ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মাদক-অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই : প্রতিমন্ত্রী সোহেল মনজুর


মাদক-অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

 

 

 

 

আরও পড়ুন: ঝালকাঠিতে ওসির বদলি আদেশের প্রতিবাদে থানার সামনে মানববন্ধন
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোন বিকল্প নেই। আধুনিকতার উৎকর্ষতায় আধুনিক ডিভাইস হাতে পেয়ে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদেরকে খেলার মাঠ মুখি করতে হবে। 
 
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। স্টেডিয়াম বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলার জন্য স্টেডিয়াম বাস্তবায়ন হলে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য প্রতিটি নাগরিক খেলাধুলার সুযোগ পাবেন। এতে অপরাধ প্রবণতা কমে যাবে।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ধ্যার পরে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করলে পুলিশ ধরে থানায় নিয়ে যাবেন। পরবর্তীতে তার বাহিরে যাবার প্রকৃত কারণ সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইবেন তার অভিভাবকের কাছে। আশানুরূপ ব্যাখ্যা না দিতে পারলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 
 
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ব্যক্তিগত ও পছন্দের প্রতিনিধি নেই। আমার নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি যদি সুবিধা নিতে চায় তাকে বয়কট করবেন। এছাড়াও কোন সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে তোলা কোন ছবি ব্যবহার করবেন না।
 
এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন।
 
পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্টহাউসের উদ্বোধন করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌরসভার সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠী পৌরসভার সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসানসহ খেলা কমিটির আহবায়ক সাব্বির আহমেদ ও অন্যান্যরা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় সার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশ নেবে ছয় দেশের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ঢাকায় সার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশ নেবে ছয় দেশের প্রতিনিধিদল

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের লক্ষ্যে বিএনপি সরকারের উদ্যোগের অংশ হিসেবে ঢাকায় আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি সার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে সার্কের ছয়টি দেশের সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

সরকার বিভিন্ন সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে তার অঙ্গীকারের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের বৃহত্তর স্বার্থে সার্ককে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেছেন।

নির্বাচনের পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ সার্কের উদ্যোক্তা দেশ। স্বাভাবিকভাবেই আমরা সার্ক পুনরুজ্জীবিত করতে চাই। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে উদ্যোগ নেবে। সরকার গঠনের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে।’

১৯৮০-এর দশকের শুরুতে বাংলাদেশের উদ্যোগেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ধারণা উত্থাপিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্যোগের প্রস্তাব ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের নেতাদের স্বাক্ষরের মাধ্যমে সংস্থাটির সনদ কার্যকর হয়।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সার্ক পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে শান্তি ও আঞ্চলিক সংহতি এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষা সফরে যাওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় একটি বাস দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার ভোরে আনুমানিক সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। যাত্রাপথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।

দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, মাদরাসা থেকে আমাদের কাছে কোন অনুমতির আবেদন করেনি এবং আমাদেরকে মৌখিকভাবে জানায়নি। আমি অধ্যক্ষের সাথে কথা বলেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সরকারের ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর বর্তমানে রুট দুটির বিস্তারিত নকশা তৈরির প্রক্রিয়া চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান মন্তব্য করেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্কের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পরিবেশবান্ধব, টেকসই এবং দক্ষ পরিবহন ব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচলকে সহজতর করবে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রীদের চাহিদা বেশি, সেসব এলাকার চলাচল আরো সহজ হবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান এবং পরিকল্পনায় থাকা মেট্রো রেল ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। বিশেষ করে মেট্রো রেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশে যাতায়াত সহজ করতে এসব সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা ইতোমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছেন। এখন বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত দুটি রুট নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যাত্রী চাহিদা, সম্ভাব্য সুফল এবং আর্থিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে।

ডিটিসিএ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলের মডেল ভিত্তিক সমীক্ষা পরিচালনা করে যাত্রী চাহিদা নিরূপণ করেছে। পরে বিশ্লেষণের জন্য এসব তথ্য বুয়েটের পরামর্শকদের কাছে পাঠানো হয়েছে বলে জানান মশিউর রহমান।

তিনি বলেন, ঢাকা মহানগর অঞ্চলে গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেল রুটের সমন্বয় এবং এর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ‘কনসালট্যান্সি সার্ভিস ফর প্রি-ফিজিবিলিটি স্টাডি অব মনোরেল অ্যালাইনমেন্ট ইন্টিগ্রেশন উইথ মাস ট্রানজিট নেটওয়ার্কস ইন ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন’ শীর্ষক পরামর্শক চুক্তি করেছে।

বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা ও প্রস্তাবিত দুটি মনোরেল রুটের বিস্তারিত নকশা প্রণয়নে সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

এ সমীক্ষার লক্ষ্য হলো ঢাকায় মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর সম্ভাব্যতা যাচাই করা এবং বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রো রেলসহ অন্যান্য গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে এর কার্যকর সংযোগের উপায় নির্ধারণ করা।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি অগ্রাধিকারপ্রাপ্ত রুট তিন মাসের মধ্যে নির্বাচন এবং পুরো সমীক্ষা ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

গণপরিবহন ব্যবস্থার এমআরটি লাইনগুলোতে ফিডার সার্ভিস হিসেবে বাস চলাচলের সুযোগ সীমিত—এমন এলাকাগুলো বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে পাঁচটি রুট চিহ্নিত করা হয়েছে।

প্রস্তাবিত রুটগুলো হলো পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা (২৫ দশমিক ২ কিলোমিটার), মধ্য বাড্ডা-ভুলতা (১৪ দশমিক ৬ কিলোমিটার), রামপুরা-ডেমরা (১০ দশমিক ৩ কিলোমিটার), মোহাম্মদপুর-পোস্তগোলা (১১ দশমিক ৭ কিলোমিটার) এবং উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার (১৭ দশমিক ৬ কিলোমিটার)।

এছাড়া প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত ৯টি স্টেশনসহ মনোরেল-৮, আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও অথবা শ্যামলী পর্যন্ত ১০টি স্টেশনসহ মনোরেল-১০ এবং পল্টন থেকে সদরঘাট অথবা ঝিলমিল পর্যন্ত ৬ বা ১১টি স্টেশনসহ মনোরেল-১৩ এর কথা উল্লেখ রয়েছে।

বুয়েটের এক পরামর্শক জানান, মহানগর এলাকার জন্য প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়ে তারা বিভিন্ন এলাকার জনসংখ্যা, স্টেশনগুলোর সম্ভাব্য যাত্রী-আকর্ষণ এলাকা, গণপরিবহন সেবার অপ্রাপ্যতা, যানজটপূর্ণ এলাকা, ডিপো নির্মাণের জন্য জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ পর্যালোচনা করেছেন।

তিনি বলেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীতে সমন্বিত, দক্ষ এবং টেকসই গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে।

সরকারি অর্থায়নে পরিচালিত এ সমীক্ষায় রুটের অবস্থান, সম্ভাব্য স্টেশন ও ডিপোর স্থান, যাত্রীচাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে।

মনোরেল হলো সেই পরিবহন ব্যবস্থা, যা উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচল করে। তাই ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে, যেখানে সড়কের জায়গা সীমিত এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে প্রচলিত গণপরিবহন অবকাঠামো নির্মাণ কঠিন হতে পারে, সেখানে এ ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা যাচাই করছে ডিটিসিএ।

সমীক্ষায় নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা, পরিচালন ব্যয় এবং প্রস্তাবিত ব্যবস্থার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক যৌক্তিকতাও মূল্যায়ন করা হবে। এ কাজে দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।

রাজধানীর যানজট কমানো এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ঢাকায় মনোরেল চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জনপ্রশাসন সচিব বরেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারিত প্ল্যাটফর্ম চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। নোয়াখালী বাসীর যাতায়াত সুবিধার জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ও নতুন বরাদ্ধকৃত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রে খুব শীঘ্রই চালু করা হবে।

রেলপথ আধুনিকায়নের বিষয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে। ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা আপাতত আটকে আছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ (প্রতিটি প্রায় ৫০ কোটি টাকা) ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। ইঞ্জিন ও কোচ হস্তান্তরিত হলে বর্তমানে চলন্ত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কাজ পুরোপুরি প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%