ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির হিসেবে সেলিম উদ্দিন পুনর্নির্বাচিত


ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির হিসেবে সেলিম উদ্দিন পুনর্নির্বাচিত

মোহাম্মদ সেলিম উদ্দিন পুনর্নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় তার নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী সম্মেলনে ১৩ হাজার রুকন ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ ও নারী সদস্যরা গোপন ব্যালটে তাদের পছন্দের দায়িত্বশীল নির্বাচন করেন। ১৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সর্বাধিক ভোট পাওয়া ব্যক্তি নির্বাচিত হন। এখানে কোনো প্রার্থী থাকেন না; পদপ্রত্যাশী হলে সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বিবেচিত হন।

আরও পড়ুন: উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে হেনস্তা

২০০৩ সালে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন সেলিম উদ্দিন এবং ২০০৪-২০০৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরে তিনি দিগন্ত টেলিভিশনের উদ্যোক্তা ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি রমনা থানা জামায়াতের আমির, অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যের দায়িত্বও পালন করেছেন। ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা, সাদা এবং তাইজসহ বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০ জন নিহত হওয়ার খবর দিয়েছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে নিহতদের পরিচয় বা তারা কি বেসামরিক নাগরিক, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, এসব হামলায় রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে, বুধবার ইয়েমেনের সরকারি বাহিনী একটি বিবৃতিতে জানায় যে, পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় তারা আরও অগ্রসর হয়েছে। এর আগের দিন ওই এলাকার উঁচু স্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বাহিনী। তারা হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সেখানে অগ্রসর হওয়ার কথা জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ইয়েমেন আর্মি মিডিয়া বুধবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওগুলোতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজমে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে চতুর্থ স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ এম


ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে চতুর্থ স্থানে

রাজধানী ঢাকা আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৭০ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

এই তথ্যটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পাওয়া যায়।

এসময় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে পাকিস্তানের লাহোরের নাম উঠে আসে, যেখানে একিউআই স্কোর ছিল ৩২২, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি রয়েছে, যার স্কোর ২৭৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তৃতীয় স্থানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ১৯৬ স্কোর নিয়ে অবস্থান করছে।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ু হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় মনে করা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।

বিশ্বব্যাংকের একাধিক গবেষণায় ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও সড়কের ধুলাবালিকে চিহ্নিত করা হয়েছে। শুষ্ক মৌসুমে এসব উৎস থেকে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে নির্মাণকাজ ও যানজটপূর্ণ এলাকায় সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫-এর পরিমাণ বেশি পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ এম


প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করার জন্য দায়ী সচিব মোহাম্মদ মসিউর রহমানকে ঢাকা সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের পদ থেকে সরানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ল মন্ত্রণালয় জনপ্রশাসন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হলো। তবে, প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে, ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর 'এক রুট, এক কোম্পানি' উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন যে, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ-এর তোপের মুখে পড়েছে। বাংলাদেশকে সকাল সকাল উইকেট এনে দিয়েছেন তারা। ইনিংসের ৬ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেটে সিরিজ হার ঠেকাতে মাঠে নামা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। মুমিনুল হক কনকাশনজনিত কারণে বাদ পড়েছেন। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

সকালের সেশনে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন তাসকিন। তিনি উপড়ে ফেলেছেন ব্রেন্ডন কিংয়ের স্টাম্প। তাসকিনের ফুল লেন্থের বল ভেতরের দিকে সুইং করে পিচ করে। মিড উইকেটের দিকে ফ্লিক করার চেষ্টা করে পরাস্ত হন কিং। এতে উইকেট ছত্রখান হয়ে যায়।

১৪ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিং ফেরেন ৯ রান করে।

পরের ওভারে জাদু দেখান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা হাসানের ব্যাক অফ লেন্থের ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন কাভেম হজ। কিন্তু পিচে পড়ে বল স্কিড করে সরাসরি আঘাত হেনেছে মিডল স্টাম্পের মাথায়। ফলে ১৪ রানে ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%