বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:০০ এম
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।
এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদনকারী দেশটি মার্কিন প্রযুক্তির সহায়তায় নিজেদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমঝোতাটি আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা বিধান বজায় রাখার পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবের জ্বালানি খাতে প্রবেশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ্যে না এলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সমঝোতা অনুযায়ী সৌদি আরব পরবর্তীতে নিজেদের ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পেতে পারে। মার্কিন কোনো প্রতিষ্ঠানের তৈরি করা সেন্ট্রিফিউজ সুবিধাকে কাজে লাগিয়ে সেখানে ইউরেনিয়াম প্রসেসিং পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরিতেও ব্যবহারযোগ্য। ফলে পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের বড় একটি অংশ আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের মতে, আন্তর্জাতিকভাবে অন্য কোনো দেশকে নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যুক্তরাষ্ট্র আগে কখনো সহায়তা দেয়নি, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে।
অবশ্য এই অভিযোগ ও ঝুঁকি নাকচ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি করে; এমন কোনো পদক্ষেপ ওয়াশিংটন কখনো নেবে না। এছাড়া মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, চুক্তিটিতে বিশ্বমানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
এই চুক্তির রাজনৈতিক ও কৌশলগত সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত টানাপোড়েন, সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি নৌসীমানায় ব্লকেড দেওয়ার খবরের পরপরই এটি স্বাক্ষরিত হলো। পূর্বের নীতি অনুযায়ী সৌদি আরবের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের পূর্বশর্ত হিসেবে ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি জোর দেওয়া হতো।
কিন্তু এবার ট্রাম্প প্রশাসন সেই শর্ত ছাড়াই চুক্তিটি সম্পাদন করেছে বলে খবর পাওয়া গেছে। এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, রিয়াদ যাতে রাশিয়া বা চীনের সঙ্গে এ ধরনের সামরিক ও প্রযুক্তিগত চুক্তিতে আবদ্ধ না হতে পারে, সে জন্য ওয়াশিংটন তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে।
তবে এই চুক্তিটি বাস্তবায়ন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে এবং এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ইতিমধ্যে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মার্কিন সরকারের করা পারমাণবিক চুক্তির সঙ্গে এর পার্থক্য রয়েছে; যেখানে ইউএই নিজেদের মাটিতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে অঙ্গীকার করেছিল। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও চুক্তি পর্যালোচনার সময় সিনেট ও হাউস রিপ্রেজেন্টেটিভসে এটি তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতির দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে আদালত ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।
একই সময়ে আদালত নির্দেশ দিয়েছেন, প্রায় এক কোটি ৭০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
বুধবার দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই তথ্যটি দুদকের আইনজীবী শেখ কোব্বাত হোসেন জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) উপজেলা রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।
মামলার বরাতে আইনজীবী জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ নভেম্বর মামলা করা হয়েছিল। একইসঙ্গে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায়ও অভিযোগ উঠেছিল।
আইনজীবী শেখ কোব্বাত হোসেন আরও বলেন, মামলার পর আসামি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। আদালত আসামিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন। একইসঙ্গে আসামির এক কোটি ৬৯ লাখ চার হাজার ২৭১ টাকার মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থপাচার আইনের ধারার অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে আইনজীবী বলেন, আসামির আগের হাজতবাসের সময় প্রদত্ত সাজার সঙ্গে সমন্বয় করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ১২টি গাঁজা গাছসহ একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আয়েশা বেগম (৫০) একই এলাকার মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা-পুলিশের একটি দল ধরমন্ডল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আয়েশা বেগমের বাড়ি থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গণমাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন যে, তিনি বাড়িতেই গাঁজার গাছ লাগিয়ে সেগুলো থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে তিনি সেগুলো ছোট ছোট পুরিয়ায় ভরে বিক্রি করতেন। তিনি জানান, নিজেও গাঁজা সেবন করতেন এটা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপউপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বর্তমান উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
বিভিন্ন ধাপ অতিক্রম করে পরে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উচ্চশিক্ষার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে তিনি ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লোহিত সাগরে, সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের হুথি গোষ্ঠী বড় ধরনের হামলা চালিয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির সাধারণ পরিবহণ কর্তৃপক্ষের এক কর্মকর্তা, যা রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রচার করেছে।
জাহাজের নাম ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’। হুথিদের দাবি, তারা একই সময়ে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় জাহাজগুলোতে বড় ধরনের আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হুথিরা বলছে, এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘যেমন কর্ম, তেমন ফল’ নীতির অংশ। গোষ্ঠীটি দাবী করেছে যে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। সুতরাং, এখন ইয়েমেনও সদৃশভাবে জবাব দিচ্ছে।
এদিকে, সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লোহিত সাগরে চলাচলের সময় হামলার শিকার হয়েছে। সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে, হামলায় জাহাজটির সামনের অংশে আগুন লাগে। তবে সব нাবিক নিরাপদ রয়েছে এবং জাহাজ, নাবিক ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সৌদি আরবের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল (প্রায় ১৩০ কিলোমিটার) দূরে একটি জাহাজে হামলা হয়েছে। এতে জাহাজে আগুন লাগে। তবে নাবিকদের মধ্যে কেউ হতাহত হয়েছে- এ রকম কোনো তথ্য জানা যায়নি।
বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পণ্য পরিবহণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এটি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ