০৮:৫৩ পি.এম
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি–বলভদ্র ব্রিজের টোলঘর নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই ভোগান্তির শিকার হয়েছেন একটি ধর্মীয় মাহফিলে যোগ দিতে আসা প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বাইজিদ বিন বাশির ও তাঁর সঙ্গীরা। টোলঘরে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার এবং লাঠিসোটা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি টোলঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বক্তা ও মাহফিল আয়োজকরা।
জানা যায়, ফুলবাড়ীয়া উত্তর গ্রামে ‘শানে পাক পাঞ্জাতন সুন্নী যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত ধর্মীয় মাহফিলে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে এসেছিলেন মুফতি বাইজিদ বিন বাশির। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারি নির্ধারিত ২৫ টাকা টোলের বিপরীতে যাওয়ার সময় তাঁরা ৪০ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে মাহফিল শেষে ফেরার পথে আগের অতিরিক্ত ১৫ টাকার সমন্বয় হিসেবে ১০ টাকা দেওয়ার পর টোলঘরে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।
আরও পড়ুন: ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
অভিযোগ রয়েছে, একপর্যায়ে টোলঘরে থাকা এক ব্যক্তি লাঠিসোটা নিয়ে বক্তা ও তাঁর সঙ্গীদের দিকে তেড়ে আসেন। এ সময় তাঁদের গাড়ি আটকে রাখা এবং ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয়টি ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ফয়সাল মোল্লাকে জানানো হয়। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে টোলঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তি তাঁদের কর্মী নন বলে দাবি করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুফতি বাইজিদ বিন বাশির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মোড়াকরি–বলভদ্র ব্রিজের টোলঘর ঘিরে সাধারণ মানুষ ও অতিথিদের ভোগান্তি নতুন নয়। তাঁরা টোল আদায়ে স্বচ্ছতা, সরকারি নির্ধারিত হার বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন