ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে ৭৪ জন গ্রেফতার


চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে ৭৪ জন গ্রেফতার

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার স্বনামধন্য ইনচার্জ সনজিত চন্দ্র নাথ সততার সহিত দীর্ঘদিন কাজ করে আসছেন আর কাজে কাউনিয়া থানার আশপাশের জনগণ খুব খুশি হয়েছে

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এই অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। হাইমচর থানা পুলিশ ২ পিস এবং মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

আরও পড়ুন: নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সব মিলিয়ে, মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলবে কিনা দেখছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলবে কিনা দেখছে ইরান

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বিষয়ক উপদেষ্টা আলী আল-থাওয়াদি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আনে কি না, তা দেখার জন্য ইরানি নেতারা অপেক্ষা করছেন। তিনি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

আল-থাওয়াদি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠিকে ইরান সম্মানের নিদর্শন হিসেবে দেখছে। তেহরান যুদ্ধকে একটি ‘ভুল’ হিসেবে উল্লেখ করায় ভ্যান্সের বক্তব্যেরও প্রশংসা করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলই ইরানের বিষয়ে প্রায় এক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানি নেতারা আশা করছেন, যুক্তরাষ্ট্র যেন এই অভিন্ন বিষয়ের ওপর দেওয়া তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ ৩৫ বছরের রেকর্ড ভাঙল, আক্রান্ত ৫১৮২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ ৩৫ বছরের রেকর্ড ভাঙল, আক্রান্ত ৫১৮২

যুক্তরাষ্ট্রে হাম রোগ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। চলতি ২০২৬ সালে দেশটিতে হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। এটি ১৯৯১ সালের পর গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংক্রমণের সংখ্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সংক্রমণের পাশাপাশি দেশে ঘটছে মৃত্যুর ঘটনাও।

শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম আক্রান্তদের মধ্যে ৫৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) হালনাগাদ করা তথ্য অনুযায়ী, সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। এই সপ্তাহে হাম-সংশ্লিষ্ট ষষ্ঠ মৃত্যুর ঘটনাও ঘটেছে সেখানে।

পেনসিলভানিয়ার পর সাউথ ক্যারোলাইনা ও ইউটাহতে হাম আক্রান্তের সংখ্যা দ্বিতীয় সর্বাধিক। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাউথ ক্যারোলাইনায় আক্রান্তের সংখ্যা ৬৭০ এবং ইউটাহতে ৫৩৬।

এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) উইসকনসিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্কে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হাম-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে, হামজনিত মৃত্যুর তথ্য নিয়ে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যানে অমিল রয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র চলতি বছরে হাম-সংশ্লিষ্ট চারটি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে, কিন্তু মৃত্যুর স্থান জানায়নি সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর হিসাব রাখার পদ্ধতি পরিবর্তন করেছে। পূর্বে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের তথ্য ব্যবহার করা হলেও এখন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে দেশটিতে হাম-সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল সংস্থাটি।

বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ২০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩২। ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ২ হাজার ১০৪ জন এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৯০৮ জন আক্রান্ত হয়েছে। চলতি বছরে দেশজুড়ে নতুন করে ৪৩টি হাম সংক্রমণের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

এদিকে, সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০০০ সাল থেকে দেশটি হাম নির্মূলের স্বীকৃতি ধরে রেখেছে। তবে আগামী সপ্তাহে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্র এখনও হাম নির্মূলের শর্ত পূরণ করছে কি না।

সূত্র: রয়টার্স , যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় দিনে দুই জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ২ হাজার ১০০ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


তৃতীয় দিনে দুই জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ২ হাজার ১০০ পর্যটক

পর্যটন মৌসুমের শুরুতে সেন্টমার্টিনে যাতায়াতের সুযোগ পাওয়ার ফলে দ্বীপে পর্যটকদের আগমন বৃদ্ধি পাচ্ছে। শনিবার (৭ নভেম্বর) তৃতীয় দিনে, দুটি পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফে করে প্রায় ২ হাজার ১০০ পর্যটক সেন্টমার্টিনের দিকে রওনা দিচ্ছেন। তারা সকালে কক্সবাজার বিআইডব্লিউটিআই ঘাট থেকে জাহাজে উঠেছেন।

প্রথম দুই দিনে পর্যটকদের যাতায়াতের কারণে সেন্টমার্টিন দ্বীপজুড়ে একটি আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর পর্যটকদের আগমনে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দ্বীপবাসীর এই আনন্দময় পরিবেশ পর্যটকদের মধ্যেও বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। ফলে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যদি আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে আগামী দিনগুলোতে পর্যটকদের যাতায়াত আরও বৃদ্ধি পেতে পারে। এতে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি এবং সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৬ নভেম্বর) তারিখে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বিভিন্ন উৎস থেকে অভিযোগ এসেছে। এই প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এছাড়া, নির্দেশনায় আরও বলা হয়েছে যে, এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%