১০:৫৩ পি.এম
‘মাদককে বর্জন করি, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা কুমিল্লাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মানববন্ধন করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টায় নগরীর কান্দিরপাড় টাউন হল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বক্তারা একই সঙ্গে মাদকের গডফাদার, অর্থের জোগানদাতা ও রাজনৈতিক আশ্রয়দাতাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, মাদক আজ একটি অপরাধ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। তিনি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও জানান। তিনি বলেন, পরিবারের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন এলাকায় গডফাদারভিত্তিক প্রভাব বিস্তারের কারণে মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে মাদকের বিরুদ্ধে সর্বজনীন আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় মানববন্ধনে নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সভাপতি ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিখ্যাত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। বক্তারা সাম্প্রতিক সময়ে কুমিল্লায় আলোচিত স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে উল্লেখ করে বলেন, ইথান আজ শয্যাশায়ী হয়ে রয়েছে। তারা বলেন, মাদককে কেন্দ্র করে সন্ত্রাস, অস্ত্রের ব্যবহার, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আরো বলেন, মাদক এখন জাতীয় দুর্যোগে রূপ নিয়েছে এবং এর বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মূল হোতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অধিকাংশ সময় মাদক বহনকারী বা খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তারা বলেন, সরকার পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু মাদক ব্যবসার পৃষ্ঠপোষকদের খুব কমই বিচারের মুখোমুখি হতে দেখা যায়। বক্তারা সমাজে অপরাধের হার কমানোর জন্য মাদক নির্মূল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ বন্ধে আরো কঠোর নজরদারির দাবিও জানান।
সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃজেলা মাদক চক্র ভেঙে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করারও আহ্বান জানান। এসময় মানববন্ধনে কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের নেতৃত্বে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
অন্যদের মধ্যে ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূইয়াসহ আরো অনেকেই সংহতি প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন