০৯:৪৪ পি.এম
দেশের অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মুহম্মদ শহিদুল ইসলাম মন্তব্য করেন, ব্যবসায়িক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীদের কল্যাণ এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের ব্যবসায়ীরা বিশ্ববাজারে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
আরও পড়ুন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্দী আমিনের
সম্মেলনে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খাতটির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল।
সভাপতির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, ‘কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়, তবে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।’
অনুষ্ঠানে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সহসভাপতি কাজী আব্দুল মান্নান ও মিয়া মুহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তরের সভাপতি মো. গোলাম মুর্তুজা এবং সংগঠনের আজীবন সদস্য মো. মিজানুর রহমান, মো. তালাত মাহমুদ মাসুম ও মোহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের ৬৪.৫% মানুষ আর্থিক সেবার আওতায়: বাংলাদেশ ব্যাংক জরিপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন