ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত


শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত

রাজশাহীর পবায় এক শিশুকে (৯) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য অভিযুক্ত এক ভ্যানচালককে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানে ওঠে। দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলী পথিমধ্যে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। শিশুটি বাধা দিলেও কয়েকবার একই ধরনের আচরণ করে অভিযুক্ত ব্যক্তি। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছানোর পর বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, এই ঘটনার জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

বাংলাদেশের গৃহহীন পথশিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা বৃদ্ধির জন্য তুরস্কের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, টিকার ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ৭ জুন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে প্রবেশ করে।

বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন পথশিশুদের শিক্ষামূলক উদ্যোগকে এগিয়ে নিতে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন।

২০১৪ সাল থেকে টিকা বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি দেশের গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকি সম্পর্কে উল্লেখ করে ড. আলি এরজান আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের সুপারিশ করেন। তিনি বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগসহ টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক সহযোগিতার নতুন পথ খুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের জন্য অপেক্ষায় অস্ট্রেলিয়ার অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের জন্য অপেক্ষায় অস্ট্রেলিয়ার অধিনায়ক

ওয়ানডে ক্রিকেটে সময়টা অস্ট্রেলিয়ার জন্য তেমন ভালো যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সর্বশেষ পাকিস্তান সফরেও তাদের দল হেরে গেছে। বর্তমানে অজিদের সামনে টাইগারদের পরীক্ষা রয়েছে। নিজেদের ডেরায় টাইগারদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানলেও রোমাঞ্চকর সিরিজের আশায় তৈরি হয় বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামীকাল (৯ জুন) হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চলতি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা জশ ইংলিস প্রথম ম্যাচের আগের দিন ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে আসেন। তিনি দলের ভারসাম্য বা কম্বিনেশন সম্পর্কেও দলের অবস্থা তুলে ধরেন। দীর্ঘ ১৫ বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার বিষয়ে নিজের মনোভাবের কথা জানান তিনি।

ইংলিস বলেন, 'এটা খুবই রোমাঞ্চকর। আমরা বাংলাদেশের বিপক্ষে খুব বেশি খেলি না। বিশেষ করে এখানে, বাংলাদেশে তো একেবারেই না। এখানে আমার এটি প্রথম সফর। আমি জানি দলের আরও অনেকের জন্য এটি প্রথমবার। সিরিজটি নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। আমরা এখনও দল ঘোষণা করিনি। তাই আজ আমরা উইকেট দেখব এবং আগামীকাল আপনারা সেটি (দল) দেখতে পাবেন।'

৫০ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। তবে বর্তমান অস্ট্রেলিয়া দলের নিয়মিত অনেক খেলোয়াড়ই এই সিরিজে বিশ্রামে আছেন এবং অধিনায়ক মিচেল মার্শসহ বেশ কয়েকজন সিরিজের ঠিক আগে ছিটকে গেছেন। বাংলাদেশের হারানো অস্ট্রেলিয়া দলের জন্য এটি আরও বেশি চ্যালেঞ্জিং হলো কিনা, সে বিষয়ে টাইগারদের সামর্থ্যের প্রশংসা করেন ইংলিস।

ইংলিস বলেন, 'আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। স্বাভাবিকভাবেই আপনারা নিজেদের ঘরের মাঠের কন্ডিশনে খেলছেন। আমাদের অনেকেই আগে এখানে আসেনি, তবে আমাদের যেটা রয়েছে তা হলো নিজেদের ওপর অগাধ বিশ্বাস। আমার মনে হয় এটি একটি দারুণ সিরিজ হতে যাচ্ছে।'

সম্প্রতি আইপিএল চার ম্যাচ খেলা ইংলিস মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উইকেটের সাদৃশ্য নেই। এছাড়া টি-২০ ফরম্যাটের সাথে ওয়ানডের তুলনাটা তার কাছে প্রাসঙ্গিক নয়।

অজি অধিনায়কের মতে, 'আমরা আজ উইকেটটি দেখব। এটি সম্পূর্ণ আলাদা ধরনের, কারণ ওটা ছিল টি-২০ ক্রিকেট (ভারতের উইকেট)। আমরা আমাদের হোমওয়ার্ক করব। সম্প্রতি এখানে যে ম্যাচগুলো খেলা হয়েছে সেগুলো দেখে তারপর আজ উইকেট সম্পর্কে একটি ধারণা বা সিদ্ধান্ত নেব।'

ট্রাভিস হেড এবং মিচেল মার্শের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া এই সিরিজে তাদের পাচ্ছে না। দুজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেও বাকিদের জন্য এটাকে একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, 'তারা এখানে নেই। (বাস্তবতা) পাকিস্তানের বিপক্ষে আমাদের সদ্য সমাপ্ত সিরিজের মতোই। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ যে কিছু তরুণ খেলোয়াড় এই ধরনের কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। স্বভাবতই সামনে একটি বিশ্বকাপও রয়েছে। তাই এর আগে ভিন্ন কম্বিনেশন এবং কয়েকজন ভিন্ন খেলোয়াড়কে দেখে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।'

অস্ট্রেলিয়া সবসময়ই বিশ্বমানের পেসার তৈরি করলেও সাদা বলের ক্রিকেটে দলটি চলতি সময়ে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আসন্ন সিরিজে অভিজ্ঞতা এবং কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের পেসাররা সুবিধাজনক অবস্থানে থাকার প্রসঙ্গে সফরকারী দলের কাপ্তান থাকলেন ইতিবাচক। নিজ দলের পেসারদের ওপর রাখলেন আস্থা।

ইংলিস বলেন, 'সিরিজটি খেলার পরেই আমরা তা জানতে পারব বলে আমার ধারণা। অবশ্যই আমাদের স্কোয়াড থেকে বড় কয়েকজন খেলোয়াড় বাইরে আছে, তবে যারা গত কয়েক বছর ধরে প্রচুর খেলছে যেমন, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস- এই স্তরে তাদের ওপর ভালো অভিজ্ঞতা রয়েছে। তারা দারুণ রোমাঞ্চকর এবং এই সিরিজে তারা কী করতে পারে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।'

পাকিস্তান সফরের ব্যাটিংয়ের কোন শিক্ষাগুলো তারা বাংলাদেশে নিয়ে এসেছে- এমন প্রশ্নের সরাসরি উত্তরে ইংলিস বলেন, 'আমরা যে শিক্ষাগুলো পেয়েছি তা হলো কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। আমার মনে হয় বাংলাদেশে আমরা ভিন্ন কন্ডিশন পাবো। তবে মূল বিষয় হলো নিজের গেম প্ল্যান বা পরিকল্পনার প্রতি একদম পরিষ্কার থাকা। আপনি কীভাবে খেলতে চান তা জানা এবং তারপর দীর্ঘ সময় ধরে সেটি বজায় রাখা। যারা সফল হয়েছে তারা এটি বেশ ভালোভাবেই করেছে, তবে আমরা আরও দীর্ঘ সময় ধরে এটি করতে চাই এবং বড় স্কোর গড়তে চাই।'

পেস-বান্ধব উইকেট আশা করছেন কিনা- জানতে চাইলে তার সাফ জবাব, 'এখানে নিউজিল্যান্ডের যে সিরিজটি হয়েছিল তা আমরা দেখেছি, তাই না? সেখানে উইকেটে কিছুটা ঘাস ছিল বলে মনে হয়েছিল। নতুন বল কিছুটা মুভ করছিল এবং উইকেটটি স্পিন-নির্ভর হওয়ার চেয়ে সিম-বান্ধব বেশি ছিল। আমরা বিষয়টি মাথায় রাখব, তবে আমরা যেকোনো কিছুর জন্যই প্রস্তুত। গতকাল আমি সংক্ষেপে একটু (উইকেট) দেখেছি, তবে খুঁটিয়ে দেখা হয়নি, তাই আজ আবার দেখব।'

পেসার নাথান এলিসের বৈচিত্র্যময় বোলিং বাংলাদেশের ব্যাটারদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। সিরিজে তার অজিদের জন্য এক্স-ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনার পালে ইংলিস হাওয়া লাগান।

'আমার মনে হয় গত কয়েক বছরে সে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা তাকে যে ভূমিকাই দিয়েছি, সে তা লুফে নিয়েছে। অবশ্যই তার ঝুলিতে সব ধরনের বৈচিত্র্য রয়েছে। তবে সে অত্যন্ত দক্ষ এবং খেলার তিনটি ফেজেই (শুরুতে, মাঝে ও শেষে) বল করতে পারে। আমি আশা করি এই সিরিজে সে বড় ভূমিকা পালন করবে।'

বিশ্ব ক্রীড়াপ্রেমীদের নজর এখন আসন্ন ফুটবল বিশ্বকাপের দিকে। অন্যান্য খেলাধুলা নিয়ে সবার আকর্ষণটা তাই কিছুটা কম থাকবে। তবে ইংলিসের বিশ্বাস, রোমাঞ্চকর সিরিজ মাঠে গড়াবে।

'আমার মনে হয় এটি খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। আগে যেমনটা বললাম, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ খুব বেশি মুখোমুখি হয় না। আমি জানি আমাদের ছেলেরা দারুণ উত্তেজিত এবং এই কন্ডিশনে মাঠে নেমে খেলার জন্য আমরা মুখিয়ে আছি।'

অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়া এবং ভবিষ্যতে ওয়ানডে বা অন্য কোনো ফরম্যাটে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে নিজেকে দেখার বিষয়টি অজি অধিনায়ক উড়িয়ে দেন।

'আমি ঠিক তেমনটা বলব না। সত্যি বলতে, আমি এত দূরের কথা ভাবিনি। অবশ্যই (নিয়মিত) কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত এবং যখনই প্রয়োজন হবে আমি দায়িত্ব পালন করবো। তবে গত কয়েকটি সিরিজে নিজের দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এটি আমার জন্য খুবই বিশেষ কিছু। আমাদের দলটি তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং এটি বেশ মজার। এই ছেলেদের জন্য ভিন্ন কন্ডিশনে এসে খেলাটা অনেক আনন্দের। আমি শুধু এই পুরো অভিজ্ঞতাটা লুফে নেয়ার এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় স্পেনের সহযোগিতা কামনা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় স্পেনের সহযোগিতা কামনা বাংলাদেশের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) স্পেনের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

আজ সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য স্পেনের সহযোগিতার আহ্বান জানায়, যা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি এলডিসি-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রচেষ্টার জন্য মাদ্রিদের সমর্থন কামনা করেন।

শামা ওবায়েদ ইসলাম দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও ধারাবাহিক মনোযোগ এবং সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।

স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান।

দুই পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের গুরুত্বের ওপর জোর দেন, যা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

দুটি দেশ বাংলাদেশ ও স্পেনের পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, রেল যোগাযোগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ বৈঠক আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রোববার রাত থেকে ইসরাইলকে লক্ষ্য করে ইরান প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলার ঘটনা।

সোমবার একটি সামরিক কর্মকর্তা ইসরাইলের সাংবাদিকদের বলেন, 'গত রাতে ইরান ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।'

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছেন।

তিনি আরও জানান, আলাদাভাবে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এর আগে সোমবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছিল।

ইসরাইলি ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, 'এই কমপ্লেক্সে এমন ধরনের রাসায়নিক উপাদান উৎপাদন করা হয়, যা ইসরাইলের দিকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে।'

তিনি উল্লেখ করেছেন, 'এই হামলা ও কমপ্লেক্সটির ক্ষয়ক্ষতি তাদের বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সক্ষমতায় বিঘ্ন ঘটাবে।'

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা করেছে।

ওই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধানের সঙ্গে দুই দফা কথা বলেছেন।

তিনি বলেছেন, 'গত ২৪ ঘণ্টায় আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ দুবার সেন্টকম কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।'

এদিকে সোমবার ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

একই সঙ্গে জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপি’র সাংবাদিকরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরাইলের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%