০৭:২০ পি.এম
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, 'পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, তাদের বোঝাতে হবে। তাদেরকে বুঝিয়ে বিকল্প একটি জায়গায় আবাস করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান। যারা বাস্তুহারা, তাদেরকে বিকল্প জমিতে ঘর তৈরি করে দিতে চান প্রধানমন্ত্রী এবং এটা তিনি করবেন, এই বিষয়ে মহান সংসদে আলোচনা হয়েছে।'
রোববার (১২ জুলাই) বিকালে রাঙ্গামাটির ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেছেন তিনি।
এসময় তিনি আরও বলেন, 'সকলকে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবিলা করতে হবে। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী সকলেই মিলে প্রশাসনের সাথে একযোগে সচেতনতা তৈরি করতে পারলে তবেই ঝুঁকিপূর্ণ বসবাস কমে আসবে।'
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তিনি বলেন, 'দুর্যোগ মোকাবিলায় কোথাও উদ্যোগের ঘাটতি আছে কিনা সেটা আপনারা আমাদের বলবেন। দুর্গম এলাকায় আমাদেরকে সশস্ত্র বাহিনী সহযোগিতা করছে, ইউএনওরা স্ব স্ব এলাকায় কাজ করছে, যেটা জেলা প্রশাসক মনিটরিং করছে, এসব আমরা রিপোর্ট নিচ্ছি। সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।'
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, 'দুর্যোগ শেষে সকলেই বাসায় ফিরবে, কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এটা জনগণের কাছে আমাদের ওয়াদা। শুধু ঘরবাড়ি নয়; ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের বিষয়টিও আমাদের নজরে আছে। এছাড়া যারা ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আছে, তাদের ঘরবাড়িতে যাতে দুষ্কৃতিকারী কোনও ক্ষতি করতে না পারে সেই বিষয়েও আমরা সতর্ক আছি।'
এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন