ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সখিপুরে যুবলীগ নেতা সজীব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ


সখিপুরে যুবলীগ নেতা সজীব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে, ঢাকা যাওয়ার পথে, উপজেলার তক্তারচালা পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, গ্রেফতার হওয়া সজীব আহমেদ সখিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (গড়গোবিন্দপুর) বাসিন্দা সোনা মিয়ার ছেলে। তিনি সাবেক মেয়র আবু হানিফ আজাদের ভাতিজা।

মঙ্গলবার রাতে সজীবের সাথে একটি প্রাইভেটকারে ছিলেন সখিপুর ‘আঁখি’স বিউটি পার্লারের’ স্বত্বাধিকারী আঁখি এবং সাংবাদিক পরিচয়দানকারী শাকিল আনোয়ার। চেকপোস্টে তল্লাশির সময় সজীবকে আটক করা হলে, তাদেরকেও থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, পুলিশ আঁখি ও শাকিল আনোয়ারকে ছেড়ে দেয়।

আরও পড়ুন: নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানিয়েছেন, মির্জাপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি তদন্তাধীন মামলায় সজীব আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে, তাকে সংশ্লিষ্ট থানায় বা আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে রেকর্ড মূল্যস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


ইউরোপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে রেকর্ড মূল্যস্ফীতি

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকট ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ক্রমবর্ধমান দামে ভোক্তারা চাপের মধ্যে পড়েছেন। এরই মধ্যে ইউরোজোনে মূল্যস্ফীতি বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবর মাসে ২০ দেশের এই অঞ্চলে বার্ষিক মূল্যস্ফীতি ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বরেও ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ইউরোজোনে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ১ শতাংশ। আর গত অক্টোবরে মাসভিত্তিক মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।

মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে জ্বালানির দাম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। অক্টোবরে জ্বালানির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ১৯ শতাংশ এবং আগস্টে ১৪ দশমিক ৩ শতাংশ।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সামগ্রিক মূল্যস্ফীতিতে জ্বালানি খাতের অবদান ১ দশমিক ৮৯ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১ দশমিক ৭২ শতাংশ পয়েন্ট। অর্থাৎ মোট মূল্যস্ফীতির প্রায় অর্ধেকই এসেছে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে।

জ্বালানির পাইকারি বাজারে সরবরাহ সংকট এবং নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় কমিশনের শরৎকালীন পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কিছু সময় এ দাম এপ্রিলের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ও অতিক্রম করে।

কমিশনের তথ্য অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক টিটিএফ প্রাকৃতিক গ্যাসের দাম অক্টোবরে প্রতি মেগাওয়াট ঘণ্টায় গড়ে ৮৫ ইউরোতে পৌঁছায়। ফেব্রুয়ারির শেষ দিকে এ দাম ছিল প্রায় ৩০ ইউরো। মাসের শেষ দিকে গ্যাসের দাম ১০০ ইউরো ছাড়িয়ে যায়।

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে বাজারে এই অস্থিরতার কারণ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় কমিশন।

জ্বালানির বাড়তি ব্যয়ের প্রভাব পরিবহন খাতেও পড়ছে। ইউরোস্ট্যাটের তথ্যে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নে ব্যক্তিগত পরিবহনে ব্যবহৃত জ্বালানি ও লুব্রিকেন্টের দাম গত সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আগস্টে এ বৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ এবং জুলাইয়ে ১৬ দশমিক ৯ শতাংশ। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি ক্রমেই ইউরোপের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় তিন পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ: বিএসটিআই নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ঢাকায় তিন পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ: বিএসটিআই নির্দেশনা

রাজধানীর বিভিন্ন স্থানে টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায় এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।

১৭ ও ১৮ নভেম্বর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। দুই দিনে পরিদর্শন করা ১২টি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে পরিমাপে অনিয়ম ধরা পড়ে। অন্যদিকে, অপর ৯টি পাম্পের পরীক্ষিত ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়া যায়।

বিএসটিআই সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিনে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার জ্বালানি তেল বেশি পাওয়া যায়। পরিমাপে অনিয়মের কারণে ঐ ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন মোট ৯টি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় বিএসটিআই আরও তিনটি পেট্রোল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। অনিয়মের কারণে সংশ্লিষ্ট ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

১৭ নভেম্বরের অভিযানটি বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এ অভিযানে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশগ্রহণ করেন।

১৮ নভেম্বরের অভিযানে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ বিল্লাল হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশগ্রহণ করেন।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ৯ নভেম্বরের ইউজিসির সিদ্ধান্ত বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ৯ নভেম্বরের ইউজিসির সিদ্ধান্ত বাতিল

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতা বজায় থাকবে। এই প্রেক্ষাপটে ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসির সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশগ্রহণ করেন।

সূত্রে জানা যায়, ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই সভার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি স্পষ্ট করতে বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম সিদ্ধান্তে ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

অন্য সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় পুতুল ভেবে পুকুরে নেমেছিল শিশু, উল্টাতেই দেখল মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


মাগুরায় পুতুল ভেবে পুকুরে নেমেছিল শিশু, উল্টাতেই দেখল মরদেহ

মাগুরার মহম্মদপুরে, মায়ের কোল থেকে আট মাসের শিশু ছিনতাইয়ের অভিযোগের দুই দিন পর, পুলিশ পুকুর থেকে রাশমিতা চক্রবর্তী নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলার লক্ষীপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রহস্য উদঘাটনের জন্য শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষীপুর এলাকার আব্দুর শুকুর ডাক্তারের বাড়ির পাশের পুকুরে একটি বস্তু ভাসতে দেখে ফাহাদ নামের এক শিশু। প্রথমে সেটিকে পুতুল মনে করে কাছে গিয়ে উল্টে দেখে এটি একটি শিশুর মরদেহ। পরে বিষয়টি সে তার বাবাকে জানালে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ শিশু রাশমিতার বলে শনাক্ত করেন।

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকার একটি স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বাজার রাধানগর এলাকার সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী ও শিশুটির মা নন্দীতা চক্রবর্তীকে। জ্ঞান ফেরার পর তিনি দাবি করেছিলেন, দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে তাঁর কোল থেকে আট মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।

এদিকে, স্থানীয় লক্ষীপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষীপুর মোড়ে শিশুটির মাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি। ওই সময় তাঁকে ভীত ও অস্থির মনে হচ্ছিল এবং কোথায় যাবেন জানতে চাইলে তিনি রাজাপুর যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় থাকার কথা জানান। তবে ওই ঘটনার সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সন্তানের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাবা সমীর কুমার চক্রবর্তী। আহাজারি করতে করতে তিনি বলেন, "আমার স্ত্রী বলেছিল, আমার শিশুকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন দেখছি আমার মনির লাশ। তোমরা আমার জীবিত মনিকে এনে দাও।" এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পরিষ্কার জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%