ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আইজিপি: দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ


আইজিপি: দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ

খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে পুনরায় নিজেদের গড়ে তুলেছে।

তিনি উল্লেখ করেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে চান। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কাজ করছেন।

আইজিপি আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আওতাধীন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইজিপি আরও বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা নিরসন করাই তাদের লক্ষ্য।

তিনি জানান, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে, যাতে সমাজে কোনো মাদক, চাঁদাবাজ বা কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসব অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

পুলিশ প্রধান বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এই কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

আইজিপি সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেন, তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব হবে।

পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আগামীকাল রোববার ২৫ অক্টোবর, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত হয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ আগামীকাল ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এই সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নং এজলাসের সামনের করিডোরে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটায় শুরু হবে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল ২৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্ট স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, "আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম আরও জানান, জামায়াতে ইসলাম বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে যারা আগে জামায়াতকে ভোট দিয়েছেন, তাদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, "মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তার আর দেশে ফেরা হয় না।"

তিনি বলেন, "তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য।"

মীর শাহে আলম মন্তব্য করেন, "ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না। মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তার সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না।"

তিনি আরও বলেন, "শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। বিএনপির নেতাকর্মীরা গর্ব করে বলতে পারেন, তারা শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দলের কর্মী। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।"

মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, "এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোকামতলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।"

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে রদবদল ঘটানো হয়েছে। ২১৭ সদস্যের কমিটি ছোট করে ১৯৬ সদস্যে নামিয়ে আনা হয়েছে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন বহাল থাকলেও মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্রের মতো পদগুলো বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে কিছু নেতার পদোন্নতি ঘটেছে, আবার কিছু নেতার পদাবনতি হয়েছে। আগের কমিটির কয়েকজন নেতা বাদ পড়েছেন।

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রথম সারির নেতা হিসেবে পরিচিত। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে এনসিপি ঘোষিত নতুন কমিটিতে তাকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। ফলে এনসিপির এই নেত্রীর পদাবনতি ঘটেছে। তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদ থেকেও বাদ দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে আরিফুল ইসলাম আদীবেরও পদাবনতি ঘটেছে। আগের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকলেও পুনর্গঠিত কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে দলের রাজনৈতিক পরিষদে তার অবস্থান আগের মতোই বহাল রয়েছে।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন নাহিদা সারোয়ার নিভা। নতুন কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়েছে।

এসব পদাবনতির সুনির্দিষ্ট কারণ জানায়নি এনসিপি। তবে একটি সূত্র বলছে—নেতাদের সাম্প্রতিক রাজনৈতিক পারফরমেন্স এবং কিছু পদ বিলুপ্ত হওয়ায় প্রভাবশালীদের শীর্ষস্থানে রাখতে এসব সমন্বয় আনা হয়েছে। বিশেষ করে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে আগে কয়েকজন প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু এই পদ বিলুপ্ত করায় তাদের একোমোডেশনের স্বার্থে অন্যদের পদাবনতি দেওয়া হয়েছে।

সামান্তা শারমিন রাজনীতি থেকে কিছুটা দূরে রয়েছেন। তিনি পরিবারকে বেশি সময় দিচ্ছেন। কিছুদিন আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্বামী অসুস্থ এবং তার চিকিৎসা নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। এ কারণে সংগঠনকে কম সময় দিতে পারছেন।

গত ২০ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘আগে একদিন বলেছিলাম আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণ আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সেজন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।’

স্বামীর অসুস্থতার কারণে মানসিক কষ্টের কথাও তুলে ধরেন সামান্তা। তিনি বলেন, একজন উদ্যমী, কর্মঠ ও তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হয়ে যেতে দেখা অনেক যন্ত্রণার।

সামান্তা শারমিন আরও লেখেন, সর্বজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ বিভিন্নভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। এ নিয়ে তার কোনো আফসোস নেই বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষে আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়েত প্রার্থনা করে সামান্তা শারমিন লেখেন, ‘আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ আপনি ছাড়া আমরা শূন্য।’

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আরিফুল ইসলাম আদীব এনসিপির রাজনীতিতে এখন কিছুটা ব্যাকফুটে রয়েছেন। তিনি গত নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে ভোট দিয়ে পরাজিত হন। এরপর তিনি ঢাকা উত্তরে এনসিপির মেয়র পদে প্রার্থী হন। সম্প্রতি দলের পক্ষ থেকে প্রার্থী পরিবর্তনের কথা জানানো হয়েছে। উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ।

এ বিষয়ে আরিফুল ইসলাম আদিবের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি জানান, এক সহকর্মীর বাবাকে দেখতে হাসপাতালে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, বাজারে সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনতে এসেছি। মুরগি ক্রয়ের সময় মনে হয়, গরুর দামে কিনতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে গরুর মাংস ও ইলিশ মাছের কথা ভুলে যাবে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি আগের চেয়ে আরও সংকটজনক হয়ে উঠছে।

তিনি উল্লেখ করেন, সরকার ক্ষমতায় আসার পর সাত থেকে আট মাসের মধ্যে নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এলপিজি গ্যাসের দামও দ্বিগুণ হয়েছে, বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে কম সময়ে জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে তারা একটি রেকর্ড গড়েছে।

এনসিপির এই নেতা বলেন, মানুষের দুর্ভোগ দ্রুত সমাধান করতে হবে। এসব সমস্যার সমাধানে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। দায়িত্ব পালনে অবহেলা রয়েছে। সরকার ও তাদের সন্তানরা বিভিন্ন ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোন ভ্রূক্ষেপ নেই।

তিনি জানান, বাংলাদেশের বর্তমান সংকট, মানুষের দুর্ভোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করবে।

আসিফ মাহমুদ জানান, কর্মসূচির আগে সারা দেশে গণসংযোগ শুরু করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনা হবে এবং সচেতনতা তৈরিতে কাজ করা হবে। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষে আগামী শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%