ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে যবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বি-ক্ষোভ


মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে যবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বি-ক্ষোভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ডিপ্লোমা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস, সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ এবং প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও যৌক্তিক দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

সমাবেশে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়, ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘জাতীয় প্রকৌশলী সম্মেলন, সফল হোক সফল হোক’ এবং ‘মেধার সাথে প্রহসন, মানি না মানবো না’সহ নানা স্লোগান।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া রাফিদ বলেন, আমাদের প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া উচিত। আমাদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদে প্রবেশের জন্য সকলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি অন্য কোনো নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, “দ্বিতীয়ত, টেকনিক্যাল ১০ম গ্রেড, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি—উভয় ডিগ্রিধারীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।”

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে টেকনিশিয়ান ও ডিপ্লোমাধারীদের বসিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন খাতে দুরবস্থার জন্য প্রকৌশলীদের নানা ধরনের দোষারোপ করা হয়। অথচ অনেক ক্ষেত্রেই প্রকৌশলীদের দায়িত্বের জায়গায় টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ে তাত্ত্বিক জ্ঞান, চিন্তা ও বিশ্লেষণী দক্ষতার প্রয়োজন রয়েছে। দেশের বিদ্যুৎ, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে দক্ষ প্রকৌশলীর প্রয়োজন রয়েছে। যেমন দেশের জন্য চিকিৎসক প্রয়োজন, তেমনি প্রকৌশলীরও প্রয়োজন রয়েছে।”

আরও পড়ুন: টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি প্রকৌশল খাতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন এবং নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে প্রকৌশলীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ এম


আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারকে সামাজিকভাবে একঘরে করা এবং মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার অভিযোগের অবসান হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে। ফিরে এসেছে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি।

আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নওয়াপাড়া গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আলফাডাঙ্গা থানা চত্বরে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসিবের সার্বিক সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে চর নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী ওসমান গণির জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বিরোধ নিরসনের জন্য স্থানীয়ভাবে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে পরিবারের পক্ষ থেকে গ্রামের বাইরে থাকা আত্মীয়স্বজনকে নিয়ে আসার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারটিকে সামাজিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের স্থানীয় মসজিদে নামাজ আদায়েও নিষেধ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য খালিদ হাসান গত ২৬ আগস্ট আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা আরও জোরালো হয়। পরে সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
সমঝোতা বৈঠকে দুই পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর তারা পরস্পরের প্রতি থাকা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগের মতো মিলেমিশে বসবাস এবং স্বাভাবিক সামাজিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে গ্রামবাসীর পক্ষ থেকে শেখ সাদী হাসান ভুক্তভোগী খালিদ হাসানের কাছে পরিবারটিকে একঘরে করার সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন। পরে উপস্থিত সবার সামনে দুই পক্ষ পরস্পরকে কোলাকুলি করেন। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে।

আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, ঘটনাটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের পরিপন্থী ছিল। তাই বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তারা এখন থেকে মিলেমিশে বসবাস করার অঙ্গীকার করেছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় থানা চত্বরে উভয় পক্ষকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে তারা নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে আপস-মীমাংসায় পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগে সৃষ্ট ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা, যাদের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীও রয়েছেন। তারা হল প্রভোস্টের কাছে লিখিত আবেদন করে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৭ আগস্ট) হলের আবাসিক পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন গত ৬ আগস্ট বিজয়-২৪ হলের ১০২ নম্বর কক্ষে ওঠেন। এরপর তার আচরণ ও ব্যবহারের কারণে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা হলের সিনিয়রদের অবহিত করেন।

এ ঘটনার পর গত ১৬ আগস্ট রাতে আমিরের বন্ধু ইউসুফ ইকবাল তাকে ৩১৩ নম্বর কক্ষে সিনিয়রদের সঙ্গে দেখা করতে বলেন। পরে রাত ১২টার দিকে আমির হোসেন তার সহপাঠী অপূর্ব দেবনাথকে সঙ্গে নিয়ে ওই কক্ষে যান। সেখানে পূর্বের অভিযোগের বিষয়ে কথা কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা আবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে আমির হোসেন কক্ষ থেকে বের হয়ে যান।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রুম থেকে বের হওয়ার পর আমির তার সিনিয়র সরোয়ার হাসান রিয়াদকে ফোন করে হুমকি দেন। পরদিন অন্তু দাশকে একটি ভার্চুয়াল নম্বর থেকে ফোন করে আমির হোসেনের বড় ভাই পরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ থানায় অন্তু দাশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অন্যদিকে, গত ২৩ আগস্ট আমির হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার হাসান রিয়াদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ করেন। অভিযুক্তরা ওই অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে বলেন, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে বিশ্ববিদ্যালয়, হল এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তাদের দাবি, পুরো ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ থাকায় কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট শিক্ষার্থী, ফোনকলসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

আবেদনে তারা হলের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খাঁন বলেন, ‘আমি তাদের আবেদনটি পেয়েছি। যদিও বিষয়টি হলের সঙ্গে সংশ্লিষ্ট, তবে সর্বশেষ আনুষ্ঠানিকভাবে আজ আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। অথচ হলের প্রভোস্ট হিসেবে উভয় পক্ষের কাছ থেকেই বিষয়টি প্রথমে আমার কাছে জানানোর প্রয়োজন ছিল। আমি শুধু এক পক্ষের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। যেহেতু বিষয়টি আমার কাছে আসার আগেই বিভাগ, প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গেছে, তাই সবার সঙ্গে বসে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট বিজয়-২৪ হলের ৩১৩ নম্বর কক্ষে অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেনকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার হোসেন রিয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন আমির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাফিনিয়া-লোপেসের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ এম


রাফিনিয়া-লোপেসের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা

আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও, ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। পোস্ট, ক্রসবার এবং প্রতিপক্ষ গোলরক্ষক উনাই সিমনের অসাধারণ দৃঢ়তায় তারা বেশ কয়েকবার গোলের সুযোগ হাতছাড়া করেছে। শেষ পর্যন্ত, দুই অর্ধে দুটি গোল করে আথলেতিক বিলবাওকে পরাজিত করে হান্সি ফ্লিকের দল লা লিগায় টানা দ্বিতীয় জয় অর্জন করেছে।

কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত লিগের ম্যাচটি ২-০ গোলে জয়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন রাফিনিয়া, পরে ফের্মিন লোপেস ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচে সিমন মোট আটটি সেভ করেন, যিনি ২০২৬ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্স না থাকলে বার্সেলোনার জয়টি আরও বড় হতে পারত।

বার্সেলোনা ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোট ২২টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বিলবাওয়ের পাঁচটি শটের মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।

শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ শুরু করে বার্সেলোনা। নবম মিনিটে পেদ্রির কর্নার থেকে এরিক গার্সিয়ার হেড অল্পের জন্য লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দুই মিনিট পর লামিন ইয়ামালের শট পোস্টের সামান্য বাইরে চলে যায়।

১৯তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নেয় বার্সেলোনা, তবে ইয়ামালের শট দুর্দান্তভাবে এক হাতে ঠেকিয়ে দেন সিমন। চার মিনিট পর স্বাগতিকদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে, কিন্তু রাফিনিয়ার চমৎকার হেড পোস্টে লেগে ফিরে আসে।

২৯তম মিনিটে পেদ্রি বিলবাওয়ের জালে বল পাঠিয়েছিলেন। অ্যান্থনি গর্ডনের নিচু ক্রস দারুণভাবে জালে জড়ান তিনি, কিন্তু ইয়ামাল অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।

বার্সেলোনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৭তম মিনিটে পেদ্রির রক্ষণভেদী পাস ধরে রাফিনিয়া বক্সে ঢুকে পড়েন এবং এগিয়ে আসা গোলরক্ষক সিমনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

চলতি লিগে এটি রাফিনিয়ার তৃতীয় গোল। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ওয়ান-অন-ওয়ানে ইয়ামালের কাছ থেকে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন সিমন। নিজের সুযোগ নষ্ট হওয়ায় ইয়ামালও বিশ্বাস করতে পারছিলেন না, কীভাবে গোলটি হলো না।

প্রথমার্ধে গোলের জন্য বার্সেলোনা নয়টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে, বিলবাওয়ের শট ছিল মাত্র একটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বিলবাও সুযোগ পায়। ৬০ সেকেন্ডের মাথায় গর্ডনের নেওয়া শট ক্রসবারের কয়েক ইঞ্চি উপরে চলে যায়।

৫৩তম মিনিটে বার্সেলোনা আবার গোলের খুব কাছে পৌঁছায়। প্রায় ২০ গজ দূর থেকে ইয়ামালের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে লোপেসের শটও ঠেকিয়ে দেন সিমন।

৬৩তম মিনিটে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক দুটি পরিবর্তন করেন। রাফিনিয়ার জায়গায় নতুন ক্লাবে অভিষেক হয় রদ্রির এবং মার্ক বের্নালের বদলে মাঠে নামেন দানি ওলমো।

৭৫তম মিনিটে বিলবাও সমতায় ফেরার দারুণ সুযোগ পায়। সানসেতের শট বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

এরপর ৮২তম মিনিটে বার্সেলোনা ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত করে। দুই মিনিট আগে বদলি হিসেবে নামা কারিম আডেইয়েমি বাঁ দিক থেকে বক্সে বল বাড়ান। সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি বিলবাও ডিফেন্ডার এমরিক লাপোর্ত। বল চলে যায় লোপেসের পায়ে, যিনি ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।

৮৯তম মিনিটে কাছ থেকে আডেইয়েমির নেওয়া শটও ফিরিয়ে দেন সিমন। যোগ করা সময়ে ইয়ামালের আরেকটি শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে তারা। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভয়াবহ হড়পা বান ও ভূমিধস

নেপাল-তিব্বতে ৩৯০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ১,৪০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ এম


নেপাল-তিব্বতে ৩৯০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ১,৪০০

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলে ৩৯০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ১ হাজার ৪০০ জনের বেশি এখনো নিখোঁজ রয়েছেন। আকস্মিক বন্যার ফলে নদীর পানির সঙ্গে কাদা ও পাথরের স্রোত নেমে এসে স্থানীয় শহর, জনপদ ও উপত্যকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উদ্ধারকারীরা কাদার মধ্যে নেমে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। নেপালের কর্মকর্তাদের মতে, দেশটিতে অন্তত ৩৮৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। প্রতিবেশী চীনের তিব্বত অঞ্চলে নিহত হয়েছেন অন্তত তিনজন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্যোগের একদিন পর বৃহস্পতিবার বিকেলে তিব্বতের ভূমিধসকবলিত এলাকা পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। সেখানে তিনি জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নিখোঁজ ৯১০ জনের মধ্যে ৫০০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। দুই ডজনের বেশি দেশের পর্যটক ও নাগরিক নিখোঁজদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন। এর মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।

অন্যদিকে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

দুর্যোগকবলিত এলাকায় পৌঁছানো উদ্ধারকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে আল জাজিরার প্রতিবেদক মিনেল ফার্নান্দেজ জানিয়েছেন, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো এবং জীবিতদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে। এসব হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকা থেকে আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁজর ভেঙে যাওয়া এবং ত্বকে দগ্ধ হওয়ার মতো গুরুতর আঘাত রয়েছে।

নেপালে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের সন্ধান এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়া হাজারো মানুষকে উদ্ধারের জন্য এই অভিযান চলছে। এলাকাটি তিব্বতের লাসা থেকে কাঠমান্ডু যাতায়াতকারী পর্যটক, ট্রেকার ও তীর্থযাত্রীদের কাছে জনপ্রিয়।

বুধবারের ভিডিও ফুটেজে দ্রুতগতির পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোতে গিরং সীমান্তবর্তী এলাকায় কয়েক ডজন মানুষ ভেসে যাওয়ার দৃশ্য দেখা যায়। সংবাদ সংস্থাগুলো ফুটেজটি যাচাই করেছে। নেপালের দিকে নদীর নিম্নপ্রবাহে বহু ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার স্থানে তৈরি হওয়া একটি হ্রদের পানি বাড়ছে এবং যেকোনো সময় সেটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, প্রতিবেশী ভারত সরবরাহ করা তাঁবু, খাবার ও ওষুধ হেলিকপ্টারের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে পাঁচ হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছেন।

বন্যার কারণে ভারতের নেপাল সীমান্তবর্তী বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য থেকেও হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ বন্যার পানি গান্ডাক নদীর অববাহিকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নুয়াকোটের বিদুরের পরিস্থিতি দেখতে সড়কপথে রওনা হয়েছেন বলে তার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

যেভাবে শুরু হলো বিপর্যয়

প্রাথমিকভাবে নেপালের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুরুতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে যে কম্পন রেকর্ড করা হয়েছিল, সেটি আসলে হিমবাহের পাথর ও বরফ আকস্মিকভাবে ধসে পড়ার ফলে সৃষ্ট ভূকম্পনজনিত শক্তি। এর পরপরই ব্যাপক ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে।

প্ল্যানেট ল্যাবসের প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণেও দেখা গেছে, বরফ ও পাথরের একটি ভূমিধসের কারণে লেন্দে নদীতে ধ্বংসাবশেষসহ প্রবল স্রোত তৈরি হয়। ঘটনাস্থলটি নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাড়ি সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে।

দুর্যোগকবলিত উপত্যকাগুলোতে ঘরবাড়ি, গাছপালা ও যানবাহন ঘন কাদায় ঢেকে গেছে। আকাশ থেকে ধারণ করা ছবিতে ধসে পড়া বাড়ি, পানিতে ডুবে থাকা গাড়ি এবং প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি ধাতব সেতু দেখা গেছে।

রাসুওয়ার স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বিকি বলেন, ‘যেদিকেই তাকাই, ধ্বংসযজ্ঞ। নদীর পাশের বসতিগুলো পুরোপুরি ভেসে গেছে। আমার নিজের পাঁচজন আত্মীয় নিখোঁজ।’

দুর্যোগের সময় তিব্বতের কৈলাস পর্বত ও মানসসরোবর হ্রদে তীর্থযাত্রায় থাকা লোকজনও বিপদের মধ্যে পড়েছেন। হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে উচ্চভূমির এসব স্থান পবিত্র হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক সহায়তা

ভয়াবহ এই দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা একজন দুর্যোগ মোকাবিলা বিষয়ক পরামর্শককে নেপালে পাঠাচ্ছে। পাশাপাশি জরুরি সহায়তা হিসেবে ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বন্যাকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, কানাডার কর্মকর্তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, নেপালের ত্রাণ কার্যক্রমে জাতিসংঘের বৈশ্বিক জরুরি তহবিল সিইআরএফ থেকে ২০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর আগে জানিয়েছিলেন, নেপালের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জরুরি ত্রাণসামগ্রী ও সহায়তাকর্মী পাঠানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, দুর্গম এলাকায় স্থানীয় অবকাঠামো ও সম্পদের সীমাবদ্ধতার কারণে সেখানকার পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

জলবায়ু ঝুঁকি বাড়ছে

এই ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে নেপালের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টিও সামনে এনেছে বলে মনে করেন জলবায়ু ও জননীতি বিশেষজ্ঞ সুনীল আচার্য।

কাঠমান্ডু থেকে তিনি বলেন, এটি শুধু একটি অনির্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ নয়; জলবায়ু সংকটের সম্মুখসারিতে বসবাসের বাস্তবতা এই বিপর্যয়ের মাধ্যমে নির্মমভাবে ফুটে উঠেছে।

তার মতে, এমন দুর্যোগ ঠেকাতে নেপাল একা সীমিত পরিসরে কাজ করতে পারে। জলবায়ু সংকট মোকাবিলায় দেশটির পর্যাপ্ত সম্পদ নেই। বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে এ ধরনের আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

সূত্র:আল জাজিরা এপি নিউজ

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%