ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা পেতে যাচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা পেতে যাচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থীরা। একই নির্বাচনে অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডি সিনেটে নিজের আসন ধরে রেখেছেন বলে আভাস পাওয়া গেছে। বিশেষ নির্বাচনে তিনি ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সনের মুখোমুখি হয়েছিলেন। এই আসনটি আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ছিল।

এই দুই জয়ের বিপরীতে, দেশজুড়ে ডেমোক্র্যাটরা একাধিক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এর ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষেই দলটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে কারণগুলো বিশ্লেষণ

ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পান অ্যাঞ্জি নিক্সন। তবে তার নির্বাচনী প্রচারের অর্থায়ন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডির তুলনায় অনেক কম ছিল। গভর্নর পদে নির্বাচনের আগে বায়রন ডোনাল্ডস ২০২১ সাল থেকে কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিনের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিস্যান্টিস আর এই পদে নির্বাচন করতে পারেননি।

ট্রাম্পের কট্টর সমর্থক বায়রন ডোনাল্ডস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। ব্রুকলিনে জন্ম নেওয়া ডোনাল্ডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ফ্লোরিডায় যান। কংগ্রেস নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি পান।

এদিকে ফ্লোরিডায় ডেমোক্র্যাটরাও কয়েকটি অপ্রত্যাশিত জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে নিজেদের আসন বাড়াতে রিপাবলিকানরা অঙ্গরাজ্যের তিনটি নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করেছিল। তবে ওই তিনটি আসনেই জয় ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

আরও পড়ুন: মার্কিন সিনেটে জিতে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী কাওয়াস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শুভ (২৫) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে আটক করেছে। তবে আলামত যাচাইয়ের পর পুলিশ জানিয়েছে, এটি ককটেল নয়, বরং পটকা বা আঁতশবাজির বিস্ফোরণ ছিল।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক করা ব্যক্তি ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ১৪-১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ নামের একজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানিয়েছেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কিছু যুবক এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় পুলিশ শুভকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আলামত যাচাই করে বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হয়নি, বরং পটকা বা আঁতশবাজি প্রকৃতির কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে এই পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে চার গুণে পৌঁছেছে। দেশের ক্যাশলেস লেনদেনকে আরো গতিশীল ও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের বেশ কিছু রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার সূচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

ড. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সেবার মান বৃদ্ধি করতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা বিস্তৃত করতে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রান্তিক অঞ্চলে এ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাশলেস লেনদেন যত বাড়বে, সরকারের নতুন টাকা ছাপানোর পেছনে খরচ ততই কমবে। একই সঙ্গে সার্বিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, বাংলা কিউআর ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নগদ অর্থের ব্যবহার কমিয়ে এনে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সংবাদমাধ্যমকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সংবাদমাধ্যমকর্মীদের মধ্যে রয়েছেন— স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।

হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানিয়েছেন, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহের জন্য হেমায়েতপুরের পদ্মার মোড়ে উপস্থিত হন।

কিছু বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর তারা ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে ফুটেজ সংগ্রহ করতে থাকেন। এসময় মাস্ক পরা কয়েকজন তাদের সাংবাদিক পরিচয় শুনে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে।

একপর্যায়ে আশপাশের কয়েকজন হামলাকারীদের বুঝিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে ইতিহাস গড়ার পথে আবদুল এল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


মিশিগানে ইতিহাস গড়ার পথে আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল–সায়েদ জয়ী হওয়ার দাবি করেছেন। তবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলমান রয়েছে। তাই এই আসনে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে, তা এখনো নিশ্চিত নয়।

বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে মিশিগানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সিনেটে জয়ের দাবি করেন ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যার জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে কম।’

তিনি আরও জানান, ‘মিশিগান, আপনাদের সেবা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সমালোচনা করে বলেন, তারা মুসলিম ধর্মবিশ্বাসকে প্রচারণার মূল ইস্যু বানিয়ে ফেলেছিল।

সায়েদ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন পর আমরা এমন এক নোংরা প্রচারণা দেখলাম, যেখানে তারা আমার নাম ও ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে আমাকে আক্রমণ করেছে।’

তিনি আরো বলেন, ‘তারা এমন এক আমেরিকা চেয়েছিল যা আমাদের অনেকের জন্যই সংকীর্ণ। কিন্তু আমরা জানি, এই আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে এল-সায়েদের এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে। এখনো পর্যন্ত বিজয়ী কে হতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে রিপাবলিকান প্রার্থী রজার্স সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের জেতার পথ এখনো খোলা আছে। আপনারা বাড়ি গিয়ে একটু ঘুমান; ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনারা বিজয়ী হয়েছেন।’

বিবিসি-র মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাট জোসেলিন বেনসন জয়ী হতে চলেছেন, ফলে এই পদটি ডেমোক্র্যাটিক পার্টির দখলে থাকবে।

এছাড়া এই অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ৭৮ শতাংশ ভোট গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সের তুলনায় এগিয়ে রয়েছেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%