ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০


চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষা সফরে যাওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় একটি বাস দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার ভোরে আনুমানিক সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। যাত্রাপথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন

দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, মাদরাসা থেকে আমাদের কাছে কোন অনুমতির আবেদন করেনি এবং আমাদেরকে মৌখিকভাবে জানায়নি। আমি অধ্যক্ষের সাথে কথা বলেছি।

আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সরকারের ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর বর্তমানে রুট দুটির বিস্তারিত নকশা তৈরির প্রক্রিয়া চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান মন্তব্য করেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্কের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পরিবেশবান্ধব, টেকসই এবং দক্ষ পরিবহন ব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচলকে সহজতর করবে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রীদের চাহিদা বেশি, সেসব এলাকার চলাচল আরো সহজ হবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান এবং পরিকল্পনায় থাকা মেট্রো রেল ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। বিশেষ করে মেট্রো রেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশে যাতায়াত সহজ করতে এসব সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা ইতোমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছেন। এখন বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত দুটি রুট নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যাত্রী চাহিদা, সম্ভাব্য সুফল এবং আর্থিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে।

ডিটিসিএ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলের মডেল ভিত্তিক সমীক্ষা পরিচালনা করে যাত্রী চাহিদা নিরূপণ করেছে। পরে বিশ্লেষণের জন্য এসব তথ্য বুয়েটের পরামর্শকদের কাছে পাঠানো হয়েছে বলে জানান মশিউর রহমান।

তিনি বলেন, ঢাকা মহানগর অঞ্চলে গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেল রুটের সমন্বয় এবং এর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ‘কনসালট্যান্সি সার্ভিস ফর প্রি-ফিজিবিলিটি স্টাডি অব মনোরেল অ্যালাইনমেন্ট ইন্টিগ্রেশন উইথ মাস ট্রানজিট নেটওয়ার্কস ইন ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন’ শীর্ষক পরামর্শক চুক্তি করেছে।

বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা ও প্রস্তাবিত দুটি মনোরেল রুটের বিস্তারিত নকশা প্রণয়নে সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

এ সমীক্ষার লক্ষ্য হলো ঢাকায় মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর সম্ভাব্যতা যাচাই করা এবং বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রো রেলসহ অন্যান্য গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে এর কার্যকর সংযোগের উপায় নির্ধারণ করা।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি অগ্রাধিকারপ্রাপ্ত রুট তিন মাসের মধ্যে নির্বাচন এবং পুরো সমীক্ষা ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

গণপরিবহন ব্যবস্থার এমআরটি লাইনগুলোতে ফিডার সার্ভিস হিসেবে বাস চলাচলের সুযোগ সীমিত—এমন এলাকাগুলো বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে পাঁচটি রুট চিহ্নিত করা হয়েছে।

প্রস্তাবিত রুটগুলো হলো পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা (২৫ দশমিক ২ কিলোমিটার), মধ্য বাড্ডা-ভুলতা (১৪ দশমিক ৬ কিলোমিটার), রামপুরা-ডেমরা (১০ দশমিক ৩ কিলোমিটার), মোহাম্মদপুর-পোস্তগোলা (১১ দশমিক ৭ কিলোমিটার) এবং উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার (১৭ দশমিক ৬ কিলোমিটার)।

এছাড়া প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত ৯টি স্টেশনসহ মনোরেল-৮, আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও অথবা শ্যামলী পর্যন্ত ১০টি স্টেশনসহ মনোরেল-১০ এবং পল্টন থেকে সদরঘাট অথবা ঝিলমিল পর্যন্ত ৬ বা ১১টি স্টেশনসহ মনোরেল-১৩ এর কথা উল্লেখ রয়েছে।

বুয়েটের এক পরামর্শক জানান, মহানগর এলাকার জন্য প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়ে তারা বিভিন্ন এলাকার জনসংখ্যা, স্টেশনগুলোর সম্ভাব্য যাত্রী-আকর্ষণ এলাকা, গণপরিবহন সেবার অপ্রাপ্যতা, যানজটপূর্ণ এলাকা, ডিপো নির্মাণের জন্য জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ পর্যালোচনা করেছেন।

তিনি বলেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীতে সমন্বিত, দক্ষ এবং টেকসই গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে।

সরকারি অর্থায়নে পরিচালিত এ সমীক্ষায় রুটের অবস্থান, সম্ভাব্য স্টেশন ও ডিপোর স্থান, যাত্রীচাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে।

মনোরেল হলো সেই পরিবহন ব্যবস্থা, যা উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচল করে। তাই ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে, যেখানে সড়কের জায়গা সীমিত এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে প্রচলিত গণপরিবহন অবকাঠামো নির্মাণ কঠিন হতে পারে, সেখানে এ ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা যাচাই করছে ডিটিসিএ।

সমীক্ষায় নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা, পরিচালন ব্যয় এবং প্রস্তাবিত ব্যবস্থার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক যৌক্তিকতাও মূল্যায়ন করা হবে। এ কাজে দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।

রাজধানীর যানজট কমানো এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ঢাকায় মনোরেল চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জনপ্রশাসন সচিব বরেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারিত প্ল্যাটফর্ম চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। নোয়াখালী বাসীর যাতায়াত সুবিধার জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ও নতুন বরাদ্ধকৃত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রে খুব শীঘ্রই চালু করা হবে।

রেলপথ আধুনিকায়নের বিষয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে। ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা আপাতত আটকে আছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ (প্রতিটি প্রায় ৫০ কোটি টাকা) ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। ইঞ্জিন ও কোচ হস্তান্তরিত হলে বর্তমানে চলন্ত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কাজ পুরোপুরি প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: ৭ নভেম্বরেই জাতি প্রকৃত স্বাধীনতা ফিরে পায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


রিজভী: ৭ নভেম্বরেই জাতি প্রকৃত স্বাধীনতা ফিরে পায়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায়। তিনি উল্লেখ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির ফলে জাতি নতুন করে পথের দিশা পায়।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে সংঘাত ও রক্তপাতের কারণে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। পুরো দেশ তখন অনিশ্চয়তা ও অন্ধকারে ঢেকে যায়।

তিনি বলেন, সেই সময়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ ফিরে পাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই প্রত্যাশা পূরণ করেছিলেন।

রিজভী আরও জানান, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এর ফলে স্বাধীনভাবে বিকশিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়। দেশের মানুষ চরম অরাজকতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়।

তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মাধ্যমে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্র ফিরে পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিশংসনের পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


অভিশংসনের পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া

প্যারাগুয়ের ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে গৃহবন্দি করা হয়েছে, মাত্র কয়েক মিনিট আগে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার পর। ব্যাপক আর্থিক কেলেঙ্কারি ও তীব্র রাজনৈতিক সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি বিতর্কিত ব্যাংককে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, এই ঘটনার ফলে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন।

তদন্তে দেখা গেছে, পেনিয়ার প্রশাসন উয়েনো ব্যাংককে বাড়তি সুবিধা দেওয়ার পর ব্যাংকটি দ্রুত প্রসার লাভ করে। কিন্তু সম্প্রতি অনিয়মের অভিযোগে ব্যাংকটির কার্যক্রম স্থগিত হওয়ায় এর প্রায় ২৯ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট জব্দ করা হয়। এটি দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। এর ফলে গ্রাহকরা মৌলিক চাহিদা মেটানোর জন্যও নিজেদের টাকা তুলতে পারছেন না। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনাও ঘটে।

গত সপ্তাহে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়ে শুক্রবার (৬ নভেম্বর) পেনিয়ার গ্রেপ্তারের নির্দেশ জারির মাধ্যমে শেষ হয়। এর মধ্যেই তার ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন নেতা হিসেবে শপথ নেন। পেনিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলির কার্যালয়।

বিশ্লেষকদের মতে, উয়েনো ব্যাংকে রাষ্ট্রীয় ও পেনশন তহবিল থেকে প্রায় ৮০ থেকে ৮৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল। প্রেসিডেন্ট পেনিয়ার ব্যাংকটির মূল সংস্থায় প্রায় ১০ লাখ ডলারের শেয়ার ছিল, যা তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে বিক্রি করেন। এই কেলেঙ্কারির কারণে জনরোষ চরমে পৌঁছালে এবং খুচরা বিক্রি ৮০ শতাংশ পর্যন্ত কমে গেলে পেনিয়া তার দলের সমর্থন হারান। বিরোধী সিনেটররা এটিকে প্যারাগুয়ের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বৃহত্তম দুর্নীতি ও জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন।

এদিকে আর্জেন্টিনার পালিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও পেনিয়া নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত আইনি সুরক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ায় তাকে সাধারণ আদালতের মুখোমুখি হতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%