ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুগন্ধা নদী থেকে উৎপাদিত ইলিশের স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট্য


সুগন্ধা নদী থেকে উৎপাদিত ইলিশের স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট্য

ঝালকাঠি শহরের দক্ষিণ প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে সুগন্ধা নদী। এই মিষ্টি পানির নদীটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার এবং প্রস্থ ৪০০ মিটার। কালের সাক্ষী হয়ে বয়ে চলা নদীটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্বাদে-গন্ধে অনন্য ইলিশের জন্য দেশজুড়ে পরিচিতি লাভ করেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী ও সাগরের ইলিশ ঝালকাঠির বাজারে এলেও ক্রেতাদের কাছে সুগন্ধার ইলিশের কদর আলাদা। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীতে বছরে প্রায় এক হাজার ২০০ টন ইলিশ উৎপাদিত হয়।

ইলিশ আহরণকে কেন্দ্র করে সুগন্ধায় গড়ে উঠেছে শতাধিক জেলে পরিবারের জীবিকা। নদীর উত্তর পাড়ে বসবাসকারী এসব জেলের প্রধান আয়ের উৎস এই ইলিশ। অন্যান্য মাছ ধরলেও বছরের বড় একটি সময় তারা ইলিশ আহরণেই ব্যস্ত থাকেন।

এ নদীর ইলিশের স্বাদের কারণে দামও তুলনামূলক বেশি। স্থানীয় বাজারে এক কেজি ওজনের সুগন্ধার ইলিশের দাম কমপক্ষে তিন হাজার টাকা। ভালো চাহিদা থাকায় বাজারে আসার পর দ্রুত বিক্রি হয়ে যায় এসব মাছ। শুধু স্থানীয় ক্রেতারাই নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষও সুগন্ধার ইলিশের খোঁজ করেন। আত্মীয়স্বজনের বাসায় পাঠানোর পাশাপাশি বিভিন্ন সময় বড় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের কাছেও উপহার হিসেবে পাঠানো হয় এ নদীর ইলিশ।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

তবে সম্প্রতি নদীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় দাম বেড়েছে। ফলে ঝালকাঠি শহরের মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছে সুগন্ধার ইলিশ এখন নাগালের বাইরে। জেলেদের আশা, নদীতে ইলিশের আহরণ বাড়লে দামও আবার সাধারণ ক্রেতাদের নাগালে আসবে।

কেন স্বাদে অনন্য

সুগন্ধার ইলিশের স্বাদের সঙ্গে নদীর পানির বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে বলে মনে করেন স্থানীয় জেলে ও মৎস্য কর্মকর্তারা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জেলেরা বলছেন, এ নদীর ইলিশের স্বাদ ও গড়ন অন্য অনেক নদীর ইলিশের চেয়ে আলাদা।

প্রায় ৪০ বছর ধরে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরছেন গোবিন্দ পান্ডে। ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির জেলেপাড়ার বাসিন্দা তিনি। তার বাবা-দাদাও এ নদীতে মাছ ধরেছেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুগন্ধার ইলিশের স্বাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোবিন্দ পান্ডে আমার দেশকে বলেন, কচা বা বিষখালী নদীর তুলনায় সুগন্ধার ইলিশ বেশি সুস্বাদু ও স্বাস্থ্যবান। এর প্রধান কারণ, এই নদীর পানিতে লবণাক্ততা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে পিরোজপুরের কচা নদী ও বিষখালী নদীর একাংশে লবণাক্ততা বেশি। এ কারণে ওই নদীগুলোর ইলিশের স্বাদ সুগন্ধার ইলিশের মতো নয়।

আরও পড়ুন: ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে' জেলা প্রশাসকের

গোবিন্দ পান্ডে জানান, এক কেজি ওজনের সুগন্ধার ইলিশ তারা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন। স্থানীয় জেলেদের অভিজ্ঞতার সঙ্গে নদীর পানির বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে বলে মনে করছে ঝালকাঠি মৎস্য বিভাগ। তাদের মতে, সুগন্ধা নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটনের প্রাচুর্য, কম লবণাক্ততা এবং জৈব পুষ্টি উপাদানের উপস্থিতি ইলিশের স্বাদ ও গঠনে ভূমিকা রাখে।

ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদসদৃশ অণুজীব, যারা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। জলজ খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এসব অণুজীব। মৎস্য কর্মকর্তাদের মতে, পানিতে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি ইলিশের খাদ্যপ্রাপ্তির সঙ্গে সম্পর্কিত। এছাড়া জৈব পুষ্টি উপাদান, পানির প্রবাহ ও পলির বৈশিষ্ট্যও নদীর প্রাকৃতিক পরিবেশ গঠনে ভূমিকা রাখে। সাগর থেকে মিঠাপানির সুগন্ধা নদীতে আসার পর ইলিশের স্বাদে পরিবর্তন আসার বিষয়টিও তারা উল্লেখ করেন।

গবেষণার অপেক্ষায় সুগন্ধা

সুগন্ধার ইলিশের স্বাদ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা থাকলেও এ নদীর পানি ও ইলিশের বৈশিষ্ট্য নিয়ে এখনো নির্দিষ্ট গবেষণা হয়নি। ফলে নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কিংবা অন্যান্য উপাদানের সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন: সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জিয়ানগরে ৫ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খেপুপাড়া উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী বেলাল আহমেদ আমার দেশকে বলেন, যে নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে, সেখানকার ইলিশ সুস্বাদু হওয়ার সম্ভাবনা বেশি। সুগন্ধার ইলিশ যেহেতু স্বাদে অনন্য হিসেবে পরিচিত, তাই এ নদীতে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বেশি থাকতে পারে।

তবে সুগন্ধা নদীর পানিতে প্রতি লিটারে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কত, তা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো সুনির্দিষ্ট গবেষণা হয়নি। ফলে পানিতে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে বিষয়টি নিয়ে তথ্য পাওয়ার পর তারা নদীর পানি ও ইলিশ নিয়ে গবেষণার উদ্যোগ নেবেন।

ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক আমার দেশকে বলেন, সুগন্ধা নদীর ইলিশ স্বাদে ও গন্ধে অনন্য। এ নদীতে ইলিশের খাদ্য ফাইটোপ্লাঙ্কটনের প্রাচুর্য রয়েছে। পাশাপাশি পানির লবণাক্ততা কম এবং জৈব পুষ্টি উপাদান বেশি থাকায় এখানকার ইলিশের স্বাদ ভালো হয়।

সুগন্ধা নদীর ইলিশ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীতে বছরে প্রায় এক হাজার ২০০ টন ইলিশ উৎপাদিত হয়। স্বাদ ও গন্ধের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এ নদীর ইলিশের চাহিদা দেশজুড়েই রয়েছে। তবে সেই স্বাদের পেছনে নদীর পানির কোন কোন উপাদান কতটা ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একইসাথে, তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে সংস্থাটি উল্লেখ করেছে।

বুধবার সকাল ৭টা থেকে ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিদা তালিবের দাবি, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


রাশিদা তালিবের দাবি, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসওম্যান রাশিদা তালিব। তিনি এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন।

তালিব তার পোস্টে উল্লেখ করেছেন, “যুদ্ধাপরাধীরা আমাদের শহরগুলোতে অবাধে ঘুরে বেড়াবে এমন বিষয়কে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। গাজা ও লেবাননে গণহত্যা ও ব্যাপক হত্যাযজ্ঞের জন্য ইয়োভ গ্যালান্ট দায়ী। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

গ্যালান্ট আগামীকাল নিউইয়র্ক সিটিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে আজ হিন্দ রাজাব ফাউন্ডেশন জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে গ্যালান্টের বিচারের দাবিতে তারা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে আবেদন জমা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে, যা ১৯ জন আরোহী নিয়ে উড়ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের জনবসতিহীন এলাকায় নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করছে।

দুর্ঘটনার পর স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বিধ্বস্ত এএন-১২ বিমানটি মূলত সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়, পাশাপাশি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়। তবে দুর্ঘটনার সময় বিমানে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার জন্য আগ্রহী। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কোনো দেশের নেতার সঙ্গে আলোচনা করাকে দুর্বলতা বা ছাড় দেওয়া হিসেবে দেখা উচিত নয়।

ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের সঙ্গে আলোচনা করা ট্রাম্পের জন্য জরুরি বলে মনে হয়। কারণ, আলোচনা মাধ্যমেই বিরোধ মেটানোর সুযোগ সৃষ্টি হয়।

তবে, ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই বৈঠক হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি রুবিও। তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা বা কথা বলাকে ট্রাম্প কখনোই ছাড় দেওয়া হিসেবে দেখেননি। বরং বিরোধ মেটাতে সরাসরি আলোচনা করার পক্ষে তিনি সব সময়েই কথা বলেছেন।

রুবিও আরও বলেন, যাদের সঙ্গে মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্প প্রায়ই এই কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে আলোচনা গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনা।

তবে, ট্রাম্পের বৈঠকে বসার আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে বৈঠক হবে। এ বিষয়ে সতর্ক করে রুবিও বলেন, আগামীকাল বৈঠক হবে, এমন কিছু তিনি বলেননি। তিনি কেবল জানিয়েছেন, ট্রাম্প বৈঠক ও আলোচনায় আগ্রহী। প্রথম মেয়াদেও কিমের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

রুবিও বলেন, আলোচনা মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব কিনা, তা জানার জন্য উদ্যোগ নিতে হবে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে। অতীতে ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%