ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মূল্যস্ফীতি ও যুদ্ধের যাঁতাকলে দিশেহারা তেহরানের তরুণেরা


মূল্যস্ফীতি ও যুদ্ধের যাঁতাকলে দিশেহারা তেহরানের তরুণেরা

যুদ্ধ শুরুর ছয় মাস পর তীব্র অর্থনৈতিক সংকট আর ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের খোঁজার এক অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে ইরানিরা। একদিকে মার্কিন-ইসরায়েলি জোটের হামলার ধ্বংসলীলা, অন্যদিকে আকাশছোঁয়া মূল্যস্ফীতি—সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক চরম স্থবিরতা ও হতাশা।

তেহরানের কেন্দ্রস্থলে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেন ৩৩ বছর বয়সী বিজন। আল জাজিরাকে তিনি জানান, তিন বছর আগেও তার মাসিক বেতন ছিল এক হাজার ডলারের বেশি। কিন্তু মূল্যস্ফীতি তার আয়ের বড় অংশই কেড়ে নিয়েছে। তিনি বলেন, তিনবার বেতন বাড়ার পরও আমার বর্তমান বেতন ৫০০ ডলারের নিচে নেমে এসেছে। পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে, এক দশক আগে স্নাতক শেষ করেই দেশ না ছাড়ার জন্য এখন আক্ষেপ করেন এই তরুণ।

রাজধানীর আরেক তরুণ সাসানের কণ্ঠেও একই হতাশার সুর। তার মতে, যখনই বাইরের আন্তর্জাতিক চাপ বাড়ে, তখনই দেশের ভেতরে কর্তৃপক্ষ নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করে। সাসান বলেন, মাঝেমধ্যে আমি চরম হতাশার যন্ত্রণা অনুভব করি। সবসময় চেষ্টা করে যাচ্ছি, অথচ দেখছি সবকিছুই আমার বিরুদ্ধে যাচ্ছে। নিজের ভবিষ্যৎ এখন আর নিজের হাতে নেই।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তরুণদের এই অর্থনৈতিক ও মানসিক পঙ্গু দশার পাশাপাশি দেশটিতে চলছে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৭ হাজার ২৫০ জনকে উদ্ধার করেছে ইরানের রেড ক্রিসেন্ট।

সংস্থাটির ইরানি শাখার প্রধান পীরহোসেন কোলিভান্দ জানান, বিমান হামলার মতো চরম বৈরী ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীদের কাজ করতে হচ্ছে। তবে এই যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রেড ক্রিসেন্ট নীরব থাকবে না। মানবিক অবকাঠামোর ওপর হওয়া হামলার প্রমাণ এরই মধ্যে আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোতে পাঠানো হয়েছে এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিডিপ্রতিদিন/কেকে

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে অ্যাপলকে ৩৫০ বিলিয়ন থেকে ৪ ট্রিলিয়ন ডলারে নিয়ে গেলেন টিম কুক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:২০ পি.এম


যেভাবে অ্যাপলকে ৩৫০ বিলিয়ন থেকে ৪ ট্রিলিয়ন ডলারে নিয়ে গেলেন টিম কুক

২০১১ সালের আগস্ট মাস। স্বাস্থ্যগত কারণে স্টিভ জবস যখন অ্যাপল ছাড়েন, তখন কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব কাঁধে তুলে নেন টিম কুক। অনেকেই তখন সন্দিহান ছিলেন। কারণ কুক পরিচিত ছিলেন সাপ্লাই-চেইন বিশেষজ্ঞ হিসেবে। তিনি কি জবসের মতো উদ্ভাবনী ধারা ধরে রাখতে পারবেন? ১৫ বছর পর আজ টিম কুক যখন পদত্যাগ করছেন, তখন সেই প্রশ্নের অকাট্য উত্তর দিচ্ছে পরিসংখ্যান।

কুকের এই দীর্ঘ মেয়াদে অ্যাপলের বাজার মূলধন ৩৫০ বিলিয়ন ডলার থেকে আকাশ ছুঁয়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি দায়িত্ব নেওয়ার সময় অ্যাপলের শেয়ারের দাম ছিল মাত্র ১৩ ডলার। সেটি ২,৩৫৯ শতাংশেরও বেশি বেড়ে এখন ৩১৯.৭০ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে কোম্পানির বার্ষিক আয় ১০৮ বিলিয়ন থেকে ছাড়িয়েছে ৪০০ বিলিয়ন ডলার।

টিম কুকের সবচেয়ে বড় সাফল্য হলো অ্যাপলকে হার্ডওয়্যারের গণ্ডি পেরিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা। অ্যাপল মিউজিক, অ্যাপল পে ও অ্যাপ স্টোরের মতো সার্ভিস খাতগুলো এখন কোম্পানির অন্যতম আয়ের উৎস, যা থেকে বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় হচ্ছে।

হার্ডওয়্যারের জগতেও তার বড় ছাপ রয়েছে। ইন্টেলের ওপর নির্ভরতা কমিয়ে ম্যাক কম্পিউটারের জন্য নিজস্ব প্রসেসর ‘অ্যাপল সিলিকন’ তৈরি করে তারা। ২০১৫ সালে বাজারে আসে স্বাস্থ্য ও ফিটনেসনির্ভর অ্যাপল ওয়াচ। এর ঠিক এক বছর পর ওয়্যারলেস এয়ারপডস এনে বিশ্বজুড়ে নতুন উন্মাদনা তৈরি করে অ্যাপল।

তবে তার এই দীর্ঘ সফল যাত্রা পুরোপুরি বাধাহীন ছিল না। ২০১২ সালে ভুল তথ্যের কারণে সমালোচনার মুখে পড়েছিল অ্যাপল ম্যাপস। দাম বেশি হওয়ায় ২০২৩ সালে বাজারে আসা ‘ভিশন প্রো’ হেডসেটটিও সাধারণ গ্রাহকদের খুব একটা টানতে পারেনি। এছাড়া বিপুল খরচের পর শেষমেশ বাতিল করতে হয় তাদের উচ্চাভিলাষী ইলেকট্রিক ও স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’।

কুকের বিদায়ের পর অ্যাপলের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মাইক্রোসফট, গুগল বা ওপেনএআই যখন এই দৌড়ে আগ্রাসী, অ্যাপল তখন গোপনীয়তা ও সফটওয়্যার ইন্টিগ্রেশনের দিকে সতর্কতার সঙ্গে এগোচ্ছে। টিম কুকের রেখে যাওয়া এই বিশাল সাম্রাজ্য এবং এআই প্রতিযোগিতায় টিকে থাকার এই কঠিন পরীক্ষা এখন দিতে হবে তার উত্তরসূরি জন টার্নাসকে। ব্যর্থতার কিছু গল্প থাকলেও, কুকের হাত ধরে অ্যাপলের এই অবিশ্বাস্য আর্থিক উত্থান সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকবে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে স্কুলব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


সাদুল্লাপুরে স্কুলব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

গাইবান্ধার সাদুল্লাপুরে নতুন স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা স্কুলব্যাগ হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে। গাইবান্ধা-৩ আসনের এমপি মাওলানা আবুল কাওছার মুহাম্মদ নজরুল ইসলাম এই উদ্যোগ গ্রহণ করেছেন শিশু শিক্ষার্থীদের পাঠগ্রহণের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে।

স্কুলব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেককেই হাসিমুখে দেখা যায়। কিছু শিক্ষার্থী নতুন ব্যাগ কাঁধে নিয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠে, আবার কেউ কেউ ব্যাগটি নিয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল।

রোববার (৩০ আগস্ট) সকালে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রটারী সিরাজুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল ওয়ারেছ, সেক্রেটারী মাহবুবুর রহমান, ছাত্রনেতা কাওছার রহমান কাজল, বিদ্যালয়ের সভাপতি শামীম আরা, প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আক্তার বানু, সহকারী শিক্ষক অলিউর রহমান মিলনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ কেনা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাদের সহযোগিতায় সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীকে বেধড়ক মারধর ইস্যুতে ভোক্তা অধিকারের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


নারীকে বেধড়ক মারধর ইস্যুতে ভোক্তা অধিকারের বিবৃতি

রাজবাড়ী জেলা সদরে এক নারী উদ্যোক্তাকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৯ আগস্ট) ওই অপ্রীতিকর ঘটনাটিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান হিসেবে প্রচার করাকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অপপ্রচার আখ্যা দিয়ে ঘটনার সঙ্গে নিজেদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা অধিকার অধিদপ্তর তাদের স্পষ্টীকরণে জানিয়েছে, গত ২৯ আগস্ট রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আইন অনুযায়ী আর্থিক জরিমানাও করা হয়।

অথচ গত ২৯ আগস্ট জেলা সদরের কাপড়ের বাজারের ‘আস্থা বস্ত্রালয়’কেন্দ্রিক ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে সেটিকে অধিদপ্তরের অভিযান হিসেবে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এছাড়া ভিডিওতে আক্রান্ত নারীও এ বিষয়ে অধিদপ্তরে কোনো অভিযোগ দায়ের করেননি। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অধিদপ্তর সঠিক তথ্যের জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/dncrp) অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, রাজবাড়ী শহরের কাপড়ের বাজার এলাকায় গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে মারধরের শিকার ওই নারী উদ্যোক্তার নাম জাকিয়া সুলতানা। তিনি ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ভুক্তভোগী এই নারী উদ্যোক্তার দাবি, ব্যবসায়িক বিরোধের জের ধরেই তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও বেধড়ক মারধর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক এসে তার ওপর হামলা চালান এবং মারধর করতে থাকেন। এ সময় ওই নারীকে রক্ষা করতে পুলিশ সদস্যদের এগিয়ে আসতে দেখা যায়।

ভুক্তভোগী জাকিয়া সুলতানা জানান, তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যান। বিষয়টি নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ করার পর থেকেই তাকে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

শনিবার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে মূলত কাপড়ের বাজারের কিছু ব্যবসায়ী ও কর্মচারীই তার ওপর এই হামলা চালিয়েছে। সাবেক ওই কর্মচারীকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করা হচ্ছে এবং এ নিয়ে পূর্বে একাধিকবার বাজার কমিটির অধীনে সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ শিক্ষাবর্ষেই চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


২০২৭ শিক্ষাবর্ষেই চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চলতি পাইলটিং কর্মসূচির ইতিবাচক প্রতিক্রিয়া বজায় থাকলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের নিয়মিত কর্মশালা শেষে সাংবাদ ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কর্মসূচির পাইলটিং টেস্ট চলছে এবং সার্বিক রেসপন্স অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, পাইলটিংয়ের ফলাফলের ওপর নির্ভর করেই আমরা পুরোদমে কর্মসূচি শুরু করব। সোমবার (৩১ আগস্ট) দিনাজপুরে এই পাইলটিংয়ের ওপর একটি কর্মশালা রয়েছে, সেখানে নতুন কিছু তথ্য আসবে। তবে কোনো ত্রুটি ধরা পড়লে সামান্য দেরি হলেও ২০২৭ সালের মধ্যেই বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী কমে বা বাড়ে—সেটি মূল মাথাব্যথা নয়। আমাদের মূল নজর হলো প্রতিটি শিশু স্কুলে যাচ্ছে কি না এবং তারা সঠিকভাবে শিক্ষা লাভ করছে কি না।

সরকারের দায়িত্বের পরিধি স্পষ্ট করে তিনি বলেন, সরকার কেবল সেবা প্রদানকারী সংস্থা নয়, বরং প্রতিটি নাগরিক সঠিক সেবা পাচ্ছে কি না তা নিশ্চিত করাই সরকারের কাজ। যেখানে অন্য উপায়ে শিক্ষার সুবিধা মিলবে না, সেখানেই সরকার নিজে সরাসরি বিদ্যালয় ও সেবার ব্যবস্থা করবে। প্রয়োজন ফুরিয়ে গেলে অবকাঠামো ধরে রাখার প্রয়োজন নেই।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকার দুটি নির্দিষ্ট বিষয়ে কোনো আপস করবে না বলে জানান প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা। প্রতিটি প্রতিষ্ঠানে সঠিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষা  নিশ্চিত করা। 

এর আগে, দুপুরে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%