হালনাগাদ (সিকিউরিটি আপডেট) ইনস্টল করার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন: পাঁচ বছরে সামুদ্রিক মাছ আহরণ ১৬.৫৭% কমেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদলের নেতা কর্মীরা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

গ্রেফতার খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

পুলিশের জানায়, সোমবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আরজুকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় ধস্তাধস্তি করতে গিয়ে তিনি সামান্য আঘাত পান।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, আরজু হৃদ্‌রোগে আক্রান্ত। গ্রেফতারের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলা কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার। তবে কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।

গত বছর ব্যারিস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তিনি সিনেমাটিতে আর অভিনয় করছেন না। অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে, নুসরাত ফারিয়া ‘লজ্জা’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন কাজটির ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বহুমুখী পরিচয় তৈরি করার চেষ্টা করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে দর্শকদের নজরে আসার পর মডেলিং ও অভিনয়ে নিজের জায়গা তৈরি করেন তিনি। বড়পর্দায় তার যাত্রা শুরু হয়েছিল ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-২’, ‘পটাকা’, ‘শাহেনশাহ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বড়পর্দায় তার উপস্থিতি যেমন আলোচিত হয়েছে, ঠিক তেমনই ব্যক্তিগত স্টাইল ও সামাজিক মাধ্যমের সক্রিয় উপস্থিতির কারণে নিয়মিত খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী।

দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও কাজ করেছেন নুসরাত ফারিয়া। বাণিজ্যিক ঘরানার সিনেমায় নায়িকা হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে চরিত্র নির্বাচনে পরিবর্তনের চেষ্টা করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তাকে দেখা গেছে। নিজের কণ্ঠে গান প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে কয়েক দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

 

এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সিরি’আয় আবারও জয়ের পথে ফিরেছে ইন্টার মিলান। সান সিরোয় উদিনেসের বিপক্ষে ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৫-৩ গোলের বড় জয় তুলে নেয় ক্রিস্তিয়ান কিভুর দল।

নতুন লিগ মৌসুমে এটি ইন্টারের টানা চতুর্থ জয়। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ম্যাচের শুরু থেকেই ইন্টারকে চাপে রাখে উদিনেসে। নবম মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে জেমস আবানকওয়া গোল করে সফরকারীদের এগিয়ে দেন। মাত্র সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প। কিয়ান ডেভিসের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইন্টার। মার্কাস থুরামের পরপর দুটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলরক্ষক মাদুকা ওকোয়ে। তবে ২৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ইন্টারের হয়ে ব্যবধান কমান কার্লোস অগুস্তো।

প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতায় ফেরে স্বাগতিকরা। থুরামের পাস পেয়ে বাঁকানো শটে উদিনেসের জালে বল পাঠান নিকোলো বারেলা। ফলে বিরতিতে দুই দল ২-২ সমতায় যায়।

দ্বিতীয়ার্ধে ইন্টারের আক্রমণের সামনে অনেকটাই অসহায় হয়ে পড়ে উদিনেসে। ৫৭তম মিনিটে অ্যান্ডি দিউফ ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন। সেখান থেকে নিচু শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে ইন্টারকে প্রথমবারের মতো এগিয়ে দেন থুরাম।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান পিও এসপোসিতো। পিওত্র জিয়েলিনস্কির দ্রুত পাস পেয়ে কাছ থেকে নিচু শটে গোল করেন তিনি।

 

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইন্টার পঞ্চম গোলের দেখা পায়। বদলি হিসেবে নামা আনজে-ইয়োআন বন্নির প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ওকোয়ে। তবে ফিরতি বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান ইন্টারের ফরোয়ার্ড।

যোগ করা সময়ে উদিনেসের হয়ে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। এতে ব্যবধান কিছুটা কমলেও শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।

এই জয়ে টানা দ্বিতীয় লিগ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেল ইন্টার। এর আগে নাপোলির বিপক্ষেও ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে ম্যাচটি জিতে নেয় তারা।

চার ম্যাচে চার জয় ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোমা।

এর আগে দিনের আরেক ম্যাচে তোরিনোকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল রোমা। চার ম্যাচে নিজের ষষ্ঠ গোল করে রোমাকে এগিয়ে দেন ডনিয়েল মালেন। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলো পিসিল্লি। তবে ইন্টারের কামব্যাকের পর দুই দলই চার ম্যাচে শতভাগ জয় নিয়ে সমান ১২ পয়েন্টে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%