ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়


নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

ব্যবসায়িক উদ্দেশ্যে একত্রে বাড়ি থেকে বের হলেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী। মঙ্গলবার রাতে তাদের জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় জাজিরা উপজেলার কাজিরহাটের ধুলট হাটা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, স্থানীয় ব্যবসায়ীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এর আগে, ওই দিন ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া অংশে যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই পাঁচজনসহ মোট ১৪ জন নিহত হন।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

নিহত ব্যবসায়ীরা হলেন—জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দির জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দির জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাটের ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাটের সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কাজিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় কৃষিপণ্যের ব্যবসা করে আসছিলেন। রাজশাহী অঞ্চলের তাহেরপুর বাজার থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন ও ধনিয়াসহ বিভিন্ন পণ্য কিনে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তারা নাটোর হয়ে রাজশাহী যাচ্ছিলেন। দুর্ঘটনাটি পথে ঘটে।

জানাজায় শোক প্রকাশ করে সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কাজী, কাজিরহাট বাজার কমিটির সভাপতি মোখলেস মাদবর এবং বাজার ইজারাদার টিটু আকন বলেন, নিহত ব্যক্তিরা স্থানীয় বাজারে অত্যন্ত পরিচিত এবং সক্রিয় ব্যবসায়ী ছিলেন। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় তাদের অকালমৃত্যু পুরো ব্যবসায়ী সমাজ ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।

জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে বিজয়া দশমী: ব্রহ্মপুত্রের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

শ্বাসকষ্টজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। তার মৃত্যুতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত। তিনি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি মেসে বসবাস করতেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা গেছে, তরিকুল দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তাকে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সে সময় চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার আবার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। শারীরিক জটিলতা বেড়ে গেলে সহপাঠী ও বন্ধুরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, "তরিকুলের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। কিছু বিদায় মেনে নেওয়া খুবই কঠিন। মহান আল্লাহ তরিকুলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।"

এ বিষয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, "বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। জানতে পেরেছি, এর আগেও তার এমন সমস্যা হয়েছিল। গতকাল বাইক চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুর্কি সংসদে সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


তুর্কি সংসদে সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন

সৌদি আরবের হুথি হামলা প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ হিসেবে তুরস্কের এই পদক্ষেপ রিয়াদ ও ইসলামাবাদের সঙ্গে আঙ্কারার কৌশলগত সামরিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তিনটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের যেকোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সদস্যদেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময় তিন দেশের সম্মিলিত প্রতিশ্রুতিগুলি তৎকালীন যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

চলতি মাসের শুরুতে রিয়াদে এই জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা মোতায়েন নিশ্চিত করার বিষয়ে দেশগুলো একমত হয়।

তুরস্কের নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে। তারা সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি রিয়াদের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তির চাহিদা মেটাতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। তাছাড়া লোহিত সাগরে জাহাজ চলাচল ও নৌনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সম্মত হয়েছে দেশটি।

রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বর্তমানে কিরগিজস্তান সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই চুক্তিটি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠাবেন। কমিটিতে জমা দেওয়ার পরই চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

অন্য একটি সূত্রের মতে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানান, এই চুক্তির আওতায় তুর্কির অবদান মূলত সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং অস্ত্রব্যবস্থা সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই জোটের অধীনে অন্য কোনো ধরনের সামরিক মোতায়েন করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

ইয়েমেনের হুথি হামলা মোকাবিলায় তুরস্ক কীভাবে সৌদি আরবকে রক্ষা করতে সহায়তা করতে পারে, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, মক্কা চুক্তি কোনো 'আক্রমণাত্মক চুক্তি' নয়। তুরস্ক অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য নিজ দেশের সেনা পাঠাবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক প্রাণহানি

সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে ড্রোন হামলার ফলে শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলাগুলো জনবহুল বাজার এবং সাধারণ মানুষের ওপর পরিচালিত হয়েছে, এবং অভিযোগ উঠেছে যে, দেশটির সেনাবাহিনী এতে জড়িত।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম কর্ডোফান রাজ্যের দুটি এলাকায় হামলার ফলে অন্তত ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা 'সুদান ওয়ার অবজারভেটরি'র সূত্র অনুযায়ী, এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সংস্থাটি পরিস্থিতির ওপর নজর রাখছে।

অন্যদিকে, সোমবার (১৯ অক্টোবর) আবিয়েইয়ের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর এসেছে। আবিয়েই অঞ্চলের তথ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুদানি সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে যে, সেনাবাহিনীই আবিয়েই এলাকায় হামলাটি চালিয়েছে। তাদের দাবি, ওই বাজারটি আধাসামরিক বাহিনী আরএসএফের জ্বালানি সরবরাহের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

সুদানের তেলসমৃদ্ধ আবিয়েই অঞ্চলটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ চলছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান গঠিত হওয়ার পর থেকে যৌথভাবে পরিচালিত অঞ্চলটির মালিকানা সুরাহা হয়নি। এই হামলার ফলে দক্ষিণ সুদানের সঙ্গে সুদানের কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দক্ষিণ সুদান ইতোমধ্যেই ঘটনার প্রতিবাদ জানাতে সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির আশঙ্কা, এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘ সুদানে অস্ত্র সরবরাহের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তবুও, বিভিন্ন দেশ সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ উভয় পক্ষকেই ড্রোন সরবরাহ করে যাচ্ছে। ফলে রক্তক্ষয়ী এই যুদ্ধে ড্রোন এখন হামলায় ব্যবহারের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিচ সোমবার জানিয়েছেন, ড্রোন হামলার সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে, যা শিশুসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে এবং জরুরি পরিষেবা ব্যাহত করছে।

তিনি আরও জানান, ড্রোন হামলা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশটির অন্তত দুই কোটি মানুষ মারাত্মক খাদ্যসংকটে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় দারফুর ও গ্রেটার কর্ডোফানের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতির বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের পদত্যাগ সাংবিধানিক, আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৭ এম


ইশরাকের পদত্যাগ সাংবিধানিক, আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার অধিকার রাখেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেছেন যে, সংবিধান মেনে পদত্যাগ করাই নিয়ম।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিতে পারেন। ইশরাক নিয়ম মেনে পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয় এবং এখানে আইনের কোন ব্যত্যয় ঘটেনি।

তিনি উল্লেখ করেন, ইশরাক যদি পদত্যাগ না করতেন, তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর জন্য অনুরোধ জানাতেন। এটি সাংবিধানিক বিধানের আওতাধীন।

সরকারের সিদ্ধান্ত ও সুশাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে এবং কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।

মহেশপুর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান রিপন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছা. নার্গিস সুলতানা দ্বীপা, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের একটি উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%