০৬:৫৮ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (এমপি) বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। তিনি এ বিষয়ে মন্তব্য করেন যে, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়েও সরকার তৎপর রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, সারাদেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানও পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
তিনি আরো জানান, উপযুক্ত জায়গা পেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের মাধ্যমে সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা এবং বিকাশের লক্ষ্যে নির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিগণ ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনী দর্শকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা এই বিষয়ে আলোচনা করেন যে, সমাজের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ভবনটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। ভবনটি চালু হওয়ার ফলে এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা আধুনিক ও সহায়ক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, বলেই সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান (এমপি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশের সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন