১০:৫৯ এম
যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক শক্তি এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। দুই দেশ এখন নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন প্রযুক্তি ব্যবহারেও একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে।
এরই মধ্যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সচিব এস পল কাপুর এই তথ্যটি জানিয়েছেন।
হুভার ইনস্টিটিউটে ভারত নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস এবং ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড সি মুলফোর্ডও অংশগ্রহণ করেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এস পল কাপুর জানান, ট্রাম্প প্রশাসনের সময় ভারতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরো বেড়েছে।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় বিড়ির বাজার নিয়ে বিরোধে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
তিনি বলেন, এই সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন আরো শক্তিশালী হচ্ছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ভারত এখন প্রতিরক্ষা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতা আরো বাড়ানোর কাজ করছে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে।
গত বছর যুক্তরাষ্ট্র ও ভারত একটি বড় প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামোতে সই করেছে। এই চুক্তির লক্ষ্য হলো স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ এবং সাইবার—সব ক্ষেত্রেই দুই দেশের যৌথভাবে কাজ করার সক্ষমতা আরো শক্তিশালী করা। দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, যৌথ উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও কাজ করছে। গত দুই দশকে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত।
২০০২ সাল থেকে দেশটি অ্যাপাচি ও চিনুক যুদ্ধ হেলিকপ্টার, সি-১৭ ও সি-১৩০জে সামরিক পরিবহন বিমান, পি-৮আই সামুদ্রিক টহল বিমান এবং এম৭৭৭ হাউইটজার কামানসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। এর মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠেছে।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ভারতের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতেও আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন পারমাণবিক বিদ্যুৎ কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ এবং প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ খুঁজছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক খাতের শীর্ষ নির্বাহীদের একটি প্রতিনিধিদল ভারত সফর করেছে। ভারত সরকার ‘শান্তি’ আইন পাস করে পারমাণবিক প্রকল্পে দায়বদ্ধতা-সংক্রান্ত কিছু নিয়ম শিথিল করার পর নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা যাচাই করতেই এই সফরটি করা হয়। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের কৌশলগত অংশীদারত্বকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে।
আরও পড়ুন: কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন