০১:৫০ পি.এম
গন্ধর্বপুর পানি শোধনাগার যদি চালু হয়, তাহলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, এই প্রকল্প সম্পন্ন হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও কমবে এবং একটি পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।
সোমবার (৮ জুন) বেলা ১১টা সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে, এই কারণে বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের জন্য এই বৃহৎ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
প্রকল্পের সময়সীমা উল্লেখ করে তিনি জানিয়েছেন, 'চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আমি আশা করছি, আগামী এক বছরের মধ্যে প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম ঢাকা ওয়াসার মাধ্যমে চালু করে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।'
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের পানির উৎস লাইন এলাকা ও শোধনাগারের নানা স্থাপনা ঘুরে দেখেন। প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকল্প সম্পর্কিত সূত্র জানায়, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে নির্মাণাধীন আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে, দুই ধাপের সমন্বয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার। রাজধানীর ক্রমবর্ধমান পানি চাহিদা পূরণে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং ঢাকা ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন