০২:১০ পি.এম
বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলামকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আসন্ন সম্ভাব্য নাশকতা, গোপন বৈঠক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থেকে নগরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি আকস্মিক মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পরে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে চলমান অভিযান চলছে।
"নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের নাশকতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।"
আওয়ামী লীগের এই দুই নেতার আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, অথবা কোনো নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কোতোয়ালি মডেল থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে, তাঁরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রটি জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন