০৯:২৩ এম
চলমান বিশ্বকাপে নিজেদের দেশের ১৩ হাজার সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণে ব্যর্থ হওয়ার কারণে এবং বিভিন্ন আইনী জটিলতায় জড়িত থাকার জন্য এই সব সমর্থকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টাইন সরকার।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে মোট প্রায় ১৩ হাজার ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে বুয়েনস আইরেস। তালিকাভুক্ত এই ব্যক্তিদের মধ্যে বেশির ভাগের বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ বকেয়া রাখার অভিযোগ রয়েছে।
আর্জেন্টিনা প্রশাসনের ধারণা এটি যে, যারা নিজেদের সন্তানের মৌলিক ও আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তাদের বিশ্বকাপের মতো আনন্দঘন বৈশ্বিক ক্রীড়া আসরে উপস্থিত থাকার কোনো নৈতিক অধিকার নেই। বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি কঠোর অবস্থানের কথা জানানোর সময় বলেন, 'যারা নিজেদের সন্তানের প্রয়োজন মেটাতে পারে না, তাদের কোনোভাবেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।'
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
নিষেধাজ্ঞা কার্যকর করতে আর্জেন্টিনা সরকার ‘সেফ স্ট্যান্ডস’ বা নিরাপদ গ্যালারি নামক একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। এর মূল লক্ষ্য হলো আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া রাখা ব্যক্তি এবং সহিংস অপরাধের সাথে জড়িতদের ক্রীড়া ভেন্যু থেকে দূরে রাখা। ইতিমধ্যেই এই কর্মসূচির আওতায় দেশটিতে ব্যাপক সাফল্য অর্জন করা হয়েছে। ২০২৩ সালে কর্মসূচিটি কার্যকর হওয়ার পর থেকে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ১ হাজার ৩২৮টি ম্যাচে প্রায় ৪০ লাখের বেশি দর্শককে যাচাই করা হয়েছে। এই প্রক্রিয়ায় ১ হাজার ১৬৬ জন পলাতক অপরাধী বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে স্থানীয় প্রশাসন।
আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুররিচ জানিয়েছেন, সব মিলিয়ে ১৫ হাজারের বেশি মানুষের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে এই তালিকাভুক্ত ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশ আটকানোর চেষ্টা করা হচ্ছে, যাতে আর্জেন্টিনার কোনো চিহ্নিত অপরাধী বৈশ্বিক এই আসরের পরিবেশ নষ্ট করতে না পারে।
এদিকে, মাঠের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। ‘জে’ গ্রুপে লিওনেল স্কালোনির দল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন