ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?


মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্ব লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে চলমান দ্বন্দ্বের সাক্ষী হয়ে এসেছে। সময়ের সাথে সাথে তাঁদের এই লড়াই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। তবে, এবার কি সেই দুই মহাতারকাকে একই দলের হয়ে মাঠে দেখা যাবে?

আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় তেভেজের সম্মানে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই ম্যাচের আমন্ত্রিতদের তালিকায় মেসি ও রোনালদো দুজনের নামও রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তাহলে এই প্রথমবারের মতো একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে।

এ খবরটি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস প্রকাশ করেছে। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও একই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতির পাশাপাশি ম্যাচটি তেভেজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, তিনি এখনও খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক বিদায় নেননি।

তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে। যদিও তিনি পরের বছর, ২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেন। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি ৪২ বছর বয়সী এই তারকার। এবার তিনি সেই আনুষ্ঠানিক বিদায় আয়োজন করতে যাচ্ছেন। এ জন্য বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও নাকি মিলেছে।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর তেভেজ কোচিংয়ে কিছুটা পথ পাড়ি দিয়েছেন। তিনি রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে এবং সর্বশেষ তায়ারেসের ডাগআউটে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কোনো দলের দায়িত্বে নেই।

শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাঁচ বছরেরও বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করে চমকই দিতে যাচ্ছেন তেভেজ। তার ওপর মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতি ম্যাচটিকে বাড়তি আকর্ষণ দিতে পারে।

আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ

তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁরা সতীর্থ ছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সেই তালিকার অংশ হিসেবেই আমন্ত্রণ পেয়েছেন মেসি ও রোনালদো।

মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। আর ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদোর সতীর্থ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফলে দুই মহাতারকাকে একই ম্যাচে হাজির করার পেছনে তেভেজের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্কও একটি বড় কারণ।

তবে, শেষ পর্যন্ত মেসি ও রোনালদো একই সময়ে আর্জেন্টিনায় গিয়ে তেভেজের বিদায়ী ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। ওই সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে গেলেও সৌদি প্রো লিগের দল আল নাসরের খেলা থাকার কথা।

সূত্র: গোল ডটকম

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে রাজ্যকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল তৃণমূল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছরে ফ্যাসিবাদী সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি: এমপি জিলানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


১৭ বছরে ফ্যাসিবাদী সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি: এমপি জিলানী

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী মন্তব্য করেছেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার দেশে কোনো গ্যাসকূপ খনন করতে সক্ষম হয়নি। তাদের পক্ষ থেকে গ্যাসকূপ খনন বা উত্তোলনের জন্য কোনো পরিকল্পনাও গ্রহণ করা হয়নি। এর ফলে দেশে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং গ্যাসনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বিদ্যুৎ সমস্যা সমাধানে দিনরাত কাজ করে যাচ্ছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জিলানী আরও উল্লেখ করেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি হুমকি-ধামকি প্রদান করা হচ্ছে। তবে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের হুমকিতে ভীত নয়। বিএনপি হুমকি-ধামকির রাজনীতিতে বিশ্বাস করে না। এই দলের নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে ভোটের কালি আঙুল থেকে মুছে যাওয়ার আগেই সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা করে সুদসহ কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃক্ষরোপণ ও খাল খননের কাজও শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম হাওলাদার উপস্থিত ছিলেন।

এছাড়া মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, ফায়েকুজ্জামান শেখসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা

বলিউড অভিনেত্রী বিপাশা বসু সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে তীব্র ট্রোলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার অভিযোগ, নারীদের দ্রুত আগের শরীরের গঠনে ফিরে আসার জন্য অবাস্তব প্রত্যাশা করা হয়, যা তাদের জন্য অত্যন্ত চাপের বিষয় হয়ে দাঁড়ায়।

তিনি উল্লেখ করেছেন, "তা না হলে অনেককেই নির্মমভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়।" এ বিষয়ে বিস্তারিত তথ্য

হিন্দুস্তান টাইমসে

র এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সম্প্রতি এলে ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিপাশা তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, মা হওয়ার পর তার শরীর নিয়ে ব্যাপক ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে।

বিপাশা আরও বলেন, নারীদের শরীর নিয়ে মানুষের আলোচনা এখনো অদ্ভুত। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পরও অনেকের প্রত্যাশা থাকে, তিনি যেন দ্রুত ২০ বছর বয়সের মতো শরীর ফিরে পান। বয়স ৪০ হলেও তার কাছে ২০ বছর বয়সের শরীরের মতোই প্রত্যাশা করা হয়। আর সেই প্রত্যাশা পূরণ না হলে ট্রোলিং শুরু হয়ে যায়।

২০২২ সালের ১২ নভেম্বর, বিপাশা তার স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে কন্যাসন্তান দেবীর জন্ম দেন। এরপর থেকে তার শরীরের পরিবর্তন নিয়ে নানা কটূক্তি ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। অভিনেত্রী জানান, মা হওয়ার পর তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এমনকি কিছু অসংবেদনশীল পাপারাজ্জি তার এমন কিছু ছবি তুলেছিলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের জন্ম দেয়।

বিপাশা বলেন, "একটি সন্তানকে সামলানোর পাশাপাশি নিজের জীবন, জীবনযাপন ও ব্যক্তিগত নানা চাপও সামলাতে হয় একজন নারীকে।" কিন্তু এসব বিষয় অনেকেই দেখেন না। সবার প্রত্যাশা থাকে, সন্তান জন্মের পর নারী যেন দ্রুত আগের চেহারা ও শরীরের গঠনে ফিরে আসেন।

তবে বিপাশা জানান, এসব ট্রোলিং তাকে ভেঙে দিতে পারেনি। তিনি নিজের প্রতি আস্থা রাখেন এবং বলেন, "আমি নিজের যাত্রা সম্পর্কে জানি এবং কখন কী করতে হবে, সেটিও আমার জানা।" তাই বাইরের মানুষের নেতিবাচক মন্তব্যকে তিনি গুরুত্ব দেন না।

নারীদের শরীর নিয়ে অবাস্তব সামাজিক প্রত্যাশার বিষয়টি নিয়েও কথা বলেন বিপাশা। তার মতে, সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সেই পরিবর্তনকে ঘিরে উপহাস বা কটূক্তি করা মোটেও সংবেদনশীল আচরণ নয়।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার ২০১৫ সালে অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর প্রেমের পর ২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন তাঁরা।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের সংসারে আসে কন্যাসন্তান দেবী বসু সিং গ্রোভার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় বিপাশাকে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের দাম বৃদ্ধিতে লেবার ডে উইকএন্ডে বাড়ছে মার্কিনদের খরচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


গ্যাসের দাম বৃদ্ধিতে লেবার ডে উইকএন্ডে বাড়ছে মার্কিনদের খরচ

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এবারের লেবার ডে উইকএন্ডে ভ্রমণ খরচ অনেক বেশি হয়ে উঠেছে। বিশেষ করে গাড়িতে দীর্ঘ দূরত্ব ভ্রমণকারী পরিবারগুলোকে গত বছরের তুলনায় গ্যাসের জন্য অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। AAA-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এবারের ছুটিতে গ্যাসের দাম গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

AAA-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের লেবার ডে-তে যুক্তরাষ্ট্রে নিয়মিত গ্যাসের জাতীয় গড় দাম ছিল প্রতি গ্যালন ৩ ডলার ১৯ সেন্ট। তবে চলতি বছরে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সেই তুলনায় দাম অনেক বেশি। একই সময়ে, দেশটির অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ ফ্লাইটের গড় ভাড়া গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে প্রায় ৭৫০ ডলার হয়েছে। জনপ্রিয় অভ্যন্তরীণ গন্তব্যগুলোর ক্ষেত্রে গড় ভাড়া প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়ে প্রায় ৮০০ ডলার হয়েছে।

শুধু বিমান ভ্রমণ নয়, হোটেলের খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে গাড়ি, বিমান কিংবা হোটেল - প্রায় সব ধরনের ভ্রমণেই এবারের ছুটিতে অতিরিক্ত খরচের সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। তবে AAA-এর তথ্য অনুযায়ী, গাড়ি ভাড়ার গড় খরচ কিছুটা কমেছে।

 

গ্যাসের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক তেলের বাজারের অস্থিরতাও একটি বড় কারণ। রয়টার্সের ৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ায় সপ্তাহের শেষ দিকে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহ শেষে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৬৮ সেন্টে পৌঁছেছে, যা এক সপ্তাহে ৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্ট প্রতি গ্যালনে উঠেছে।

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া। রয়টার্স জানিয়েছে, ৪ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৃহস্পতিবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যেখানে আগের ১০ দিনের গড় ছিল ১৫টি।

এদিকে, লেবার ডে উইকএন্ডে ভ্রমণের চাপও বেশি থাকবে। AAA বলছে, অনেক যাত্রী বৃহস্পতিবার কর্মদিবস শেষে এবং শুক্রবার রাস্তায় বের হচ্ছেন। শনিবারও দুপুরের পর সড়কে যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। ছুটির সময়ে সিয়াটল, অরল্যান্ডো, বোস্টন, ডেনভার ও নিউইয়র্ক ছিল জনপ্রিয় অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে।

ফলে গ্যাসের বাড়তি দাম, ফ্লাইট ও থাকার খরচ এবং সড়কে বাড়তি চাপ - সব মিলিয়ে এবারের লেবার ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের জন্য ভ্রমণের বাজেট আগের চেয়ে বড় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনায় বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর পর দায়ের করা মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

 

আসামিদের মধ্যে রয়েছেন পনি গাজী, যিনি প্যারা পনি নামেও পরিচিত, সেড্রিক জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

 

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৩১ আগস্ট আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট, স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের ডাক্তার দেখানোর জন্য ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

 

অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরবর্তীতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

 

মামলার পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%