০১:৪৫ পি.এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের নিকট গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এই আহতদের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছরের নিচে। গুলিবিদ্ধ ১১ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে, যখন বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের পাশে একটি সড়কের মোড়ে ফুটবল খেলা চলছিল, যা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পুনর্মিলনী উৎসবের অংশ ছিল।
তালাহাসি পুলিশ বিভাগ জানিয়েছে, গুলিবর্ষণের পূর্বে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে পারে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় থাকা তিনজন ছাড়া অন্য আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানায়। তারা এও জানায় যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেরি স্ট্রিটে ঘটে যাওয়া এই ঘটনায় আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়, যা ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত, জরুরি সতর্কবার্তা জারি করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তালাহাসি এলাকার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং সতর্ক থাকতে বলা হয়। তবে, তাদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কেউ এ ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে না।
তালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল আহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "আহতদের মধ্যে শিশুদের থাকাটা বিশেষভাবে বেদনাদায়ক।"
আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং গুলিবর্ষণের বিষয়ে তথ্য জানেন এমন প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন