ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি, ছাড়াল ‘অ্যানিমেল’র রেকর্ড


প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি, ছাড়াল ‘অ্যানিমেল’র রেকর্ড

বিশ্বজুড়ে বিপুল প্রত্যাশা ও প্রচারণার মধ্যে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। দীপাবলির প্রাক্কালে, গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি, যেখানে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনয় করেছেন। তবে মুক্তির প্রথম দিনে দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটি আয়ের দিক থেকে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। কিন্তু প্রথম দিনে সব ভাষা মিলিয়ে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। অন্যদিকে, বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় হয়েছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি।

ভারতীয় বক্স অফিসের আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে হিন্দি সংস্করণ, যা আয় করেছে ৪৭ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন: ২০০ কোটি রুপি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন নোরা

ভাষাভিত্তিক আয়ের হিসাব

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ২৫ হাজার ২০০টি প্রদর্শনী থেকে ‘রামায়ণ’র নেট আয় হয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। ভাষাভিত্তিক আয়ের হিসাবে হিন্দির পর রয়েছে কন্নড় সংস্করণ, যা ১ হাজার ১৯৭টি প্রদর্শনী থেকে আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি।

এছাড়া, ১ হাজার ৭৭৬টি প্রদর্শনী থেকে তেলুগু সংস্করণের আয় ৬ কোটি রুপি, ৯৯২টি প্রদর্শনী থেকে তামিল সংস্করণের আয় ২ কোটি ৬০ লাখ রুপি এবং ৫৫৭টি প্রদর্শনী থেকে মালয়ালম সংস্করণের আয় ১ কোটি ৫০ লাখ রুপি।

সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫০ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাংলোয় আবারও বোমা হামলার হুমকি

রণবীর কাপুরের আগের সিনেমা ‘অ্যানিমেল’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়েছে ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ প্রথম দিনে ভারতে ৬৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল। তবে শাহরুখ খানের ‘পাঠান’-এর ৫৭ কোটি রুপি উদ্বোধনী আয় ছাড়িয়ে গেলেও ‘জওয়ান’-এর ৭৫ কোটি রুপি রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।

সমালোচকদের চোখে ‘রামায়ণ’

মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। এনডিটিভির চলচ্চিত্র সমালোচক শৈবাল চট্টোপাধ্যায় তার পর্যালোচনায় সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনার প্রশংসা করেছেন। তার মতে, সিনেমার প্রতিটি দৃশ্য দর্শকদের মুগ্ধ করার মতো হলেও পরিচিত চরিত্রগুলোর উপস্থাপনায় প্রাণের অভাব রয়েছে।

সিনেমায় রাম ও রাবণের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রণবীর কাপুর ও যশ। সমালোচকের মতে, রামের চরিত্রে রণবীরের অভিনয়ে আন্তরিকতা ও সংযম রয়েছে। অন্যদিকে, বলিউডে প্রথম সিনেমায় অভিনয় করতে এসে রাবণের চরিত্রে যশ নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: স্ত্রী ইকরার স্মৃতি আজও কাঁদায় জাহের আলভীকে

চার হাজার কোটি রুপির বিশাল আয়োজন

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বজুড়ে ব্যাপক প্রচারণাও চালিয়েছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

নীতেশ তিওয়ারির পরিচালনায় সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরও অনেকে।

আরও পড়ুন: দীপাবলির অনুষ্ঠানে একে অপরের হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ১৬ কোটি টাকার সড়ক সংস্কারে ১০ মাসে অগ্রগতি ৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


লক্ষ্মীপুরে ১৬ কোটি টাকার সড়ক সংস্কারে ১০ মাসে অগ্রগতি ৪ শতাংশ

লক্ষ্মীপুরের রায়পুর ও হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভা অংশের নর্দমা পর্যন্ত দুই কিলোমিটারসহ তিনটি রাস্তার সংস্কার কাজের কার্যাদেশ ১০ মাস পার হতে চললেও ঢাকার এক ঠিকাদার প্রকল্পের কাজ মাত্র ৪ শতাংশ সম্পন্ন করেছেন। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয়দের মধ্যে এই সড়কের সংস্কারকাজের ধীরগতির কারণে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে উঠছে নানা প্রশ্ন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এডিবি, এএফডি ও সরকারি অর্থায়নে হায়দরগঞ্জ সড়কে ১৯৬০ মিটার, উপজেলা পরিষদের ভেতরে পুকুরের চারদিকে ৩০০ মিটার, টিসি সড়কের প্রস্তাবিত পৌর শিশুপার্কের ৮৬০ মিটার ও মেস্তরী বাড়ীর ১০০ মিটার সড়কসহ মোট ৪টি সড়কে ১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা। কাজের দায়িত্ব পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। ২০২৬ সালের ৪ এপ্রিল স্থানীয় এমপি আবুল খায়ের ভুঁইয়া কাজটি উদ্বোধন করেন। কিন্তু ২০২৭ সালের ৪ এপ্রিলের মধ্যে সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও ১০ মাস পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রথম চুক্তির মেয়াদে মাত্র ৫ মাস বাকি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও বাস্তবে কাজের গতি অত্যন্ত হতাশাজনক। দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগের কারণে জনমনে ক্ষোভ বাড়ছে। সড়কটি দ্রুত সংস্কার না হওয়ায় যাতায়াতে সময় ও অর্থের অপচয় হচ্ছে, যা ব্যবসা-বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সরেজমিনে দেখা যায়, প্রকল্পের কাজের ধীরগতির কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খানাখন্দ, সড়কের বেহাল অবস্থা এবং নির্মাণকাজের ধীরগতির কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী যানবাহন, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের দুর্ভোগ বেড়েছে।

নতুনবাজার এলাকার ব্যবসায়ী বিল্লাল হোসেন, মিন্টু ও জসিম উদ্দিনসহ স্থানীয় বাসিন্দাদের দাবি, এক বছরের সময়সীমার ১০ মাস ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে। কাজের মাত্র ৪ শতাংশ কাজ সম্পন্ন হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। কাজের এই ধীরগতির কারণে ৫-৬ জন শ্রমিক দিয়ে কাজ করলে তিন বছরে কাজ শেষ হবে কিনা, তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু আশ্বাসই দেন, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। কারণ নিয়মিত তদারকি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি নেই এই পৌরসভায়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক দুলাল দে মোবাইল ফোনে জানান, বিভিন্ন কারিগরি ও অর্থ সমস্যার কারণে কাজের অগ্রগতি কিছুটা ধীর হয়েছে। হায়দরগঞ্জ সড়কে আধা কিলোমিটার সড়কে ড্রেনের কাজ হয়েছে, শিশুপার্কের রাস্তার কাজে বালু ফেলা হয়েছে, উপজেলা পরিষদের ভেতরে পুকুরপাড়ে কাজ শুরু হয়নি এবং মেস্তরী বাড়ীর রাস্তা কিছুটা করা হয়েছে। তিনি জানান, ডিসেম্বরে কাজ শুরু করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

রায়পুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মাহামুদুন্নবি বলেন, প্রকল্পের কাজের ধীরগতির বিষয়টি আমাদের নজরে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর জন্য চিঠি দেয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিরতির কারণে তদারকির পরও নির্ধারিত সময়ে ৫০ শতাংশ কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল মালিক ওয়াদুদ বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল মালিক ওয়াদুদ বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের একজন হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের পুত্র ছিলেন। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহরের নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি চৌরি (চারদিক খোলা) ঘরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পাওয়ার পর সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাগ্যশ্রী জানালেন কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ভাগ্যশ্রী জানালেন কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি

সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্যে বৈচিত্র্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচিত উপকরণ ব্যবহার করে সহজেই সুস্বাদু এবং পুষ্টিকর বিভিন্ন পদ তৈরি করা সম্ভব। এর মধ্যে একটি হলো কুমড়োর রায়তা। অভিনেত্রী ভাগ্যশ্রী এই পদটি তার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, খাবারটি শুধু সুস্বাদু নয়, বরং এটি হজম এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী।

কুমড়োর রায়তা শুনে অনেকের হয়তো খাওয়ার ইচ্ছা নাও হতে পারে। তবে সঠিক পদ্ধতিতে প্রস্তুত করলে এটি রুটির সঙ্গে খেতে বেশ উপভোগ্য। সম্প্রতি, ভাগ্যশ্রী সামাজিক যোগাযোগমাধ্যমে কুমড়োর রায়তা তৈরির একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই পদের প্রতিটি উপকরণ হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অভিনেত্রী নিজে জোয়ারের রুটির সঙ্গে এই রায়তা খেতে পছন্দ করেন।

যা যা লাগবে

রায়তা তৈরির জন্য প্রয়োজন ১ কাপ টকদই, ২টি কাঁচামরিচ কুচি, ১টি ছোট পেঁয়াজ কুচি, আধা চা-চামচ রসুনবাটা, ১ কাপ সেদ্ধ ও টুকরো করা কুমড়া, সামান্য ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ।

ফোড়নের জন্য প্রয়োজন পরিমাণমতো সরিষার তেল, ৫-৬টি কারিপাতা, এক চিমটি হিং, ১ চা-চামচ কসুরি মেথি ও ১ চা-চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় পাত্রে টকদই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুনবাটা, সেদ্ধ কুমড়া ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে।

এবার একটি ছোট কড়াইয়ে সরিষার তেল গরম করুন। তাতে কারিপাতা, হিং, কসুরি মেথি ও কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তৈরি হয়ে গেলে গরম ফোড়নটি দই ও কুমড়ার মিশ্রণের ওপর ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ভাগ্যশ্রীর পছন্দের কুমড়োর রায়তা। এটি জোয়ারের রুটি বা পছন্দের অন্য রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে।

কেন উপকারী এই রায়তা?

কুমড়োর রায়তায় ব্যবহৃত উপকরণগুলোর রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। টকদইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে, কুমড়োয় রয়েছে ফাইবার, জলীয় উপাদান, অ্যান্টি-অক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিন। এসব উপাদান হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে। যাঁদের মাঝে মাঝে অম্বল বা পেটের অস্বস্তি হয়, তাদের খাদ্যতালিকায় কুমড়া অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এছাড়া, পেঁয়াজে কোয়ারসেটিন নামের একটি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। কারিপাতাও হজমে সহায়ক হিসেবে পরিচিত। অন্যদিকে, হিং দীর্ঘকাল ধরে গ্যাস এবং পেটফাঁপার অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়ে আসছে।

সব মিলিয়ে, পরিচিত কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এই মুখরোচক পদটি। নিয়মিত খাবারে বৈচিত্র্য আনতে চাইলে কুমড়োর রায়তা একটি ভিন্নধর্মী সংযোজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। অভিনয়ের প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই ছিল। তবে অভিনয়জগতে প্রবেশের আগে মেয়ের পড়াশোনা শেষ করার পক্ষেই ছিলেন তার বাবা, মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার। তিনি চেয়েছিলেন, অভিনয়ে আসার আগে স্নাতক ডিগ্রি অর্জন করুক মেয়ে। কিন্তু স্কুলজীবনে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চাননি কীর্তি। এমনকি প্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ করতে একাদশ শ্রেণির পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন তিনি।

সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কীর্তি সুরেশ। এ সিরিজের প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের সেই মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে তিনি বেশ নস্টালজিক হয়ে পড়েন।

শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রসঙ্গে কীর্তি প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। পরে তার মনে পড়ে আরও পুরোনো একটি ঘটনা। একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সিনেমার শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি।

কীর্তি জানান, তার বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবেও তিনি প্রায় সাত-আট বছর কাজ করেছেন। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ হয়েছিল কীর্তির।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। আমার দিদি প্রিয়দর্শন স্যারের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। সেই সময় ‘বিল্লু’ সিনেমার শুটিং চলছিল। আমি আর আমার এক বন্ধু পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে সেটে চলে গিয়েছিলাম।’

সেই প্রথম সাক্ষাতের স্মৃতি আজও বিশেষভাবে মনে রেখেছেন কীর্তি। এমনকি শাহরুখের সঙ্গে তোলা একটি ছবিও নিজের কাছে যত্ন করে রেখেছেন তিনি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে অভিনেত্রীর।

এ প্রসঙ্গে কীর্তি বলেন, ‘ছবিটা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাকে খুব একটা ভালো দেখতে লাগছে না। তাই আবার দেখাতে চাই না। পুরোনো সালোয়ার পরেছিলাম, কপালে ছিল বড় টিপ। তবে সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল।’

স্কুলজীবনের সেই দুষ্টুমিভরা স্মৃতি এখনো যে অভিনেত্রীর কাছে কতটা আনন্দের, তার কথাতেই স্পষ্ট। প্রিয় তারকা শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই দিনটি তাই বিশেষ হয়ে আছে কীর্তি সুরেশের জীবনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%