ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?


১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে কয়েক দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

আরও পড়ুন: অক্টোবরের ২৬ দিনে দেশে এসেছে ২৪৫ কোটি ডলার রেমিট্যান্স

 

এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

আরও পড়ুন: সার আমদানি কমাতে তিনটি বন্ধ কারখানা চালুর উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সিরি’আয় আবারও জয়ের পথে ফিরেছে ইন্টার মিলান। সান সিরোয় উদিনেসের বিপক্ষে ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৫-৩ গোলের বড় জয় তুলে নেয় ক্রিস্তিয়ান কিভুর দল।

নতুন লিগ মৌসুমে এটি ইন্টারের টানা চতুর্থ জয়। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ম্যাচের শুরু থেকেই ইন্টারকে চাপে রাখে উদিনেসে। নবম মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে জেমস আবানকওয়া গোল করে সফরকারীদের এগিয়ে দেন। মাত্র সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প। কিয়ান ডেভিসের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইন্টার। মার্কাস থুরামের পরপর দুটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলরক্ষক মাদুকা ওকোয়ে। তবে ২৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ইন্টারের হয়ে ব্যবধান কমান কার্লোস অগুস্তো।

প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতায় ফেরে স্বাগতিকরা। থুরামের পাস পেয়ে বাঁকানো শটে উদিনেসের জালে বল পাঠান নিকোলো বারেলা। ফলে বিরতিতে দুই দল ২-২ সমতায় যায়।

দ্বিতীয়ার্ধে ইন্টারের আক্রমণের সামনে অনেকটাই অসহায় হয়ে পড়ে উদিনেসে। ৫৭তম মিনিটে অ্যান্ডি দিউফ ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন। সেখান থেকে নিচু শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে ইন্টারকে প্রথমবারের মতো এগিয়ে দেন থুরাম।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান পিও এসপোসিতো। পিওত্র জিয়েলিনস্কির দ্রুত পাস পেয়ে কাছ থেকে নিচু শটে গোল করেন তিনি।

 

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইন্টার পঞ্চম গোলের দেখা পায়। বদলি হিসেবে নামা আনজে-ইয়োআন বন্নির প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ওকোয়ে। তবে ফিরতি বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান ইন্টারের ফরোয়ার্ড।

যোগ করা সময়ে উদিনেসের হয়ে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। এতে ব্যবধান কিছুটা কমলেও শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।

এই জয়ে টানা দ্বিতীয় লিগ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেল ইন্টার। এর আগে নাপোলির বিপক্ষেও ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে ম্যাচটি জিতে নেয় তারা।

চার ম্যাচে চার জয় ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোমা।

এর আগে দিনের আরেক ম্যাচে তোরিনোকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল রোমা। চার ম্যাচে নিজের ষষ্ঠ গোল করে রোমাকে এগিয়ে দেন ডনিয়েল মালেন। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলো পিসিল্লি। তবে ইন্টারের কামব্যাকের পর দুই দলই চার ম্যাচে শতভাগ জয় নিয়ে সমান ১২ পয়েন্টে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুখবর, আজ থেকে চালু নতুন পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুখবর, আজ থেকে চালু নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পাওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে আজ মঙ্গলবার থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু হচ্ছে। নতুন এই পদ্ধতিতে সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় প্রদান করা ব্যাংক হিসাব নম্বরটি টাকা পাঠানোর পূর্বে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এই ব্যবস্থা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সিস্টেমটি চালু করছে।

অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় এভিএস চালু করা হচ্ছে। বর্তমানে সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম বা এনএসসি সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এনএসসি সিস্টেমে বর্তমানে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা আগে থেকেই বিদ্যমান ছিল, তবে এবার ব্যাংক হিসাব যাচাইয়ের পদ্ধতি যুক্ত হলো।

পূর্বে গ্রাহকের দেওয়া হিসাব নম্বর সরাসরি সিস্টেমে যুক্ত করা হতো। যদি কোনো সংখ্যা ভুল হতো, তাহলে ইএফটি ফেরত আসত এবং তথ্য সংশোধন করে পুনরায় টাকা পাঠাতে হতো। এতে বিনিয়োগকারীদের ভোগান্তির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপও বৃদ্ধি পেত। ভুল নম্বরের কারণে একজনের প্রাপ্য অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও ছিল।

নতুন ব্যবস্থায় হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো এবং সংশ্লিষ্ট তফশিলি ব্যাংকের মাধ্যমে তা যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কিনা যাচাই করা হবে এবং পরে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ফলে লেনদেনের পূর্বেই ভুল বা অসামঞ্জস্য শনাক্ত করা সম্ভব হবে।

নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় এবং পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএস ব্যবহৃত হবে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, এভিএস চালুর ফলে ভুল হিসাব নম্বরের কারণে ইএফটি ফেরত আসার ঝুঁকি কমবে, বিনিয়োগকারীদের ভোগান্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত কাজও কমবে। একই সঙ্গে গ্রাহকের প্রাপ্য অর্থ নিরাপদে ও নির্ভুলভাবে প্রকৃত হিসাবধারীর হিসাবে পাঠানো সহজ হবে।

অর্থ বিভাগের মতে, এভিএস জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে সঞ্চয়পত্রের লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে এবং গ্রাহকের অর্থ দ্রুত ও সঠিক সময়ে নির্ধারিত ব্যাংক হিসাবে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলার অভিযোগ, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলার অভিযোগ, আহত ৭

মানিকগঞ্জের ঘিওর এলাকায় কালীগঙ্গা নদীর জেগে ওঠা চরে ভারি খননযন্ত্র (ড্রেজার) স্থাপন করে বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সেখানে জোরপূর্বক বালু উত্তোলন করা হচ্ছিল। বাধা দেওয়ার পর ৩০ থেকে ৩৫ জন একটি বালুবাহী বলগেটে এসে লোহার রড, পাইপ ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালান। এই হামলায় সাতজন আহত হয়েছেন।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে ঘটনাস্থলে আসার জন্য আহ্বান জানানো হয়। মুহূর্তের মধ্যে নারী-পুরুষ লাঠিসোঁটা হাতে সেখানে জড়ো হলে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব কুশন্ডা গ্রামের পাশে কালীগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন, জাহিদ, প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- বালিয়াখোড়া ইউনিয়নের রামেশ্বরপট্টি গ্রামের আবুল কাশেম (৪৫), পলাশ মিয়া (২২), আবদুল মান্নান (৫০), নান্নু মিয়া (৪৫), মো. জাহিদ (২০) এবং বানিয়াজুড়ী ইউনিয়নের জাবরা গ্রামের মো. শামীম মুন্সি (৩৩) ও মো. রুবেল আলী (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব কুশন্ডা গ্রামের পাশে নদীতে জেগে ওঠা চরে তাদের কয়েকজনের জমি রয়েছে। সেখানে শক্তিশালী খননযন্ত্র বসিয়ে মাটি-বালু উত্তোলনের খবর পেয়ে দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে উত্তোলন বন্ধ করতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আহতদের অভিযোগ, তাদের সঙ্গে থাকা কয়েকজন কিশোর খননযন্ত্রে উঠে পড়লে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্টরা তাদের আটক করে মারধর করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সেখান থেকে সরে যান। কিছুক্ষণ পর ৩০ থেকে ৩৫ জন লোক একটি বালুবাহী বলগেটে করে এসে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে রড, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হলে সাতজন আহত হন।

পরে হামলার খবর মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের গ্রামের নারী-পুরুষ ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। স্থানীয়দের মতে, গ্রামবাসী জড়ো হওয়ার আগেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আবুল কাশেম মঙ্গলবার সকালে যুগান্তরকে বলেন, কালীগঙ্গার তীরের ওই চরে তাদের প্রায় ১১ বিঘা জমি রয়েছে। সেখানে ভুট্টা, তামাকসহ বিভিন্ন ফসল আবাদ করা হয়। নদীর ভাঙন থেকে জমি রক্ষার জন্য বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণেই তাদের ওপর হামলা করা হয়েছে।

আহতরা অভিযোগ করেন, বানিয়াজুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সহসভাপতি সম্রাট মিয়া, সিংজুড়ী গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা আল-আমিন এবং সিংজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আক্তার হোসেনসহ আরও ২৫ থেকে ৩০ জন হামলায় অংশ নেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা লোকমান হোসেন বলেন, চরের জমির মাটি তারা কয়েকজন কিনে নিয়েছেন। বৈধভাবে মাটি তোলার সময় স্থানীয় কিছু লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করেন। তারা দাবি করেন, চাঁদা চাওয়া হয়েছিল। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

সাবেক যুবদল নেতা আল-আমিন জানান, নদী থেকে মাটি কাটা হয়নি। শুধুমাত্র নৌকা ভিড়েছিল। নিজেদের জায়গা ভরাটের জন্য মাটি আনার ব্যবস্থা করা হয়েছিল। এ সময় স্থানীয় কয়েকজন মাঝি ও লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের তাড়া করে। পরে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তবে কাউকে মারধর করা হয়নি।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সন্ধ্যায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফর্মে ফিরছেন বাবর আজম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফর্মে ফিরছেন বাবর আজম

পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম সাত বছর পর দেশের ঘরোয়া রেড-বল ক্রিকেটে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এই তথ্য ডন পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর বাবরের এই সিদ্ধান্ত আসছে।

বাবরের টেস্ট ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে তার টেস্ট ব্যাটিং গড় ছিল যথাক্রমে ২২, ২০ এবং ৩১। তিনি দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটে প্রতিটি রানের জন্য সংগ্রাম করছেন। তবুও, ২০১৯ সালের পর থেকে তিনি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলেননি। সর্বশেষ তিনি কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ফাইনালে নর্দার্নকে এক ইনিংস ও ১৬ রানে পরাজিত করে তার দল শিরোপা জিতেছিল।

বর্তমানে, প্রায় সাত বছর পর বাবর চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে ঘরোয়া রেড-বল ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।

দলটির ক্রীড়া বিভাগের প্রধান ফারাহ বাতুল ডনকে নিশ্চিত করেছেন যে, বাবর ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তান ফিরে পরদিনই ওজিডিসিএল দলে যোগ দেবেন। ফারাহ বলেন, "বাবর ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন এবং পরদিন ওজিডিসিএল দলে যোগ দেবেন। তার কিট অর্ডার করা হয়েছে।"

তবে, বাবর সঙ্গে সঙ্গে খেলা শুরু নাও করতে পারেন। ওজিডিসিএল বর্তমানে ইসলামাবাদে প্রেসিডেন্টস ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান টেলিভিশনের মুখোমুখি হচ্ছে। এরপর ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে কিংসম্যান একাডেমির বিরুদ্ধে এবং ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিরুদ্ধে খেলবে দলটি।

ফারাহ আরও জানান, "বাবর ফিরে এসে সিদ্ধান্ত নেবেন তিনি দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন নাকি তৃতীয় ম্যাচ থেকে।"

ডনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবরকে অতিথি খেলোয়াড় হিসেবে ওজিডিসিএলকে দিয়েছে। পিসিবি চায় দেশের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটাররা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিক। এই উদ্যোগের অংশ হিসেবেই বাবরের এই ফেরা ঘটছে। পাকিস্তানের সাদা বলের অধিনায়করাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি কেআরএলের হয়ে এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা কিংসম্যান একাডেমির হয়ে খেলছেন।

জুলাই মাসে বাবর আবার পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তবে দ্বিতীয় মেয়াদে তার শুরুটা ভালো-মন্দের মিশেলে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করার পর ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে তার দল।

অধিনায়কের নিজের ব্যাটিংও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। চার বছর ধরে টেস্টে কোনো সেঞ্চুরি নেই বাবরের। ওয়েস্ট ইন্ডিজ সফরে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। দুই টেস্টে ১৯৬ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন। তবে ইংল্যান্ড সিরিজে আবার কঠিন সময় পার করতে হয়েছে। প্রথম টেস্টে চোটের কারণে মিস করার পর পরবর্তী দুই ম্যাচের চার ইনিংসে তিনি করেছেন ৮, ৬, ৭ ও ৭৬ রান।

এখন, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মোড়ে বাবর ঘরোয়া ক্রিকেটে ফিরে আসছেন। ২০১৯ সালের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ছাড়া দীর্ঘ ফরম্যাটে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তিনি। পাকিস্তানের টেস্ট পারফরম্যান্স এবং তার নিজের ব্যাটিং দুটোই এখন কঠিন পরীক্ষার মুখে। প্রেসিডেন্টস ট্রফি একসময় বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের জন্য আবার ছন্দে ফেরার সুযোগ হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%