০৪:১৮ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু (৩০) এবং আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া এলাকার আবু সাঈদ (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড-সংলগ্ন সড়কে মো. সুজন মিয়া (৩২) ছিনতাইয়ের শিকার হন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার আশুলিয়ার নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করছেন।
আরও পড়ুন: জামালপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় নারীর
ঘটনার দিন সুজন মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গতি কমালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তখন ধারালো চাপাতি ও চাকু দেখিয়ে তারা তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এক ছিনতাইকারী চাপাতি দিয়ে সুজনের বাঁ হাতের কবজির ওপর দুটি কোপ দেয়, যার ফলে তার হাত গুরুতর জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুজন মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজিব হোসেন রাজু ও আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিবের কাছ থেকে ছিনতাই হওয়া অনার এক্স৯এ স্মার্টফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর আসামি আবু সাঈদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া নগদ দুই হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে। এ ঘটনায় করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন