শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪০ এম
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অদ্য ইং ০৪/০৯/২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.৪৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫ নং ঘাটনগর ইউপির অন্তর্গত নোচনাহার (কাচারাীপাড়া) ধৃত আসামীদ্বয়ের পিতা মোঃ আবু তালেব এর বসতবাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৪/০৯/২৬ তারিখ রাত্রী ২১:১৫ ঘটিকায় আসামীদ্বয়ের পিতার বাড়িতে মাদক বিক্রয় কালে আসামী ১। মোঃ রমজান আলী (৩১), ২। মোঃ ফিরোজ কবির (২৯) উভয় পিতা- মোঃআবু তালেব উভয় সাং- নোচনাহার( কাচারীপাড়া), থানা- পোরশা, জেলা- নওগাঁদ্বয়কে হাতেনাতে ধৃত করে। একই তারিখ ২১:৫০ ঘটিকায় ধৃত আসামীদ্বয়ের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিন দ্বারা মোড়ানো (৩৯+৩০) সর্বমোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার ওজন ১৮.৬৩ গ্রাম, বিক্রয় মূল্য ২০,৭০০/-(বিশ হাজার সাতশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর ভূমিধসের সম্ভাবনা নিয়ে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া কর্তৃপক্ষ। শনিবার, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এই সতর্কতা প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ হিসেবে চিহ্নিত করেছে জেএমএ। সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকা গুলোর মধ্যে ইতোমধ্যে দুর্যোগ সংঘটিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠেছে।
জেএমএ এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের জীবন বর্তমানে তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায়, স্থানীয় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে থাকা কোনো ভবনে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
জেএমএ সতর্ক করে বলেছে, আরও বিশেষ সতর্কতা জারি হওয়ার আগে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় নাও পাওয়া যেতে পারে। তাই নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষায় কোনো ধরনের অপেক্ষা না করে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনসাধারণকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এর আগে, নেপাল ও চীনে হিমবাহ ও ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং এখনও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শকদের বাড়তি আগ্রহের কারণ হয়ে দাঁড়ায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে ইতোমধ্যে তারা নিজেদের রসায়ন দিয়ে দর্শকের নজর আকৃষ্ট করেছেন। এবার তাদের দেখা যাবে নতুন গল্পে, যার নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে সাদিয়া আয়মান খবরটি জানান। পোস্টারে দেখা গেছে, একটি বাসের ভেতর হাস্যোজ্জ্বল অবস্থায় পাশাপাশি বসে আছেন ইরফান ও সাদিয়া। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’
পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরফান ও সাদিয়ার নতুন রসায়ন কেমন হবে এবং গল্পের ধরন কী হবে, এসব বিষয়ে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে।
‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথি সহ আরও অনেকে।
এর আগে তারা ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’ এবং ‘পাতাবাহার’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। প্রতিটি নাটকে দর্শকদের মধ্যে তাদের জুটি আগ্রহ সৃষ্টি করেছে।
এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ নতুন গল্প ও চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তারা। নাটকটি কবে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন এই জুটির কাজটি ঘিরে অপেক্ষা শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশিদের সতর্ক করেছে বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড সম্পাদন করা যাবে না।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে মার্কিন দূতাবাস উল্লেখ করেছে যে, শিশুর মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কোনো কাজও এই ভিসার আওতায় করা যাবে না। একইভাবে, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।
এর আগে, গত ২২ আগস্ট মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল যে, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের পর্দা কাঁপানো অজয় দেবগন এবার টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন। তবে এটি কোনো অভিনয় নয়, বরং জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে তার উপস্থিতি। টেলিভিশনে পা রাখার সঙ্গে সঙ্গেই তার পারিশ্রমিকের পরিমাণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্ব ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অজয় ১৫টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। এর ফলে প্রতি পর্বে তার আয় দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা।
এমন বিশাল পারিশ্রমিক স্বাভাবিকভাবেই অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন উপস্থাপকদের তালিকায় সামনের সারিতে নিয়ে এসেছে। তবে এত বড় অঙ্কের পরও টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকের মুকুট এখনও অজয়ের মাথায় উঠছে না।
এটি দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। তিনি প্রায় দেড় দশক ধরে ‘বিগ বস’ সঞ্চালনার মাধ্যমে টেলিভিশন দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সালমানের পারিশ্রমিকও বছর বছর বেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে সালমান শুরুর দিকে প্রতি পর্বে প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেতেন। পরবর্তীতে কয়েক দফায় সেই অঙ্ক বেড়ে গেছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম মৌসুমে তার পারিশ্রমিক সপ্তাহপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
চার মাসের একটি দীর্ঘ মৌসুমের হিসাব ধরলে সালমানের পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ফলে অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক বড় চমক হলেও টেলিভিশন উপস্থাপনার দুনিয়ায় সালমানের বিশাল পারিশ্রমিকের ধারে-কাছেও এখনও পৌঁছাতে পারেননি তিনি।
তবে অজয় দেবগনের টেলিভিশন অভিষেক এবং ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে তার উপস্থিতি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ