ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইরান


হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইরান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার, সামরিক উপদেষ্টা, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন–সংক্রান্ত সরঞ্জাম পাঠিয়েছে ইরান। গত ১৩ জুলাই তেহরান থেকে ‘মাহান এয়ার’-এর একটি বিশেষ ফ্লাইটে এসব সামরিক সরঞ্জাম ও আইআরজিসি সদস্যরা ইয়েমেনে পৌঁছান।

এ বিষয়ে সরাসরি জানাশোনা আছে এমন চারটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রগুলোর মধ্যে দু’জন ইরানি কর্মকর্তা, ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন। তাদের ভাষ্যমতে, লোহিত সাগরে হুতিদের সামরিক সক্ষমতা বাড়াতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায়, ইরান তার মিত্র হুতিদের এমনভাবে শক্তিশালী করতে চাইছে, যাতে তারা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে আরো কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ইরানের দু’জন কর্মকর্তা জানান, বিমানটিতে ১০ থেকে ২১ জন আইআরজিসি সদস্য ছিলেন। তাদের মধ্যে জ্যেষ্ঠ কমান্ডাররাও ছিলেন। বিমানটির মূল গন্তব্য ছিল হুতিনিয়ন্ত্রিত রাজধানী সানা। কিন্তু সৌদি–সমর্থিত ইয়েমেনি সরকারের হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হলে ফ্লাইটটির পথ পরিবর্তন করে হুতিনিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে অবতরণ করানো হয়।

একটি সূত্র জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা বিষয়ে হুতিদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের সামরিক অভিযানে সহায়তা করাই এই কমান্ডারদের মূল উদ্দেশ্য। একই সঙ্গে হুতিদের কার্যক্রমে অর্থায়নের জন্য উড়োজাহাজটিতে করে স্বর্ণও পাঠানো হয়েছে বলে ওই সূত্র দাবি করেছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তেহরান দীর্ঘদিন ধরেই হুতিদের সামরিক ও ক্ষেপণাস্ত্র সহায়তার অভিযোগ অস্বীকার করে আসছে।

অভিযোগটি অস্বীকার করেছেন ওই বিমানের যাত্রী ও হুতিদের সংবাদমাধ্যম–বিষয়ক কর্মকর্তা আবদেল রহমান আল-আহনোমি। সামরিক বিশেষজ্ঞ পাঠানোর তথ্যকে ‘মিথ্যা ও মনগড়া’ দাবি করে তিনি বলেন, বিমানটিতে শুধু বেসামরিক যাত্রীরাই ছিলেন। হুতিরা বরাবরই ইরানের ‘প্রক্সি’ বা ছায়া বাহিনী হিসেবে কাজ করার কথা অস্বীকার করে দাবি করে আসছে, তারা নিজেরাই নিজেদের অস্ত্র তৈরি করে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

অন্যদিকে, ইয়েমেনের সৌদি–সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির সদস্য ও সামরিক সরঞ্জাম ইয়েমেনে আনা হয়েছে। এর মূল উদ্দেশ্য হুতিদের সামরিক শক্তি বাড়ানো এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ নিরাপত্তার জন্য সংকট তৈরি করা।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মুজাহেম আলসালুম জানান, বিমানটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যন্ত্রাংশ ছিল। এসব সরঞ্জাম এর আগেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

ফ্লাইটটি ইয়েমেনে পৌঁছানোর তিন দিন পর যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। এর জবাবে লোহিত সাগরের তেল পরিবহন পথ বন্ধের জন্য প্রস্তুত থাকতে হুতিদের প্রতি আহ্বান জানায় তেহরান। এরপরই গত সোমবার হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। ১৩ জুলাই সানা বিমানবন্দরে সৌদি–সমর্থিত বাহিনীর হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হুতিদের দাবি।

গত বৃহস্পতিবার হুতিরা আরো দাবি করে, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় লোহিত সাগরের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য পথ নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

এর আগে চলতি মাসের শুরুতে হুতিরা সানা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছিল, এর মাধ্যমে ইয়েমেনের ওপর আরোপিত সৌদি অবরোধের প্রভাব কমানো সম্ভব হবে।

এদিকে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় অংশ নেওয়া হুতি প্রতিনিধিদল এবং তেহরানে চিকিৎসা নেওয়া ইয়েমেনি নাগরিকদের ফিরিয়ে দেওয়াই ছিল ১৩ জুলাইয়ের ফ্লাইটটির একমাত্র উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ এম


মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। 

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর দু’জন হলেন- ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। 

পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।

এ ঘটনায় গুলিবিদ্ধ নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামের নতুন কোচ হয়েছেন ডাচদের সাবেক অধিনায়ক বোমেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ এম


বেলজিয়ামের নতুন কোচ হয়েছেন ডাচদের সাবেক অধিনায়ক বোমেল

বেলজিয়ামের নতুন কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন বোমেল। ছবিটি আছে এক্স থেকে।

সমঝোতার মাধ্যমে বেলজিয়ামের কোচের পদ ছেড়েছেন রুডি গার্সিয়া। ৬২ বছর বয়সী কোচের বিদায়ের পর, নতুন কোচ হচ্ছেন মার্ক ফন বোমেল, সে ব্যাপারে গুঞ্জন শুরু হয়।

এখন সেটি সত্যি হয়েছে। গার্সিয়ার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন বোমেল। ৪৯ বছর বয়সী কোচ ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের ডাগআউটে থাকবেন। আগামী ১৫ আগস্ট তিনি দায়িত্ব বুঝে নেবেন।

চুক্তি সম্পর্কে উভয় পক্ষই নিশ্চিত করেছে। বেলজিয়ামের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছেন বোমেল। নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক জানান, ‘বেলজিয়ামের কোচ হতে পারাটা সত্যি সম্মানের। বেলজিয়াম দলে দুর্দান্ত সব খেলোয়াড় এবং প্রতিভাবান তরুণ রয়েছে।

আমি কোচিং স্টাফদের সঙ্গে এমন একটি দল গড়তে চাই— যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট সাহসী।’

এটি বোমেলের জন্য প্রথমবারের মতো জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ। ২০১৮-১৯ মৌসুমে পিএসভি আইন্দহোভেন দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে বোমেল, সর্বশেষ কাজ করেছেন বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের হয়ে। ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত তিনি দলটিকে বেলজিয়ান প্রো লিগ, বেলজিয়ান কাপ ও বেলজিয়ান সুপার কাপ জিতিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’-চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ এম


‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’-চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।

শুক্রবার, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, “সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বস্ত করেছেন যে, কোনও অবস্থাতে চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা অস্ত্র বিক্রি করবে না।”

ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে, তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। তাই ট্রাম্প বিশ্বাস করেন যে, রাশিয়া ও চীন ইরান যুদ্ধে অংশ নিচ্ছে না। কিন্তু তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা (অংশগ্রহণ) করত, তাহলে সেটি তাদের জন্য খুব খারাপ হত। এটি নিশ্চিতভাবেই তাদের সর্বোত্তম স্বার্থে হত না।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। এখনও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত চারজন জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এরপর, এই হামলায় রাশিয়ার ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। তারা দেখছে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে কিভাবে তেহরানকে সিআইএ- এর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে, অথবা কোনও তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে কিনা।

ক্রেমলিন বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদ নবী ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ এম


মোহাম্মদ নবী ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান

আগামী ৫ আগস্ট ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। একই মাঠে ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচের পর উভয় দল বেলফাস্টে পাড়ি জমাবে। সেখানে ১০, ১২ এবং ১৫ আগস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইরিশ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) অংশ নিতে তিনি দলে নেই। জিএসএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। গত মাসে ভারত সফরে যাওয়া দলের তালিকায় ছিলেন না ফরিদুল হক মালিক ও বিলাল সামি। আর চোটের কারণে দলে জায়গা পাননি স্পিনার মুজিব উর রহমান।

পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য দলে ফিরিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকী, ইয়ামিন আহমদজাই এবং সেলিম শাফিকে। দীর্ঘদিনের পর দলে ফেরা ফারুকী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন এই পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি। আহমদজাই ২০২২ সালের নভেম্বরে আফগানিস্তানের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রহমত শাহ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমানউল্লাহ গুরবাজ। ২০২১ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে সহ-অধিনায়কের ভূমিকা পালন করে আসছেন রহমত শাহ। তিনি ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৫.২২ গড় অর্থাৎ ৪,১২১ রান)।

অধিনায়কত্ব ছাড়ার পর এই সিরিজে সাধারণ খেলোয়ার হিসেবে মাঠে নামছেন হাশমাতুল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে গত মাসে ভারতে অনুষ্ঠিত সিরিজ পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আফগানিস্তান স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমাতুল্লাহ শহীদি, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গজানফর, ইয়ামিন আহমদজাই, সেলিম শাফি, ফজলহক ফারুকী ও জিয়া উর রহমান শরিফী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%