০৯:৫৪ এম
আর্জেন্টিনাকে ভালোবেসে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রামের ফুটবলপ্রেমীরা। প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা জানাতে গ্রামের প্রায় এক কিলোমিটার সড়ক সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকা, তারকা খেলোয়াড়দের ছবি ও নানা রঙের ব্যানারে। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে মোল্লাকান্দি গ্রামে এখন চলছে উৎসবের আবহ। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সহ দলের জনপ্রিয় খেলোয়াড়দের ছবি। মোড়ে মোড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড ও ফেস্টুন। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নিচ্ছেন এই আয়োজনের আনন্দে।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই মজা করে গ্রামটির নাম ‘আর্জেন্টিনা গ্রাম’ রাখার দাবিও তুলেছেন। পথচারী ও যাত্রীরা এই সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করতে সেখানে থামছেন।
স্থানীয়রা জানান, চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস দিন দিন বাড়ছে। কেউ আর্জেন্টিনার জার্সি পরে ঘুরছেন, কেউ পতাকা নিয়ে মিছিল করছেন। তাদের বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপও নিজেদের ঘরে তুলবে আর্জেন্টিনা।
তবে পুরো গ্রামে আর্জেন্টিনার আধিপত্যের মধ্যেও রয়েছেন একজন ব্রাজিল সমর্থক—খালিদ হাসান। তিনি জানান, তিনি একমাত্র ব্রাজিল সমর্থক হলেও সবার সঙ্গে মিলেমিশেই খেলা উপভোগ করেন।
ব্রাজিল সমর্থক খালিদ হাসান বলেন, “এই গ্রামে আমি একমাত্র অন্য দলের সমর্থক হলেও সবার সঙ্গে মিলেমিশে খেলা দেখি, আনন্দ করি। কেউ কাউকে উসকানিমূলক কথা বলি না, বিষয়টি ভালো লাগে।”
আর্জেন্টিনা সমর্থক মো. আল আমিন বলেন, “গত বিশ্বকাপের মতো এবারও আমরা আশা করছি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় এবার আমাদের আবেগ ও প্রত্যাশা আরও বেশি।”
আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা
সড়ক দিয়ে চলাচলকারী নুর নাহার বেগম বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এমন সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগে। এলাকার মানুষ যে খেলাধুলার প্রতি আগ্রহী, তা এই ছবি ও ব্যানার দেখলেই বোঝা যায়।”
মোল্লাকান্দির এই ব্যতিক্রমী আয়োজন এখন শুধু স্থানীয়দের নয়, আশপাশের এলাকার মানুষের কাছেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন