০৬:৪৭ পি.এম
রাজশাহী নগরীতে অভিযান পরিচালনা করে পুলিশ মাদক কারবারি, অস্ত্রধারী, এবং দৈনিক উপচার পত্রিকার পরিচয়ধারী কথিত সাংবাদিক মিশাল মন্ডলকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিশাল মন্ডল (৪২) বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে। তিনি সাবেক মোটরসাইকেল মেকার এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
স্থানীয়দের মতে, মিশাল মন্ডল স্কুলে পড়াশোনা না করেও সাংবাদিক পরিচয় ধারণ করে। ব্যক্তিগত সুবিধা আদায়ের উদ্দেশ্যে, তিনি ৫ম শ্রেণীর এক ছাত্রের মাধ্যমে স্থানীয় একটি পত্রিকার কার্ড তৈরি করিয়েছেন। সেই কার্ড গলায় ঝুলিয়ে মোটরসাইকেলে চড়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিলেন।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিতেন। তবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের কারণে মহানগর যুবদল তাকে আগেই বহিষ্কার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, শুক্রবার রাতে মিশাল মন্ডলকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তিনি আরও জানান, গ্রেফতার মিশাল মন্ডলের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা এবং একটি আদারস্ সেকশনের মামলা চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন