১১:১৬ এম
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিলের কারণ সম্পর্কিত তথ্য খোঁজার কাজ শুরু করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ জুলাই) তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য প্রদান করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, তাদের ভিসা হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে। এই ঘটনার ফলে আমিরাতে রেসিডেন্সি প্রাপ্ত প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
প্রবাসীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দূতাবাস জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়া যায়।
আরও পড়ুন: ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক
এটি কি টেকনিক্যাল কোনো ত্রুটি, নাকি অন্য কোন বিশেষ কারণে ঘটছে, সেটা জানার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে দূতাবাস। দেশটির প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব সংশ্লিষ্ট দপ্তর এই বিষয় সম্পর্কে সচেতন এবং নিয়মিত খোঁজ-খবর রাখছেন।
দেশটির দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সঠিক তথ্য সংগ্রহ করতে পারলে সরকারিভাবে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক এবং বাংলাদেশের পতাকা ব্যবহার করে কিছু অসত্য ও অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। অনেকে এসব তথ্যের সত্যতা না বুঝে শেয়ার করচেন। প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বাংলাদেশ ও আমিরাতের সব আইন-কানুন মান্য করেন এবং শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর আস্থা রাখেন।
আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন