০৬:৫৫ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। তারা সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।
শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর কারণে সরকার বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৫ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে: আব্দুস সালাম
তিনি আরো বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবা নেওয়া রোগীরা অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। নবজাতকদের মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক এবং এটি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে ঘটনা ঘটে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের বিষয়টিও মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল।
নূরুন্নিসা সিদ্দীকা মন্তব্য করেন, হাসপাতাল কার্যক্রম বন্ধ হওয়ার আগে রোগীদের বিকল্প চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল। অন্যথায় নারী, শিশু ও অন্যান্য রোগীরা অসুবিধায় পড়তে পারে।
তিনি উল্লেখ করেন, প্রায় তিন দশক ধরে আদ্-দ্বীন হাসপাতাল স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিশেষ করে এটি নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।
এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের গৃহীত এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতাল ভর্তি নারীরা, শিশু এবং অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা যেন বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
আরও পড়ুন: টঙ্গীতে মাদ্রাসাছাত্র আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন