ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রহনপুরে সামিয়া এগ্রোর ‘টপলেডি’ পেঁপে চাষে নয়ন আলীর বাজিমাত, ৫ বিঘায় ৩০ লাখ টাকা বিক্রির আশা


রহনপুরে সামিয়া এগ্রোর ‘টপলেডি’ পেঁপে চাষে নয়ন আলীর বাজিমাত, ৫ বিঘায় ৩০ লাখ টাকা বিক্রির আশা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে উচ্চফলনশীল ‘টপলেডি’ জাতের পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক নয়ন আলী। উপজেলার রহনপুর হ্যাঞ্জারপাড়া গ্রামের এই কৃষক ৫ বিঘা জমিতে সামিয়া এগ্রোর চারা রোপণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বর্তমান ফলন ও বাজারদর বজায় থাকলে এই বাগান থেকে অন্তত ৩০ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।

জানা গেছে, পেয়ারা বাগানের মাঝের ফাঁকা জায়গায় কী চাষ করা যায়—এমন ভাবনায় নয়ন আলী পেঁপে চাষের সিদ্ধান্ত নেন। উন্নত চারা সংগ্রহের খোঁজে তিনি রহনপুরের বংপুরে অবস্থিত ‘সামিয়া এগ্রো’র কথা জানতে পারেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শামীম রেজার কাছ থেকে বিশ্বস্ত মানের টপলেডি জাতের চারা সংগ্রহ করে রোপণ করেন। সঠিক পরিচর্যা ও নার্সারির নিবিড় পরামর্শে অল্প সময়ের মধ্যেই প্রতিটি গাছে এসেছে বাম্পার ফলন। মাটির কাছাকাছি অংশ থেকে শুরু করে গাছের মগডাল পর্যন্ত ঝুলে থাকা থোকা থোকা পেঁপে দেখতে প্রতিদিনই নয়ন আলীর বাগানে স্থানীয় উৎসুক জনতা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।

বাগানে আসা দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "একসাথে এত সুন্দর ও প্রচুর ফলনে ভরা পেঁপে বাগান আগে কখনো দেখিনি। নয়ন আলীর এই সাফল্য দেখে আমরাও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হচ্ছি।"

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃষক নয়ন আলী বলেন, "ভাল চারা কোথায় পাবো তা নিয়ে দ্বিধায় ছিলাম। পরবর্তীতে সামিয়া এগ্রো থেকে টপলেডি জাতের চারা এনে রোপণ করি। আলহামদুল্লাহ, আল্লাহর রহমতে এখন বেশ ভালো ফলন হয়েছে। ৫ বিঘা জমির বাগান তৈরিতে যে খরচ হয়েছে, তার কয়েক গুণ বেশি লাভ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে এই বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব।"

এ বিষয়ে সামিয়া এগ্রোর স্বত্বাধিকারী শামীম রেজা জানান, "আমরা সবসময় কৃষকদের উন্নত মানের ও ভেজালমুক্ত চারা সরবরাহ করার চেষ্টা করি। নয়ন আলী ভাই আমাদের ওপর বিশ্বাস রেখে সঠিক পরিচর্যা করেছেন বলেই আজ এই সাফল্য। আমাদের নার্সারিতে টপলেডি পেঁপের পাশাপাশি বারোমাসি সব ধরনের বিষমুক্ত উন্নত মানের সবজির চারা পাওয়া যাচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

নয়ন আলীর এই সফলতা এবং বিষমুক্ত চারা উৎপাদনে সামিয়া এগ্রোর উদ্যোগ স্থানীয় অন্যান্য কৃষকদের মাঝে বাণিজ্যিক কৃষিতে নতুন আশার সঞ্চার করেছে।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি।

শুক্রবার ঢাকার জার্মান দূতাবাস একটি বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। দেশটি তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছে।

এছাড়া, জার্মান সরকার বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

বার্তাটিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, এমন প্রত্যাশা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অভিযোগের জেরে দ্বীন ইসলামের ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভৈরব প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


ভৈরবে অভিযোগের জেরে দ্বীন ইসলামের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ করায় দ্বীন ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাত ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে তাঁর পরিবারের দাবি। আহত দ্বীন ইসলাম বর্তমানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, এর আগে গত ২০ জুলাই রাতে দ্বীন ইসলামের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে তিনি ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ কর্মকর্তা এএসআই শাহ আলম বাধার মুখে পড়েন এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ১৯ আগস্ট রাতে ফের দ্বীন ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত অবস্থায় দ্বীন ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় হুমায়ুন, পবন, শাকিল, বায়েজিত রুমি, মুস্তাকিম, ইয়ান, পায়েল, রিয়াদ, ইমন, মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তাধীন।
এদিকে একই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকেও এর আগে কিশোর গ্যাং, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার তথ্য পাওয়া গেছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দ্বীন ইসলামের শরীরে ফুলা, জখম ও রক্তাক্ত আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পর্ব-১ কে এই কালা বাদল" পরিচয়?

গরিবের বন্ধুর আড়ালে প্রতারণার ফাঁদ: আমুয়ার ত্রাস ‘কালা বাদল’

আন্তর্জাতিক ডেস্ক

​বিশেষ প্রতিবেদন

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


গরিবের বন্ধুর আড়ালে প্রতারণার ফাঁদ: আমুয়ার ত্রাস ‘কালা বাদল’

গরিব, অসহায় মানুষের কল্যাণের কথা বলে গঠিত ‘গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’। অথচ এই সংস্থার নাম ভাঙিয়ে দিনের পর দিন অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন কালা বাদল নামে এক ব্যক্তি। সংস্থাটির ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি, খাদ্যশস্য আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বাংলা চলচ্চিত্রে যেমন খলনায়কদের অপরাধের দৃশ্য দেখা যেত, বাস্তবে আমুয়ায় ঠিক তেমনই একের পর এক প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই কালা বাদল।

অপরাধের চিত্র ও প্রতারণার বিবরণ:

খাদ্য গুদাম থেকে চাল আত্মসাৎ: আমুয়া খাদ্য গুদামের কর্মকর্তাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে প্রতি মাসে আনুমানিক ১০০ কেজি চাল অবৈধভাবে আত্মসাৎ করছে কালা বাদল।

উপজেলা কার্যালয় থেকে চাঁদা আদায়: উপজেলা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে গিয়ে বলে আপনাকে স্যার ‘উপদেষ্টা’ হিসেবে রাখা হয়েছে আপনি প্রতি মাসে ১০০০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। কালা বাদল

অনুদানের টিউবওয়েল আত্মসাৎ: ‘গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র নাম ভাঙিয়ে সাধারণ ও গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ও বেসরকারি টিউবওয়েল আত্মসাৎ করে নিজের পকেটে ভরছে।

এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে এই চক্র।
সাধারণ মানুষের সহায়তায় বা সংস্থার নামে প্রতি মাসে যে অর্থ সংগৃহীত হয়—যা দিয়ে প্রতি সপ্তাহে গরিবদের অন্তত গরুর মাংস দিয়ে একবেলা ভাত খাওয়ানো সম্ভব—সেই অর্থ দিয়ে কালা বাদল নিজের পকেট ভারী করছে।

গরিবের বন্ধু নাম দিয়ে এভাবে প্রতারণা ও সরকারি সম্পদ আত্মসাতের বিষয়টিতে এলাকার সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ। আমুয়াবাসীর দাবি, অবিলম্বে কালা বাদলের এই চাঁদাবাজি ও প্রতারণা বন্ধে প্রশাসন যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বন্ধ হচ্ছে ১ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


কুয়েতে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বন্ধ হচ্ছে ১ সেপ্টেম্বর

কুয়েতে ভিজিট ভিসা ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে। এর ফলে ভিসা এবং ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আবারও নির্ধারিত আইনগত মেয়াদ এবং স্বাভাবিক নিয়ম কার্যকর হবে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসার মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে না। একইভাবে, দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও বিশেষভাবে দেওয়া অতিরিক্ত সময়ের ব্যবস্থা শেষ হবে।

২০২৬ সালের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতসহ অঞ্চলের বিমান চলাচল ও আন্তর্জাতিক যাতায়াতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেক যাত্রী নির্ধারিত সময়ে কুয়েত ছেড়ে যেতে পারেননি। আবার কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসীও নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। এই বিশেষ পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচল সহজ করার জন্য এবং অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করে। বিশেষ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট সময়ের পর মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। একইভাবে, কুয়েতের বাইরে অবস্থানরত কিছু প্রবাসীর ছুটির অনুমতিপত্রের মেয়াদও অতিরিক্ত সময়ের জন্য বাড়ানো হয়। অর্থাৎ, এটি কোনো স্থায়ী নতুন ভিসা আইন ছিল না; বরং বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া একটি অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা ছিল। স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ফলে হাজার হাজার প্রবাসী ও ভিজিট ভিসাধারী বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। প্রথমত, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে অবৈধ অবস্থানে পড়ার ঝুঁকি কমেছে। দ্বিতীয়ত, বিমান চলাচলে বিঘ্ন বা অন্যান্য পরিস্থিতির কারণে যারা নির্ধারিত সময়ে কুয়েত ফিরতে পারেননি, তারা অতিরিক্ত সময় পেয়েছেন। তৃতীয়ত, ভিসা বা ছুটির অনুমতিপত্রের মেয়াদ বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরে গিয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়েনি। চতুর্থত, বিশেষ পরিস্থিতির কারণে আটকে পড়া প্রবাসী ও যাত্রীদের ওপর অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক চাপ কমেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবস্থা প্রবাসীদের অনিচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘনের সম্ভাবনা কমিয়েছে এবং তাদের কুয়েতে ফিরে আসা বা বৈধ অবস্থান বজায় রাখার জন্য অতিরিক্ত সময় দিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগের মতো স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। ভিসাধারীকে তার ভিসার প্রকৃত মেয়াদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইভাবে, কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও নির্ধারিত মেয়াদই কার্যকর হবে। শুধু আগের বিশেষ ব্যবস্থার ওপর নির্ভর করে অতিরিক্ত সময় ধরে কুয়েতে ফেরার সুযোগ থাকবে না। কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের নিজেদের ছুটির অনুমতিপত্রের বৈধতা অবশ্যই যাচাই করতে হবে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাহেল অ্যাপের মাধ্যমে পাওয়া আবাসন অনুমতিপত্রের অবস্থাসংক্রান্ত সনদকে ছুটির অনুমতিপত্রের মেয়াদ যাচাইয়ের সরকারি রেফারেন্স হিসেবে বিবেচনা করা হবে। তাই প্রবাসীদের পুরোনো কাগজপত্র, আগের বার্তা বা নিয়োগকর্তার মৌখিক তথ্যের ওপর নির্ভর না করে সাহেল অ্যাপের মাধ্যমে নিজেদের বর্তমান বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ছুটির অনুমতিপত্রের বৈধ সময় শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো প্রবাসী কুয়েতে ফিরে না আসেন, তাহলে তার আবাসন-সংক্রান্ত অবস্থায় সমস্যা তৈরি হতে পারে। একইভাবে, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ভিজিট ভিসায় কুয়েতে অবস্থান করলেও তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর প্রচলিত আবাসন আইনের আওতায় জরিমানা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে ১ সেপ্টেম্বর থেকে নতুন কোনো নির্দিষ্ট জরিমানার হার চালু হচ্ছে এমন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো নির্দিষ্ট জরিমানার অঙ্ককে সরকারি ঘোষণা হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়েতের প্রচলিত আবাসন আইনের আওতায় অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানার বিধান রয়েছে। পরিস্থিতি এবং ব্যক্তির আবাসন বা ভিসার ধরন অনুযায়ী জরিমানার পরিমাণ ভিন্ন হতে পারে। তাই ভিজিট ভিসা, আবাসন অনুমতিপত্র ও ছুটির অনুমতিপত্র প্রতিটি বিষয়কে একই নিয়মে দেখার সুযোগ নেই। কোনো ব্যক্তির ক্ষেত্রে কী ধরনের জরিমানা বা আইনগত ব্যবস্থা হবে, তা তার ভিসা বা আবাসনের ধরন এবং কী ধরনের নিয়ম লঙ্ঘন হয়েছে তার ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%