০৯:৪৪ পি.এম
শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত ও সম্প্রসারণের উদ্দেশ্যে এশিয়ার সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় বাজেটে বিভিন্ন আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় যথেষ্ট অর্থ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মাহ্দী আমিন।
আরও পড়ুন: নেত্রকোণার আটপাড়া-কেন্দুয়া উপজেলায় সন্ত্রাস-নাশকতায় বিন্দুমাত্র ছাড় নেই
বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়; এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের জন্য সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা উচিত নয়।
তিনি আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখে প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত। বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণে আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই, শুধুমাত্র স্বল্পমেয়াদি হিসাব-নিকাশ নয়, টেকসই ও মানবিক আগামী গড়তে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্দী আমিন। আলোচনা সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।
আরও পড়ুন: ড. শফিকুর রহমানের বক্তব্য: ফাল্গুনে কুহু কুহু বলার সময়
জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় কীভাবে টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
আঞ্চলিক এ সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, বেসরকারি খাতের অংশীদার ও শিশু অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সংলাপে আরও বক্তব্য দেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, থাইল্যান্ডে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।
আরও পড়ুন: নাশকতার ইঙ্গিত পেলে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন