ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১


রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১
রাজশাহী নগরীতে একই পরিবারের দুই ভাইকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে মোঃ হামিদুর রহিম পাপ্পু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার পাঁচটি অ্যাপ এবং জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার এমডিসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার পাপ্পু রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর এলাকার গ্রীন সিটি হাসপাতালের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে থেকে মোঃ ওমর ফারুক ও তার ভাই মোঃ মেহেদী হাসানকে পাপ্পুসহ তিনজন জোরপূর্বক একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মেহেদীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯০ টাকা স্থানান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। একপর্যায়ে মেহেদীর হাতে দুটি ইয়াবা দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ভিডিও ধারণ করে ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেওয়া হয়। পরে ১২ হাজার টাকা নিয়ে একটি ফোন ফেরত দেওয়া হলেও বাকি ৮ হাজার টাকা দিলে অন্য ফোনটি ফেরত দেওয়ার কথা জানানো হয়।
এ ঘটনায় ওমর ফারুক রাজপাড়া থানায় পাপ্পুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার পাঁচটি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে একটি এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যও মিলেছে। জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাপ্পুর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণে নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণে নাবিক নিহত

উপসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণে এক নাবিকের মৃত্যু হয়েছে, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিসভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স শুক্রবার এক বিবৃতিতে উল্লেখ করে, বৃহস্পতিবার এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাত্রা করছিল। এ সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না এবং পথে এটি বিস্ফোরণের শিকার হয়।

প্রতিষ্ঠানটি জানায়, বিস্ফোরণের পর এক নাবিক নিখোঁজ ছিল। তবে পরে জাহাজে তল্লাশি চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।

বিবৃতিতে ভেলোস ট্যাংকার্স জানায়, ‘বিস্ফোরণের পর নিখোঁজ বলে জানানো আমাদের একজন নাবিককে পরে জাহাজে প্রাণঘাতী আঘাতসহ পাওয়া যায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ট্যাংকারটিতে বিস্ফোরণের কারণ ছিল ক্ষেপণাস্ত্র হামলা।

সূত্র: আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


জামায়াতের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ হিসেবে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। দলটি মন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিকভাবে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে দলটি জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তবে, অত্যন্ত দুঃখজনকভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য ও বিষোদ্গার সম্পূর্ণ অনভিপ্রেত।

এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিটি বিষয় অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী বর্তমান সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন, যা মূলত তাঁর নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা মাত্র। তিনি কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা একপ্রকার লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন বিষোদ্গার পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের অর্পিত দায়িত্ব পালনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪১ দিনের নামাজ আদায় করে পুরস্কার পেলেন ১৩ শিশু কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


৪১ দিনের নামাজ আদায় করে পুরস্কার পেলেন ১৩ শিশু কিশোর

ঝালকাঠির নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়ের একটি ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো সমাজে গুণগত পরিবর্তন আনা, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং মাদক থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে তোলা। প্রতিযোগিতার শেষে ১৩ জন বিজয়ীর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে জায়নামাজ, তসবি, টুপি ও ক্রেস্ট তুলে দেন প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণকারী মিজানুর রহমান বাবলু তালুকদার। এ সময় বাৎসরিক দোয়া ইউনুস পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান বাবলু তালুকদার, যিনি সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম শাহীন তালুকদারের ছোট ভাই, ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করেন। পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ কমিটি এ উদ্যোগে সহযোগিতা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আঃ কাদের খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদ খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ খালেক খান, সাধারণ সম্পাদক মো. বেলাল জোমাদ্দার, যুবদল সভাপতি মো. মনিরুজ্জামান মাস্টার, সুবিদপুর ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিরাজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজল তালুকদার, সাধারণ সম্পাদক মো. তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন এবং যুগ্ম সম্পাদক মো. জসিম আকনসহ স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার তাগিদ দিলেন ইঞ্জি: শ্যামল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার তাগিদ দিলেন ইঞ্জি: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন বিষয়ক একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) মোঃ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। তাদের আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্ধ ও সংঘর্ষের কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। যারা এসব সংঘর্ষে জড়িত হয়ে মানুষ হত্যা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দুঃখজনক বিষয় হলো, সংঘর্ষের পাঁচ-ছয় মাস পর সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়। তিনি বলেন, "আমি এ ধরনের আপস-মীমাংসার পক্ষে নই। যারা মানুষ হত্যা করে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমবে। সবকিছুর আগে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, "যারা স্বামীর ঘরে নির্যাতন হবে সে আমার বোন, কন্যা হিসেবে বিবেচিত হবে।" তিনি উল্লেখ করেন, সমাজে সংঘটিত সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্ধ ও সংঘর্ষের প্রবণতা তুলনামূলক বেশি। এ ধরনের সংঘাতের পেছনের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরো বলেন, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, মাদকাসক্তি, যৌতুকের কারণে নির্যাতন, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%