ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ


শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে এই পণ্যগুলো জব্দ করা হয়।

 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের আওতায় দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি পরিচালনা করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট এবং ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়।

একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে আরো ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট এবং ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ হয়েছে।

 

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

অন্যদিকে, সি-শিফটের আওতায় দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক সোয়া ২টায় ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগেজ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট এবং ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম এবং ৩ কেজি জর্দা জব্দ করা হয়।

 

এছাড়া, কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সি-শিফটের এসব অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা এবং ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

দুই শিফটের পৃথক অভিযানে সব মিলিয়ে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ হোয়াইটেনিং সিরাম, জর্দা এবং বিদেশি লিকার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

 

যাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইউএস ওপেন

আর্জেন্টিনার নাভোনের কাছে হেরে চোখের জলে বিদায় জোকোভিচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২০ এম


আর্জেন্টিনার নাভোনের কাছে হেরে চোখের জলে বিদায় জোকোভিচের

টেনিস সম্পর্কিত ওয়েবসাইটগুলো এই পরাজয়কে শতাব্দীর অন্যতম বৃহৎ অঘটন হিসেবে বিবেচনা করছে।

এটি তো স্বাভাবিকই। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামের অধিকারী নোভাক জোকোভিচ।

 

তিনি ইউএস ওপেনও ৪ বার জিতেছেন। যদিও তার সেরা সময় পেছনে পড়ে গেছে, তবুও তিনি এখনো বিশ্ব র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে অবস্থান করছেন।

কিন্তু সেই জোকোভিচ কি না হেরে গেলেন র‌্যাংকিংয়ের ৪৯ নম্বরে থাকা আর্জেন্টিনার মারিয়ানো নাভানোর কাছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার পর কোর্ট ছেড়েছেন তিনি চোখের জল নিয়ে।

 

২০ বছর পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের প্রথম ম্যাচে পরাজয়ের সম্মুখীন হলেন তিনি।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে আজ ৪ ঘণ্টা ৩৬ মিনিটের এক নাটকীয় ম্যাচে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে জয়লাভ করেন নাভোনে।

এই পরাজয় জোকোভিচের ক্যারিয়ারে একটি বিরল অভিজ্ঞতা। ইউএস ওপেনে এর আগে কখনোই প্রথম রাউন্ডে হারেননি তিনি।

 

এছাড়া, কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে সর্বশেষ হেরেছিলেন ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে।

ম্যাচের শুরুতে জোকোভিচের পক্ষে ছিল পরিস্থিতি। সার্ভ ভেঙে এগিয়ে গেলেও নিউ ইয়র্কের আর্দ্র আবহাওয়ায় শারীরিক সমস্যায় পড়েন তিনি। দীর্ঘ র‌্যালির পর তার গতিতে হ্রাস ঘটে এবং সার্ভ ও গ্রাউন্ডস্ট্রোকে আগের মতো দেখা যায়নি। প্রথম সেটের মাঝামাঝি সময়ে তিনি চিকিৎসকের সাহায্য চান এবং ওষুধও গ্রহণ করেন।

 

শেষ পর্যন্ত টাইব্রেকে প্রথম সেটটি হারান তিনি।

দ্বিতীয় সেটে জোকোভিচ অবশ্য ঘুরে দাঁড়ান। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরান। তৃতীয় সেটেও তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল। নাভোনের সার্ভ ভেঙে সেটটি ৬-৪ ব্যবধানে জিতে ২-১ সেটে এগিয়ে যান তিনি।

তখন মনে হচ্ছিল, হয়তো আবারও ঘুরে দাঁড়ানোর গল্প লিখবেন জোকোভিচ। কিন্তু চতুর্থ সেটে পরিস্থিতি বদলে যায়। শারীরিক দুর্বলতা আরো প্রকট হয়ে ওঠে তার। ম্যাচ চলাকালে একাধিকবার বমি করেন তিনি। সুযোগ বুঝে নাভোনে টানা আক্রমণ চালিয়ে ৬-২ ব্যবধানে চতুর্থ সেট জিতে ম্যাচকে নির্ণায়ক সেটে নিয়ে যান।

শেষ সেটে আর লড়াই জমাতে পারেননি জোকোভিচ। তার জন্য চলাফেরা করা আরো কঠিন হয়ে পড়ে। নাভোনে শুরু থেকেই চাপ বাড়িয়ে দ্রুত এগিয়ে যান।

একপর্যায়ে জোকোভিচকে কোর্টে কাঁদতে দেখা যায়। শারীরিক কষ্টের পাশাপাশি ম্যাচের আবেগও তখন স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে পঞ্চম সেট জিতে ক্যারিয়ারের অন্যতম বড় জয় নিশ্চিত করেন নাভোনে।

ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান দেখান জোকোভিচ। দুজন নেটের কাছে একে অপরকে অভিনন্দন জানান।

নাভোনের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বপ্নের মতো জয়। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন তিনি।

ম্যাচ শেষে জোকোভিচকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে আমার কিছুই নেই।’ অন্যদিকে নাভোনে ঐতিহাসিক জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে অংশীদারি বাড়াচ্ছে ভারত-উজবেকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে অংশীদারি বাড়াচ্ছে ভারত-উজবেকিস্তান

ভারত ও উজবেকিস্তান প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি তাসখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর জানানো হয়।

দুই দেশের শীর্ষ নেতারা সফরকালে যৌথ সামরিক মহড়া ‘ডাস্টলিক’-এর সফল আয়োজনের প্রশংসা করেন, যা ২০২৬ সালের এপ্রিলে উজবেকিস্তানের নামানগান অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া, প্রতিরক্ষা শিল্পের বিকাশ, যৌথ উৎপাদন এবং সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন, দুই দেশের গভীর সামরিক সম্পর্ক এই অঞ্চলের নিরাপত্তার মূল ভিত্তি।

সন্ত্রাসবাদ দমনে (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার অঙ্গীকার দুই দেশ পুনর্ব্যক্ত করেছে।

 

যৌথ বিবৃতিতে সীমান্ত সন্ত্রাসসহ সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের পাশাপাশি সহায়তাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

বৈঠকে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি নিরাপত্তা, বাণিজ্য এবং মহাকাশ গবেষণার মতো কৌশলগত ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই নেতা সম্মতি জানান। প্রধানমন্ত্রীর এই সফর শেষে উজবেকিস্তান থেকে কিরগিজস্তানের বিশকেকে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ এম


আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

প্রমোদ পোদেল নেপালের ‘সোলে’ নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা। ১৮ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব অর্জন করেন।

 

বর্তমানে পূর্ব সাসেক্সের আকফিল্ড এলাকায় বসবাস করছেন তিনি এবং সেখানে নেপালী স্ট্রিট ফুড ও ফুড ট্রাকের ব্যবসা পরিচালনা করছেন। ৩৪ বছর বয়সী প্রমোদ পোদেল মাত্র দুই মাস আগে বিয়ে করেছেন। বিয়ের পর তার স্ত্রী সুমিত্রা সাপকোটা নেপালে প্রমোদের পরিবারের সঙ্গে ছিলেন এবং খুব শিগগিরই যুক্তরাজ্যে তার কাছে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভয়াবহ পাহাড়ি ঢল সব স্বপ্ন ও আশা ভাসিয়ে নিয়ে গেছে।

 

বিপর্যয়ের খবর পেয়ে প্রমোদ পাগলের মতো নেপালে ছুটে এসেছেন। মেট্রো ইউকে-র তথ্য অনুযায়ী, পূর্ব সাসেক্সের বাসিন্দা প্রমোদ পোদেল জানান, গত বুধবার বিকেল সোয়া ৪টায় সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে তার শেষবার কথা হয়েছিল। ফোনে স্ত্রীর বলা কথাগুলো ছিল, ‘তুমি কেমন আছো? আমি তোমাকে অনেক ভালোবাসি।’ স্ত্রীর শেষ কথাগুলো এখন প্রমোদের মনে প্রতিধ্বনিত হচ্ছে।

 

প্রমোদের জন্য একমাত্র স্বস্তির খবর হলো, তার বাবা পুরুসোত্তম পোদেল অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তার স্ত্রী সুমিত্রা (২৫), মা তুলসা (৫২), ভাই প্রদীপ (৩১) এবং চাচা মাধব প্রসাদ পোদেল (৬৪) এখনো নিখোঁজ রয়েছেন। প্রমোদ নেপালে পৌঁছে উদ্ধারকর্মীদের সঙ্গে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

দ্য সান-কে প্রমোদ বলেন, ‘আমি তাদের খুঁজে পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী, তবে একই সঙ্গে আমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি।’

এর আগে বিবিসি রেডিও সাসেক্সের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে আমার পরিবার এবং আমার দেশের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সময়, তবে সেখানে আসলে কী ঘটছে তা দেখার জন্য অবশ্যই আমাকে যেতে হবে।

 

তিনি বিবিসি-কে আরো বলেন, ‘সেখানে আসলে কী ঘটেছে তা কেউ জানে না। স্পষ্টতই বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং কারা নিখোঁজ হয়েছেন বা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই। কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং সব সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত করারও কোনো উপায় নেই।’

প্রমোদ আরো যোগ করেন, ‘সেখানে কোনো বিদ্যুৎ নেই, তাই আমি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আসলে কী ঘটছে তা না জানতে পারাটা খুবই কষ্টের একটি সময়।’

নেপালে পৌঁছে প্রমোদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা ও কাদাঝড় এতটাই ভয়াবহ ছিল যে তার পরিবারের ঘরবাড়ি ভেসে গেছে, এমনকি যে স্থানে তাদের বাড়িটি ছিল, সেখানে এখন আর কিছুই অবশিষ্ট নেই। পুরো সোলে গ্রামটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তালাবদ্ধ কক্ষে অপেক্ষায় সেবাগ্রহীতা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ এম


মাদারীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তালাবদ্ধ কক্ষে অপেক্ষায় সেবাগ্রহীতা

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অফিস চলাকালীন দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, অফিসের কক্ষ তালাবদ্ধ রাখা এবং অতিরিক্ত অর্থ ছাড়া কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রতিটি কক্ষের দরজায় তালা ঝুলছে। তবে কক্ষগুলোর জানালা খোলা ছিল। এ সময় অফিসের বাইরে পাঁচ থেকে ছয়জন সেবাগ্রহীতা অপেক্ষা করছিলেন। তাঁদের কেউ প্রায় ১০ কিলোমিটার দূর থেকে ভূমি সেবা নিতে এসেছেন, আবার কেউ দোকান বন্ধ রেখে এসেছেন বলে জানান।

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা দেওয়ার চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।

নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামের বাসিন্দা নির্মল মল্লিক অভিযোগ করে বলেন, মিউটেশনের কাজ করে দেওয়ার কথা বলে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সৈয়দ মিন্টুকে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন। তবে টাকা দেওয়ার পরও তাঁর মিউটেশনের কাগজে ভুল হয়েছে। এ বিষয়ে সংশোধনের জন্য অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাউকে পাননি বলে জানান তিনি।

নির্মল মল্লিক বলেন, ‘আমি সৈয়দ মিন্টুর কাছে পাঁচ হাজার টাকা দিয়েছি। কিন্তু আমার মিউটেশনেও ভুল হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। অফিসে তালা দেওয়া, কাউকে পাচ্ছি না।’

অফিসের কক্ষগুলো তালাবদ্ধ থাকার বিষয়ে অফিস সহায়ক সৈয়দ মিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুপুরের খাবার ও নামাজের জন্য বাড়িতে গিয়েছিলেন। সাংবাদিকদের ফোন পাওয়ার কিছুক্ষণ পর তিনি মোটরসাইকেলে করে অফিসে এসে পৌঁছান।

অফিস বন্ধ রেখে বাইরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সৈয়দ মিন্টু অসুস্থতা, নামাজ ও পারিবারিক সমস্যার কথা জানান। তাঁর ভাষ্য, ‘আমি একটু অসুস্থ থাকার কারণে দেরি হয়েছে। নামাজে গিয়েছিলাম।’

তবে স্থানীয়দের অভিযোগ, অফিস বন্ধ রেখে অফিস সহায়কের বাইরে চলে যাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই অফিস বন্ধ রেখে তিনি বাড়িতে চলে যান বলে দাবি তাঁদের।

এদিকে, অফিস চলাকালীন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. রাজ্জাককেও কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের কম্পিউটারে সমস্যা হওয়ায় সেটি মেরামতের জন্য তিনি মাদারীপুর শহরে গেছেন।

অফিসে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নবগ্রাম ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষের ভূমি সেবার অন্যতম প্রধান কেন্দ্র এই ইউনিয়ন ভূমি অফিস। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে সেবা নিতে এসে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, অফিস তালাবদ্ধ রাখা কিংবা অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা কতটুকু, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%