ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এআই বলছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ‘জিতবে’ না!


এআই বলছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ‘জিতবে’ না!

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে আমরা ‘পল দ্য অক্টোপাস’-এর মতো বিখ্যাত সব ভবিষ্যদ্বাণীকারীকে দেখেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিংয়ের এই যুগে ফুটবল বিশ্বকাপের বিজয়ী দল বেছে নেওয়ার পদ্ধতি এখন আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও আধুনিক হয়ে উঠেছে। এরকম এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী নিয়ে এসেছেন অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের অধ্যাপক আখিম জেইলেইস। তিনি একটি জটিল মেশিন লার্নিং অ্যালগরিদম এবং লক্ষাধিক সিমুলেশনের ওপর ভিত্তি করে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম বের করেছেন। আর তার এই মডেলের তথ্য অনুযায়ী, এবারের আসরে শিরোপা জয়ের দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু সবার শীর্ষে অবস্থান করছে না।

অধ্যাপক আখিম জেইলেইসের তৈরি করা এই বিশেষ অ্যালগরিদমটি মূলত দুটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ফুটবলারদের বাজারমূল্য, দলগুলোর শক্তি এবং আন্তর্জাতিক বুকমেকারদের মতামতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদ পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর, দ্বিতীয় ধাপে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এই সব তথ্য ও উপাত্তকে নিখুঁতভাবে সমন্বয় করা হয়। পুরো টুর্নামেন্টের সম্ভাব্য গতিপথ এবং ফলাফল কেমন হতে পারে, তা নিশ্চিত হতে এই মডেলটির মাধ্যমে প্রায় ১ লক্ষ বার টুর্নামেন্টের কৃত্রিম সিমুলেশন বা মহড়া চালানো হয়েছে। আর তাতেই বেরিয়ে এসেছে এবারের বিশ্বকাপের আসল ফেভারিট দলের নাম।

এই অ্যালগরিদমের চূড়ান্ত ফলাফল বলছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের। প্রায় ১৪.৫ শতাংশ সম্ভাবনা নিয়ে স্প্যানিশরাই এবার শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে। স্পেনের ঠিক পেছনেই সমান ১২.৪ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। জার্মানির শিরোপা জেতার সম্ভাবনা ধরা হচ্ছে ১১.২ শতাংশ। ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লিওনেল মেসির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই তালিকার কিছুটা নিচের দিকে রয়েছে। পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৮.৯ শতাংশ এবং আর্জেন্টিনার ক্ষেত্রে এই সম্ভাবনা মাত্র ৮.২ শতাংশ।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

এই ভবিষ্যদ্বাণীতে পৌঁছানোর জন্য মূলত চারটি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, বিগত আট বছরে দলগুলোর সবকটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে তাদের অতীত শক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বুকমেকারদের দেওয়া বাজির দর বা ওডস বিবেচনায় নেওয়া হয়েছে, যা টুর্নামেন্ট নিয়ে বিশেষজ্ঞদের প্রত্যাশাকে ফুটিয়ে তোলে। তৃতীয়ত, ক্লাব ও জাতীয় দলের হয়ে ফুটবলারদের গোল এবং অ্যাসিস্টের অবদানের ভিত্তিতে ব্যক্তিগত রেটিং নির্ধারণ করা হয়েছে। সবশেষে, ট্রান্সফারমার্কেট ওয়েবসাইট থেকে খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে যুক্ত করা হয়েছে। প্রযুক্তির এই যুগে এসে মেশিন লার্নিংয়ের স্পেনের পক্ষে দেওয়া এই রায় কতটুকু সত্যি হয়, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


প্রতিরক্ষা খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েেছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা। এটি বিদায়ী অর্থবছরের তুলনায় ১ হাজার ৮৩৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৬২ কোটি টাকা বরাদ্দ ছিল।

এদিকে, আগামী অর্থবছরে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাস পরে বাড়িতে ফিরলেন সীমান্তে আটক ওই বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


দুই মাস পরে বাড়িতে ফিরলেন সীমান্তে আটক ওই বৃদ্ধ

দুই মাস নিখোঁজ থাকার পর জামালপুর বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে আটক ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪ টায় বকশীগঞ্জ থানা চত্বরে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া-কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনসহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ভাইকে কাছে পেয়ে ভবানী চন্দ্র বর্মন আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে, বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, দুই মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। তিনি কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়টি তাদের জানা নেই।

বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ দিয়ে জোর করে ষষ্ঠী চন্দ্র বর্মনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তিনি শূন্য রেখায় অবস্থান নেন। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়।

দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শূন্য রেখা থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বিজিবি সীমান্ত থেকে উদ্ধার করে ষষ্ঠী চন্দ্র বর্মনকে তাদের কাছে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ফাতেমা হলেন কাতারের প্রধান কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বাংলাদেশের ফাতেমা হলেন কাতারের প্রধান কোচ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা। তার খেলোয়াড়ি ক্যারিয়ার যদিও দীর্ঘ নয়, কিন্তু কোচিংয়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও মজবুত হলো।

২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ফাতেমা তুজ জোহরা। যদিও তিনি খেলোয়াড় হিসেবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে মাত্র তিনটি ওয়ানডে খেলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়।

ক্রিকেটের সঙ্গে তার যুক্ত থাকা কোচিংয়ের মাধ্যমে, তিনি ধীরে ধীরে নিজের নতুন পরিচয় তৈরি করেন। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কোচ হিসেবে কাজ করে অর্জন করেছেন মূল্যবান অভিজ্ঞতা।

জাতীয় পর্যায়ে ফাতেমা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে বাংলাদেশের নারী জাতীয় দলের সহকারী কোচ হওয়ার সুযোগ পান, পরে ২০১৭ সালে একই দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের বাইরে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের সঙ্গে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। এরপর ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন এবং দুই বছর সেখানে কাজ করেন।

এরপর ২০২৪ সালের আগস্টে তিনি চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চীন অধ্যায়ের পর এবার তিনি নতুন দায়িত্ব হিসেবে কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদে যোগ দিলেন।

বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, তিনি ভবিষ্যতে সুযোগ পেলে দেশের জন্যও কাজ করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় প্রতিমন্ত্রীর উদ্যোগে কচুরিপানামুক্ত হচ্ছে বায়নের খাল

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


ভাণ্ডারিয়ায় প্রতিমন্ত্রীর উদ্যোগে কচুরিপানামুক্ত হচ্ছে বায়নের খাল

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ও ইকড়ি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ বায়নের খালের কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে কচুরিপানায় আচ্ছাদিত হয়ে খালটির স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় খালনির্ভর প্রায় ৪০ হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় পানি ব্যবহার, কৃষি সেচ ও দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার ছিলেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর নির্দেশনায় খালটির কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান।

জানা গেছে, সম্প্রতি বায়নের খালের ভয়াবহ অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নজরে আসে। এরপর তিনি সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত কচুরিপানা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ও গুণগতমান ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র বড়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ইউপি সদস্যবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন অবহেলা ও পরিচর্যার অভাবে খালটি প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছিল। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এলাকায় পানি সংকটের পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়ে যায়। খালটির কচুরিপানা অপসারণের মাধ্যমে দুই ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ হাসিবুল হাসান বলেন, “বায়নের খাল ধাওয়া ও ইকড়ি ইউনিয়নের হাজারো মানুষের জীবন-জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে জড়িত। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মহোদয়ের নির্দেশনায় কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো খাল পরিষ্কার করা হবে, যাতে এলাকাবাসী নিরাপদ ও ব্যবহার উপযোগী পানি পায় এবং কৃষি কার্যক্রম স্বাভাবিক থাকে।”

স্থানীয়দের প্রত্যাশা, কচুরিপানা অপসারণ শেষে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আবারও কচুরিপানার দখলে না যায় এবং পানির স্বাভাবিক প্রবাহ দীর্ঘস্থায়ীভাবে বজায় থাকে। এ উদ্যোগের মাধ্যমে দুই ইউনিয়নের হাজারো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%