০৭:৫৯ পি.এম
অসুস্থ হয়ে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন অভিনেতা কাজী উজ্জ্বল। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তিও হয়েছেন কয়েক দফা। সর্বশেষ বছর খানেক ধরে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। কথা বলতে গেলেও তিনি দম রাখতে পারেন না। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি একটি দাবি জানিয়েছেন।
ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি ব্যক্তিগত আর্থিক সহায়তা নয়, বরং ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।
বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিডিওতে কাজী উজ্জ্বল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ’৭৯-তে আমি খাল কেটেছি।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে আমি বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।’
তিনি আরও বলেন, মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন যে, ব্যক্তিগত আর্থিক সহায়তার পরিবর্তে জনগণ ও পরিবেশের কল্যাণে গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করে কাজী উজ্জ্বল একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। এ কারণে তার উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।
অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আশির দশকে চাকরি ছেড়ে তিনি অভিনয়জগতে পা রাখেন। ১৯৮৫ সালে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের হাত ধরে তার মঞ্চনাটকে যাত্রা শুরু হয়। পরে নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য নির্মিত ‘সুপ্রভাত ঢাকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন।
আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত
দীর্ঘ অভিনয়জীবনে কাজী উজ্জ্বল পাঁচ থেকে ছয় শ নাটকে অভিনয় করেছেন। এছাড়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীতে প্রায় ১৫টি চলচ্চিত্রে অভিনয় করে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন