ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া


বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের সামাদ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিমানের টিকিট ও যাত্রার তারিখ দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বিদেশে পাঠানো হয়নি। বরং একাধিকবার ভুয়া টিকিট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. বোরহান উদ্দিন ও মাহাবুবের দাবি, বিদেশে যাওয়ার আশায় তারা সামাদ মিয়াকে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর সামাদ মিয়া তাদের বিদেশে পাঠানোর আশ্বাস দেন এবং বিভিন্ন সময়ে যাত্রার তারিখ উল্লেখ করে বিমানের টিকিট সরবরাহ করেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দেওয়া টিকিট নিয়ে তারা কয়েকবার বিমানবন্দর পর্যন্ত গেলেও বিদেশযাত্রা সম্পন্ন করতে পারেননি। সর্বশেষ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বিদেশে পাঠানোর কথা বলে নতুন করে টিকিট দেওয়া হয়। কিন্তু সেটিও ভুয়া বলে অভিযোগ করেন তারা। এরপর থেকেই সামাদ মিয়া পলাতক রয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি।

আরও পড়ুন: ৩ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান

এদিকে তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সামাদ মিয়ার নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামেও বিদেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহের চেষ্টা চলছে।

ভুক্তভোগীরা তাদের দেওয়া টাকা ফেরত পাওয়া এবং অভিযুক্ত সামাদ মিয়াকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে প্রতারণার অভিযোগ অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অর্থ লেনদেন ও টিকিটের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: আহত হাতিকে সঙ্গী ছাড়েনি, তিন দিন ধরে লোকালয়ে ঘুরছে

তালাশ বিডির পক্ষ থেকে বক্তব্য: অভিযুক্ত সামাদ মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, পুঁজিবাজারে আসতে ইচ্ছুক মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ আর্থিক প্রস্তুতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেন। তাই, বিনিয়োগের পূর্বে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করা আবশ্যক।

সোমবার, বিএসইসি এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ গ্রহণের প্রস্তুতিবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিএসইসি ভবনে দুইদিনের এই কর্মশালা শুরু হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিকাশে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায়। তবে, পুঁজিবাজারে আসার পূর্বে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন, তাই বিনিয়োগের সিদ্ধান্ত যথাযথ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হওয়া জরুরি। এজন্য কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।

বিএসইসি চেয়ারম্যান উদ্যোক্তাদের স্বচ্ছতা, পেশাদার ব্যবস্থাপনা ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানান।

বিএসইসি ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক মূল্যায়ন, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ, বিনিয়োগকারীদের সামনে ব্যবসার পরিকল্পনা উপস্থাপন এবং অর্থায়ন সংগ্রহের প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের প্রশিক্ষক গগনদীপ সিং বকশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রযুক্তিতে পিজ্জার মান যাচাই, ছবি পাঠালে ফ্রি পিজ্জা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


এআই প্রযুক্তিতে পিজ্জার মান যাচাই, ছবি পাঠালে ফ্রি পিজ্জা

পিজ্জা অর্ডার করার পর গ্রাহকরা হাতে পাওয়া পিজ্জার মান যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পিজ্জা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাপা জনস গ্রাহকদের কাছে পিজ্জার ছবি এবং মতামত চেয়ে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ছবি পাঠিয়ে মতামত জানালে গ্রাহকরা বিনামূল্যে একটি পিজ্জা পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে পিজ্জার মান উন্নত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। তারা যাচাই করতে চায়, পিজ্জা সঠিকভাবে রান্না হয়েছে কি না, পনির পুড়ে গেছে কি না, পেপারোনি সসেজের টুকরাগুলো ঠিকভাবে কাটা হয়েছে কি না এবং বাইরের অংশের আকার সঠিক আছে কি না।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর এই প্রচারাভিযান শুরু হয় এবং এটি ২০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম কয়েক দিনে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার ছবি ও মতামত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

পাপা জনসের সিইও টড পেনেগর রয়টার্সকে জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শাখায় পিজ্জার মানের অসংগতি দূর করা সম্ভব হবে। তিনি বলেন, "বিভিন্ন রেস্তোরাঁয় তৈরি পিজ্জার মানে পার্থক্য থাকাটা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির বড় দুর্বলতা।"

কিছু রেস্তোরাঁয় ইতোমধ্যে ক্যামেরার মাধ্যমে পিজ্জার মান যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। এসব ক্যামেরায় এআই ব্যবহার করে পিজ্জার পনির পুড়ে গেছে কি না, পেপারোনি ঠিকভাবে কাটা হয়েছে কি না এবং বাইরের অংশের আকার সঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়।

তবে, প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার রেস্তোরাঁর মধ্যে মাত্র কয়েক শ শাখায় এ ধরনের ক্যামেরা রয়েছে। গ্রাহকদের পাঠানো ছবি ব্যবহার করে আরও বেশি রেস্তোরাঁয় কম খরচে পিজ্জার মান যাচাই করতে চায় প্রতিষ্ঠানটি।

টড পেনেগর জানিয়েছেন, গ্রাহকদের পাঠানো ছবি ও মতামত এক জায়গায় সংরক্ষণ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে আপাতত গ্রাহকদের পাঠানো ছবি দিয়ে মান যাচাইয়ের পদ্ধতিটি ক্যামেরার মতো নির্ভুল নয়।

তিনি আরও জানান, পাপা জনস গুগল ক্লাউডের সঙ্গে যৌথভাবে এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। নতুন এই ব্যবস্থা সেই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নিজেদের উদ্যোগেই তুলনামূলক কম খরচে এটি তৈরি করা সম্ভব হয়েছে।

পাপা জনসের এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন প্রতিষ্ঠানটির বিক্রিতে চাপ দেখা যাচ্ছে। ৫ নভেম্বর প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির বিদ্যমান রেস্তোরাঁগুলোর প্রান্তিক বিক্রি ৬ দশমিক ৫ শতাংশ কমেছে।

টড পেনেগরের মতে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া ছবি ও মতামত বিশ্লেষণ করে কোন সমস্যাগুলো আগে সমাধান করা প্রয়োজন, তা নির্ধারণ করা যাবে। একই সঙ্গে কোন রেস্তোরাঁয় পিজ্জার মান প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, সে বিষয়েও সংশ্লিষ্ট শাখাগুলো স্পষ্ট ধারণা পাবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, গ্রাহকদের সরাসরি মতামত ও এআইয়ের মাধ্যমে ছবি বিশ্লেষণ করে পিজ্জার মান আরও উন্নত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দরপত্র মূল্যায়নে বারিত প্রতিষ্ঠান যাচাই বাধ্যতামূলক: বিপিপিএর নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


দরপত্র মূল্যায়নে বারিত প্রতিষ্ঠান যাচাই বাধ্যতামূলক: বিপিপিএর নতুন নির্দেশনা

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দরপত্র মূল্যায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দরপত্রদাতাদের বারিত (ডিবার্ড) কি না, তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ই-জিপি সিস্টেম এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ওয়েবসাইট থেকে যাচাই করতে হবে।

এছাড়া, যদি কোনো দরপত্রদাতা বারিত হয়ে থাকে, তবে তা দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিপিএ জানায়, বারিত কোনো দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করা বা তার সঙ্গে চুক্তি করা সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। সরকারি ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল ক্রয়কারী এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি ক্রয়ের দরপত্রে অংশগ্রহণের জন্য দরপত্রদাতার আইনি যোগ্যতা থাকা আবশ্যক। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৪ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১৪৯ বিধি অনুযায়ী, কোনো দরপত্রদাতা যদি অফলাইন বা ই-জিপি সিস্টেমে বারিত হয়ে থাকে, তবে সে সরকারি দরপত্রে অংশগ্রহণ বা চুক্তি পাওয়ার সুযোগ হারাবে।

এছাড়া, দরপত্র আহ্বানের পূর্বে যদি কোনো প্রতিষ্ঠান বারিত না থাকে, তবে দরপত্র মূল্যায়নের সময় যদি ক্রয়কারী কর্তৃক বারিত হয়, তবে ওই দরপত্রদাতা চলমান ও ভবিষ্যতে প্রক্রিয়াধীন দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, আইনি বিধান থাকা সত্ত্বেও সম্প্রতি কিছু দরপত্র মূল্যায়ন কমিটি বারিত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করছে। অনুমোদনের পর সংশ্লিষ্ট দরপত্রদাতার সঙ্গে চুক্তি সম্পাদন করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১১৮ বিধির উপবিধি (১৭) অনুযায়ী, যদি কোনো দরপত্রদাতা তার আইনি যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়, তবে তার দরপত্র মূল্যায়নের অযোগ্য হবে।

বারিতের তথ্য যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, দরপত্র মূল্যায়নের সময় মূল্যায়ন কমিটিকে ই-জিপি সিস্টেমের ‘ডিবারমেন্ট’ ট্যাব থেকে অনলাইনে দরপত্রদাতার অবস্থা যাচাই করতে হবে।

এছাড়া, ই-জিপি সিস্টেমের ‘ইভ্যালুয়েশন’ ট্যাবের আওতায় ‘ডিবারমেন্ট স্ট্যাটাস ফ্রম বিপিপিএ ওয়েবসাইট’ তালিকার ‘ভিউ’ লিংকের মাধ্যমে বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ ডিবারমেন্ট তালিকাও পর্যালোচনা করতে হবে।

অর্থাৎ, শুধুমাত্র ই-জিপি সিস্টেমের তথ্যের ওপর নির্ভর না করে বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত অফলাইন তালিকাও যাচাই করতে হবে। যদি কোনো দরপত্রদাতা অনলাইন অথবা অফলাইন-যেকোনো একটি মাধ্যমে বারিত থাকে, তবে তাকে উভয় ক্ষেত্রেই বারিত হিসেবে গণ্য করা হবে। এই অবস্থার তথ্য মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক।

পরিপত্রে সংশ্লিষ্ট সকল ক্রয়কারী এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের সরকারি ক্রয় আইন ও বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে দরপত্র মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি পরিপত্রে স্বাক্ষর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুঃসময়ের ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


দুঃসময়ের ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক। জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে তার পরিবারের জন্য ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, জেলা পরিষদের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রেজওয়ান ইসলাম মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে সাবেক ছাত্রদল নেতা মুকুলের ইজিবাইক চালিয়ে সংসার চালানোর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিষয়টি জানার পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজওয়ান ইসলাম মুকুল। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হয়েও জীবিকার তাগিদে ইজিবাইক চালানোর পেশা বেছে নিতে হয়েছে। বর্তমানে প্রতিদিন ইজিবাইক চালিয়ে পরিবারের খরচ মেটাচ্ছেন তিনি। মুকুল কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।

রেজওয়ান ইসলাম মুকুল বলেন, "একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে পরিবারের ভরণপোষণের জন্য ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছি। জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আমি কৃতজ্ঞ। এ সহায়তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।"

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, "রেজওয়ান ইসলাম মুকুল একসময় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন বিষয়টি জানার পর তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%