ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা


প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য কোনো প্রার্থীকে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি প্রাপ্তি নিশ্চিত করতে হয়। এই নির্বাচনে সংসদ বা ইলেকটোরাল কলেজের কোনো ভূমিকা নেই। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দ্বিতীয় দফায় মুখোমুখি হতে হচ্ছে দুই শীর্ষ প্রার্থীকে।

এই দুই প্রার্থীর একজন হলেন বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি সাধারণত লুলা নামে পরিচিত। অপর প্রার্থী হলেন প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া কট্টর ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি অভ্যুত্থানের ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দণ্ডিত হয়েছেন। তবে তিনি তার ছেলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফ্লাভিও নির্বাচিত হলে তিনি নিজেও কারামুক্তির আশা করছেন সাবেক এই প্রেসিডেন্টের।

আরও পড়ুন: ট্রাম্পের মাথাব্যথার কারণ মুসলিম প্রার্থী ড. আব্দুল এল সাইদ

ফ্লাভিও পেশায় আইনজীবী এবং রিও ডি জেনিরোর সাবেক সিনেটর। ২০২২ সালের নির্বাচনের দ্বিতীয় দফায় জইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট হন লুলা। সে সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে লুলার শক্তিশালী জনসমর্থন ছিল, অন্যদিকে দক্ষিণাঞ্চলে বলসোনারো এগিয়ে ছিলেন। প্রথম দফায় এগিয়ে থাকার পাশাপাশি মিনাস জেরাইস রাজ্যেও জয়ী হয়েছিলেন লুলা।

তবে ২০২৬ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মিনাস জেরাইসে লুলাকে পেছনে ফেলেছেন ফ্লাভিও। ওই রাজ্যে ফ্লাভিও পেয়েছেন ৪৮ দশমিক ৪৩ শতাংশ ভোট, যেখানে লুলার ভোটের হার ছিল ৪৩ দশমিক ৩৩ শতাংশ।

১৯৮৫ সালে ব্রাজিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রথম দফায় পিছিয়ে থাকা কোনো প্রার্থী দ্বিতীয় দফায় জয়ী হওয়ার নজির নেই। এই কারণে এবারের নির্বাচন লুলার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে প্রথম দফার ভোটের পর বলসোনারোর বিরোধিতায় শিক্ষার্থীদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ লুলার শিবিরকে নতুনভাবে উদ্দীপ্ত করেছে। রোববারের দ্বিতীয় দফার ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা করছেন তার সমর্থকেরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক?

ব্রাজিলের আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। ২০২৩ সালে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার তার বয়স ৮১ বছর পূর্ণ হবে। অন্যদিকে ফ্লাভিও বলসোনারোর বয়স ৪৫ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ এম


দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত

দক্ষিণ আফ্রিকার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন নারী এবং একজন বাংলাদেশি।

শনিবার (২৪ অক্টোবর) নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামের বাংলাদেশি প্রবাসী নিহত হন। একই দিনে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের সংঘর্ষে ছয় নারী প্রাণ হারান। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গাড়িতে থাকা অন্য একজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। তিনি ২০২৩ সালে জীবিকার খোঁজে দক্ষিণ আফ্রিকায় আসেন এবং সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে ফিরে যাওয়ার পর রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই দেশে রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসলে রুবেলের দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না, তাকে নিথর দেহে দেশে ফিরতে হবে।

অন্যদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। এতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে, যার ফলে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ এম


৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভোজ্যতেল, মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দেশের ৩৬টি জেলায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

রোববার (২৫ অক্টোবর) অধিদপ্তরের ৫২টি বিশেষ দল দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়।

এই অভিযানে ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলো তদারকি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়ের রশিদ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় যেন তারা দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করে, ডিজিটাল ওজনে পণ্য বিক্রি করে এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ নথিপত্র সংরক্ষণ করে। একই সঙ্গে অযৌক্তিক মজুত ও পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বাজারে সচেতনতা বৃদ্ধি করতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে। কেনাকাটার সময় পণ্যের মেয়াদ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যাচাই করার এবং অবশ্যই ক্যাশমেমো বা ক্রয়ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কেনাবেচায় প্রতারণা, মূল্য কারসাজি বা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে, যাতে বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠল আনভীর স্টেডিয়ামে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৪ এম


এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠল আনভীর স্টেডিয়ামে

এবিজি স্পোর্টস সিটির আনভীর স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। ছবি : কালের কণ্ঠ

দেশের শীর্ষ ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগে অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়গুলো।

গতকাল বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। আজ থেকে ফুটবলের দামামাও বাজতে শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, লিয়াকত হোসেন, নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এমন একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য আনভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের আয়োজন শুরু হয়েছে, আশা করি এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই হবে। ভবিষ্যতে আরো বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক বড় পরিসরে এটিকে দেখতে চাই। কয়েক দিন আগে এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে।

আজ এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আনভীর ভাই যে উন্নত স্টেডিয়াম বানিয়েছেন, তাতে আশা করি দ্রুতই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব কটি দলের জন্য শুভ কামনা।’

মোহাম্মদ রফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আনভীর ভাইয়ের এই চমৎকার আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা অনেক ভাগ্যবান।

তারা ফ্লাড লাইটের আলোয় খেলার সুযোগ পাচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন এমন সুযোগ-সুবিধা কল্পনাও করা যেত না।’ খেলোয়াড়দের উদ্দেশ্যে রফিক আরো বলেন, ‘আপনারা এখানে ডে-নাইট ক্রিকেট খেলতে এসেছেন, যা কখনো চিন্তাও করেননি। একটা অনুরোধ করব, আপনারা শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করবেন, যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। আম্পায়ার থাকবেন, ম্যাচ রেফারি থাকবেন। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, সেটাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আপনাদের জন্য শুভ কামনা রইল।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) পাঁচ উইকেটে হারিয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ, আর রানার্স আপ দল পাবে পাঁচ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ এম


দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

সার্বিয়ার রাজনীতিতে দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটিয়ে নির্বাচনে জয় অর্জন করেছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন। রোববার অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ। এই ফলাফল বলকান অঞ্চলের দেশটিতে নতুন রাজনৈতিক যুগের সূচনা করবে। খবর রয়টার্সের।

জনতাবাদী ও জাতীয়তাবাদী নেতা ভুসিচ ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছিলেন।

দুর্নীতি এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২০২৪ সালে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর এই আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে।

টেলিভিশনে দেওয়া ভাষণে ভুসিচ বলেন, “এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরে গেছি। শিক্ষার্থীদের তালিকা জয়ী হয়েছে।”

তার এই ঘোষণার পরপরই রাজধানী বেলগ্রেডের রাস্তায় আনন্দ-উল্লাস শুরু হয়। পরে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। গাড়ির হর্ন, মানুষের নাচ এবং শিক্ষার্থীদের “বিজয়” ও “তার খেলা শেষ” স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

প্রায় ৬০ লাখ মানুষের দেশ সার্বিয়ায় এই জয়কে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের ঘটনার সঙ্গে এর তুলনা করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার অভাবের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্যও সার্বিয়ার এই ফল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

প্রাথমিক ফলের ভিত্তিতে ভুসিচ জানান, ২৫০ আসনের সংসদে শিক্ষার্থীদের সমর্থিত তালিকা ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পেতে পারে ১০৫টি আসন।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাজিচ শিক্ষার্থীদের সদর দপ্তর থেকে বলেন, “প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আজ রাতে আমরা বিজয় উদ্‌যাপন করছি, আগামীকাল ভবিষ্যৎ গড়ব।”

রেকর্ড ভোটার উপস্থিতিতে শিক্ষার্থীদের জয়

রোববার ভোটগ্রহণের দিন দেশটির বিভিন্ন শহর ও জনপদের ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন দীর্ঘ সারি দেখা যায়। এমনকি বেলগ্রেডে ভোট দিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় ভুসিচকেও।

জরিপ সংস্থা ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি প্রায় ৭০ শতাংশে পৌঁছায়। ১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর এটিই দেশটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

ভোটার কাতরিনা পেত্রোভিচ বলেন, “এত বেশি ভোটার উপস্থিতি আমাকে অবাক করেনি। কারণ, গত দুই বছরে বড় ও শক্তিশালী একটি গণআন্দোলন গড়ে উঠেছে।”

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করে আবার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ভুসিচ। ক্ষমতাসীন নেতা হিসেবে তার অবস্থান ছিল শক্তিশালী। ফলে শিক্ষার্থীদের আন্দোলনের অনেকেই এত দ্রুত তার পরাজয় স্বীকারের বিষয়টি কল্পনাও করেননি।

ভুসিচের সমর্থকেরা তার সরকারের সময়ে অর্থনীতির আধুনিকায়ন এবং নতুন মহাসড়ক, রেলপথ, স্কুল ও হাসপাতাল নির্মাণের কৃতিত্ব তুলে ধরেন।

পরাজয় স্বীকার করলেও ভুসিচ বলেন, “কিছু ব্যবসায়ী, কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যাবেন। কিন্তু আমাদের সংগঠন শক্ত অবস্থানে রয়েছে। আমরা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমাদের আছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%