০৩:১৬ এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সকলকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা সতর্ক করে বলেছে, যদি সৌদি আরব সানায় পূর্বঘোষণা অনুযায়ী বিমান হামলা চালায়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে।
এ ক্ষেত্রে সৌদির দাম্মামে আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
আরও পড়ুন: ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক শিল্পকর্ম চোর
এই কারণে সাধারণ জনগণকে এসব স্থাপনা থেকে সরে যেতে এবং সেগুলো থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালানোর ঘোষণা দেন। একইসাথে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলমান রয়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর থেকে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে।
এদিকে, মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেননি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।
আরও পড়ুন: সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর
সানায় সৌদি জোটের সম্ভাব্য হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন