ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সিসিটিভিতে ধরা পড়ল গ্রিল কাটা চোর, জুয়েলার্স থেকে উদ্ধার চুরি যাওয়া স্বর্ণ


সিসিটিভিতে ধরা পড়ল গ্রিল কাটা চোর, জুয়েলার্স থেকে উদ্ধার চুরি যাওয়া স্বর্ণ

মাদারীপুরের কালকিনিতে বাসার জানালা ও ব্যালকনির গ্রিল কেটে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি করা স্বর্ণালংকারের একটি অংশ এবং স্বর্ণ বিক্রির দুই লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা (৩৮) সন্তানদের পড়াশোনার সুবিধার্থে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো একসময় তাঁর স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তারা বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও রুপার নুপুর চুরি করে নিয়ে যায়।

চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের গলার হার, টিকলি, একাধিক জোড়া আংটি, প্রায় আড়াই ভরি ওজনের হাতের রুলি, লকেটসহ চেইন, কানের দুল ও পাশা, নাকফুল, ব্রেসলেট এবং দুই জোড়া রুপার নুপুর।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

ঘটনার পর কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে মো. সুজন সরদার (৩৪) নামে একজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চুরি করা স্বর্ণালংকার বিক্রির দুই লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত দুটি সেলাই রেঞ্জ, একটি হাতুড়ি, একটি প্লাস, একটি ১২ নম্বর গুডি রেঞ্জ, একটি ১৫ নম্বর ডালি ও গুডি রেঞ্জ এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

পরে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দোকানের মালিক এনামুল হক (৪৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এনামুল হকের কাছ থেকে একটি স্বর্ণের গলার ছেঁড়া হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের টিকলি, একটি স্বর্ণের ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়েছে।

পুলিশের উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে গলার ছেঁড়া হারটির ওজন এক ভরি ১০ আনা ৫ রতি ৮ পয়েন্ট, কানের দুলের ওজন ৬ আনা ৪ রতি ৮ পয়েন্ট, টিকলির ওজন ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট, ব্রেসলেটের ওজন ৩ আনা ২ রতি ৮ পয়েন্ট এবং গলিত স্বর্ণের টুকরাটির ওজন ৬ আনা ৩ রতি।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

এ ঘটনায় কালকিনি থানায় ৩০ আগস্ট মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ১৫৪। মামলায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের চাপ নাকচ: পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


যুক্তরাষ্ট্রের চাপ নাকচ: পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সাথে, দেশটি তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এ তথ্য সোমবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনের বৈরী নীতির কোনো পরিবর্তন ঘটেনি। ফলে, জাতীয় সার্বভৌমত্ব এবং রাজনৈতিক ব্যবস্থা রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তাদের প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। তারা এই শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

উত্তর কোরিয়া ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র একদিকে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছে, অন্যদিকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করছে। এছাড়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে অঞ্চলটিতে ক্রমাগত সংঘাতময় পরিস্থিতি তৈরি করার অভিযোগও তুলেছে দেশটি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “ট্রাম্প প্রশাসন এসব সংঘাতমূলক পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক ব্যবস্থা এবং নিরাপত্তাকে ইচ্ছা করেই হুমকির মুখে রাখতে চাচ্ছে। যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে আগের মতোই বৈরিতাপূর্ণ নীতিতে অটল রয়েছে, তা আবারও পরিষ্কার হয়ে উঠেছে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্প্রতি গ্রহণ করা আচরণের ফলে উত্তেজনা কমার কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে শান্তির আশা করা সম্পূর্ণ অর্থহীন। তিনি আবারও স্পষ্ট করেছেন, ওয়াশিংটনের প্রতি উত্তর কোরিয়ার নীতি আগের মতোই কঠোর থাকবে। এতে কোনো পরিবর্তন আসেনি।

পিয়ংইয়াং বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখা না রাখা কোনো দরকষাকষির বিষয় নয়। বরং এটি দেশটির সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভরসা ও নিশ্চয়তা। যুক্তরাষ্ট্র যতই পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করুক, এই পারমাণবিক সক্ষমতা বিন্দুমাত্র দুর্বল হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে কাবু করার জন্য অব্যাহত হুমকির মধ্য দিয়ে দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে তেহরানের আরেকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রবিবার (৩০ আগস্ট) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ব্যাংকটির নাম উল্লেখ করেননি।

মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক মিসর’-এর সংযুক্ত আরব আমিরাত শাখাটিকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার ঘোষণার কয়েক দিনের মধ্যে এই নতুন পদক্ষেপের কথা জানা গেল।

বেসেন্ট সাক্ষাৎকারে বলেন, "প্রয়োজন হলে আমরা আর্থিক সহিংসতার পথই বেছে নেব। আমরা তাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা কারা তা আমরা জানি, আপনারা নিজেরাও জানেন আপনারা কারা। এসব কর্মকাণ্ড অবশ্যই বন্ধ হতে হবে।" বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে কোনো প্রতিষ্ঠানকে ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে জি-২০ জোটের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে রবিবার তিনি উল্লেখ করেন, "প্রতি সপ্তাহেই আপনারা এমন আরও অনেক পদক্ষেপ দেখতে পাবেন। আমরা ব্যাংকগুলোকে দিয়েই শুরু করছি এবং তাদের জানিয়ে দিচ্ছি, ইরানি অর্থ রাখা কিংবা সেই শাসনব্যবস্থাকে সহায়তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মধ্যে ওয়াশিংটনের দাবি মেনে নিতে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’।

গত সপ্তাহে ট্রেজারি বিভাগ প্রায় ৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এরা এমন সব নেটওয়ার্কের অংশ যা ইরানকে তেল থেকে আয় করতে, অস্ত্র সংগ্রহ করতে এবং সাইবার কার্যক্রম চালাতে সহায়তা করছে।

তবে ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। দেশটির অর্থ ও অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, "এই নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হবে।" জুলাইয়ের শেষের পর এই প্রথমবার রবিবার সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান জর্ডানে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বেসেন্ট জি-২০ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন। সেখানে তিনি বিশ্বের প্রধান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর নিজ নিজ সমকক্ষ মন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন এবং ইরানের বিরুদ্ধে সহযোগিতার বিষয়টি উৎসাহিত করবেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এপিকে আরও জানিয়েছেন, বৈঠকে তিনি চীনের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তেহরানের সঙ্গে অব্যাহত বাণিজ্য চালিয়ে যাওয়ার দায়ে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সব বিকল্পই খোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে চীনের সঙ্গে সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্র অনিচ্ছুক এমন ধারণা তিনি প্রত্যাখ্যান করেন। তিনি একে সম্পূর্ণ মিথ্যা বয়ান হিসেবে অভিহিত করেন, যা গণমাধ্যম প্রচার করেছে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে বেইজিং ও ওয়াশিংটন একমত।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী

জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নিজের পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তার শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়ন্তী উর্বী। জার্মানিতে ঘুরতে গিয়ে একটি অভিনব রিসোর্টে অবস্থান করেছিলেন তিনি ও তার সফরসঙ্গীরা। জাহাজের কনটেইনারকে দৃষ্টিনন্দন থাকার জায়গায় রূপান্তর করা ওই রিসোর্টের অভিজ্ঞতা ভিডিওটির মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী।

তবে ভ্রমণের আনন্দঘন সেই ভিডিওর মন্তব্যের ঘরে শুরু হয় ভিন্ন অভিজ্ঞতা। প্রিয়ন্তীর পোশাক ও শরীর নিয়ে নানা আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন কয়েকজন নেটিজেন। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে তিনি সত্যিই অস্বস্তিতে পড়েছেন। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা তার বোধগম্য নয়।

তিনি আরও বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।

আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশটও সংগ্রহ করেছেন বলে জানান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠানোর কথাও তার মাথায় এসেছে।

তার ভাষায়, অনেক মানুষ নিজের মা-বোন কিংবা স্ত্রীকে সামনে রেখে যে ধরনের ভাষা ব্যবহার করেন না, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য একজন নারীকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করেন।

নারীদের প্রতি এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলে প্রিয়ন্তী উর্বী বলেন, দেশের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া অনেক তরুণের কাছ থেকে একজন নারীকে নিয়ে এমন ভাষা শুনতে হলে তা সত্যিই ভয় ও উদ্বেগের কারণ বলে মনে করেন তিনি।

পরিস্থিতি নিয়ে নিজের অসহায়ত্বের কথাও তুলে ধরেন অভিনেত্রী। ক্ষোভ ও কষ্ট থেকে তিনি বলেন, কিছু মন্তব্য পড়ার পর নিজের দেশ ও সমাজ নিয়ে তার অসহায় লাগে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এসব মানুষ সঠিক পথে ফিরে আসেন এবং তিনি নিজে কখনো তাদের মতো আচরণ না করেন।

সবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্বাধীনতার বিষয়টি স্পষ্ট করে প্রিয়ন্তী বলেন, তার ফেসবুকে তিনি কী পোস্ট করবেন, সেটি একান্তই তার সিদ্ধান্ত। কেউ তার কনটেন্ট পছন্দ না করলে সেটি এড়িয়ে যেতে বা আনফলো করতে পারেন, তবে ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারও নেই।

তিনি বলেন, এমন ভক্ত বা অনুসারী তার প্রয়োজন নেই, যারা তাকে অনুসরণ করবেন শুধু তার শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই তার কাছে ভালো।

প্রিয়ন্তী উর্বীর এই বক্তব্যে শুধু ব্যক্তিগত ক্ষোভই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হওয়ার বাস্তবতাও উঠে এসেছে। নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, কারও কনটেন্ট পছন্দ না হলে তা এড়িয়ে যাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করার অধিকার কারও নেই।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন: নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন: নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, ওসি (তদন্ত) এবাদ আলী, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান এবং গীতা পাঠ করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ‘নজরুল বর্ষ’ উদযাপনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কবির জীবন, দর্শন ও সাহিত্যের সাথে গভীরভাবে পরিচিত করে তোলা। বর্তমান তরুণ সমাজকে বাংলা সাহিত্যের এই মহান কবির প্রগতিশীল চিন্তাধারা এবং চেতনায় উদ্বুদ্ধ করতেই আমরা মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%