০৯:৩৪ পি.এম
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতা বজায় থাকবে। এই প্রেক্ষাপটে ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসির সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশগ্রহণ করেন।
সূত্রে জানা যায়, ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই সভার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান
এই পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি স্পষ্ট করতে বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম সিদ্ধান্তে ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
অন্য সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
সভায় জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: যবিপ্রবিতে স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন