ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী


এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা করেছেন যে, ৫৪৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হবে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এত সংখ্যক মানুষের সাজা মওকুফের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভর্নর গ্যাভিন নিউজম এই ঘোষণা দেন। এর ফলে ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তাদের আমৃত্যু কারাগারে থাকতে হবে, তবে মুক্তির কোনো সুযোগ তাদের থাকবে না।

একটি খোলা চিঠিতে নিউজম উল্লেখ করেন, "রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে হত্যা করা ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এটি বিচারব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং সমাজের নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করে।" এই বিশ্বাসের ভিত্তিতে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

গত ২০ বছরে ক্যালিফোর্নিয়ায় কোনো বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে, অঙ্গরাজ্যটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের তালিকা বিদ্যমান ছিল।

মৃত্যুদণ্ডের বিরোধীরা বলেন, নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি, বিচারপ্রক্রিয়ার ভুল এবং এই শাস্তি কার্যকরের বিপুল ব্যয় হচ্ছে বড় সমস্যা। মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৯৭৮ সাল থেকে ক্যালিফোর্নিয়া এ শাস্তি কার্যকরের পেছনে প্রায় ৬০০ কোটি ডলার ব্যয় করেছে, অথচ এ সময়ে মাত্র ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এছাড়া, ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অন্তত ২০৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী পরে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগও দীর্ঘকাল ধরে রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ রয়েছে। অন্য কয়েকটি অঙ্গরাজ্যে এ শাস্তি কার্যকর কার্যত বন্ধ রয়েছে। তবে, দেশটিতে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন বিদ্যমান।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গুরুতর ফেডারেল অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমনকি গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থাও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিউজমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও অপরাধবিচার সংস্কার সংগঠন। মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক রবিন মাহের বলেন, "যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।" এর আগে কোনো গভর্নর এত বড় পরিসরে একসঙ্গে সাজা কমানোর সিদ্ধান্ত নেননি।

তবে, সাজা কমানোর ঘোষণাটি চূড়ান্ত হতে কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। সাজাপ্রাপ্তদের প্রায় দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে একাধিক অপরাধে দণ্ডিত হওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ আদালতের পর্যালোচনা প্রয়োজন হবে।

গভর্নরের দায়িত্ব পালন করা নিউজমের মেয়াদ আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হচ্ছে। মেয়াদসীমার কারণে তিনি আর গভর্নর পদে থাকতে পারবেন না। আগামী ৪ জানুয়ারি সাবেক মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা তার স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউজমের সম্ভাব্য প্রার্থী হওয়ার আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনী প্রচারেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জাঙ্গু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জাঙ্গু

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার দিনেই সুখবর পেলেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। তিনি প্রথমবারের মতো জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন।

মিডলঅর্ডার এই ব্যাটার বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন। হাসান মাহমুদের শিকার হওয়ার আগে তিনি ১৩৩ রান করেন। এছাড়া, কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ম্যাথিউ ফোর্ডও।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই) বৃহস্পতিবার পুরুষ ও নারী ক্রিকেট দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সকল চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

অধিনায়ক শাই হোপ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এবং রোস্টন চেজ (টেস্ট) ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের স্থান ধরে রেখেছেন। ওপেনিং ব্যাটার জন ক্যাম্পবেল ২০১৯ সালের পর প্রথমবারের মতো চুক্তির তালিকায় ফিরেছেন।

আগেরবার কেন্দ্রীয় চুক্তি পাওয়া অলরাউন্ডার রোমারিও শেফার্ড এবং ব্যাটার ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজ এবার চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। জুয়েল অ্যান্ড্রু, আকিম অগাস্টে ও ভিটেল লওয়েস উন্নয়নমূলক চুক্তি পেয়েছেন। তাদের মধ্যে ১৯ বছর বয়সি বাঁহাতি রিস্ট স্পিনার লওয়েসকে বিশেষভাবে সম্ভাবনাময় মনে করা হচ্ছে। ইতিমধ্যে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাতটি ওয়ানডে খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ সিনিয়র দলের কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত খেলোয়াড়রা

জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ (টেস্ট অধিনায়ক), ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শাই হোপ (ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক), আকিল হোসেন, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুদাকেশ মতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জায়দেন সিলস ও জোমেল ওয়ারিকান।

ওয়েস্ট ইন্ডিজ নারী সিনিয়র দলের কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত খেলোয়াড়রা

আলিয়া অ্যালেইন, শেমেইন ক্যাম্পবেল, জাহজারা ক্ল্যাক্সটন, ডিয়েন্দ্রা ডটিন, আফি ফ্লেচার, জানিলিয়া গ্লাসগো, রিয়ালিয়ানা গ্রিমন্ড, শনিশা হেক্টর, চিনেল হেনরি, জায়দা জেমস, ম্যান্ডি মাংরু, হেইলি ম্যাথিউস (অধিনায়ক), অশমিনি মুনিসার, করিশমা রামহারাক ও স্টেফানি টেলর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের কারাদণ্ড নিয়ে বিতর্ক তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের কারাদণ্ড নিয়ে বিতর্ক তীব্র

যুক্তরাজ্যে রুশ তেল নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় নাবিক ও জাহাজ ক্যাপ্টেনের বিরুদ্ধে কারাদণ্ড এবং আটকের ঘটনা নতুন সংকটের সূচনা করেছে বৈশ্বিক সমুদ্র বাণিজ্য এবং ভূরাজনীতিতে।

এই ঘটনাকে আন্তর্জাতিক মহলে একটি ‘পারফেক্ট স্টর্ম’ বা ভয়াবহ ঝড়ের সাথে তুলনা করা হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় রুশ তেলবাহী একটি ‘শ্যাডো ফ্লিট’ (ছায়া নৌবহর) ট্যাংকার আটক করার পর ভারতীয় ক্যাপ্টেন অজয় পান্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। যুক্তরাজ্যের সামরিক বাহিনীর একটি উচ্চপর্যায়ের অভিযানের মাধ্যমে জাহাজটিকে নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই এই আইনি জটিলতার সূচনা ঘটে।

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলোর রুশ নিষেধাজ্ঞা কঠোর করার এই কৌশল আন্তর্জাতিক জলসীমায় কর্মরত সাধারণ নাবিক ও ক্রুদের জন্য চরম নিরাপত্তাহীনতা এবং আইনি ঝুঁকি তৈরি করছে। এই ঘটনা ভবিষ্যতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে তাশিমার প্রার্থিতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে তাশিমার প্রার্থিতা ঘোষণা

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি কোজো তাশিমা।

৬৮ বছর বয়সী তাশিমা, ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি। এর আগে সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার র্যামন ভেগা তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন।

ফিফা কাউন্সিলের সাবেক সদস্য তাশিমা এক বিবৃতিতে জানান, “জেএফএর পূর্ণ সমর্থনে আমি ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

“আমি বিশ্বাস করি, জাপানি ফুটবল দীর্ঘদিন ধরে যে আন্তরিকতা, সততা এবং উচ্চ নৈতিক মানদণ্ড লালন ও প্রতিষ্ঠা করেছে, তা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের সামনে স্পষ্টভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ।

“এই মূল্যবোধগুলো বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং ফুটবলের আরও উন্নত ভবিষ্যৎ গড়তে অবদান রাখার লক্ষ্যেই আমি ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেএফএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তাশিমা আরও বলেন, “বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি দৃঢ় প্রত্যয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, যাতে বিশ্ব ফুটবলের আরও বিকাশে অবদান রাখতে পারি।”

নির্বাচনে প্রার্থিতা ঘোষণার শেষ সময়সীমা ১৮ নভেম্বর।

বর্তমান সভাপতি ইনফান্তিনো ফিফার সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির একটি পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন এবং তার পদত্যাগের দাবিও ওঠে।

তবে গত মাসে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ৫৬ বছর বয়সী ইনফান্তিনোকে সমর্থন দেওয়ায় পুনর্নির্বাচনের লড়াইয়ে তিনি এখন শক্ত অবস্থানে রয়েছেন।

এর আগে ইনফান্তিনো দাবি করেছিলেন, ফিফার সদস্য দেশগুলোর “বিরাট, বিরাট সংখ্যাগরিষ্ঠের” সমর্থন তার পক্ষে রয়েছে। একই সঙ্গে তিনি পদত্যাগের দাবিগুলোও উড়িয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতখানের কৃষকরা শীতকালীন সবজিতে স্বপ্ন বুনছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


দৌলতখানের কৃষকরা শীতকালীন সবজিতে স্বপ্ন বুনছেন

ভোলার দৌলতখানে কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনুকূল আবহাওয়ার কারণে মাঠজুড়ে চলছে চারা রোপণ এবং চারা পরিচর্যার কাজ। বাজারের চাহিদা মাথায় রেখে কিছুটা বেশি লাভের আশায় এখানকার কৃষকেরা সবজিতে স্বপ্ন বুনছেন।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা লালশাক, বরবটি, পালং শাক, লাউ, মিষ্টি কুমড়া, তিতা করলা, বেগুন, পাতাকপি, বাঁধাকপি ও টমেটোসহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেছেন। তারা আশা করছেন, তিন থেকে চার সপ্তাহ পর এসব সবজি বাজারজাত করতে পারবেন।

কৃষকরা সকালে ঘুম থেকে উঠে জমিতে হাল চাষ, চারা রোপণ, খেতে পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের প্রস্তুতি শুধু নিজেদের চাহিদার জন্য নয়, বরং বাণিজ্যিকভাবে শীতের সবজি উপজেলার বিভিন্ন বাজারে পাঠানোর জন্যও চলছে।

সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম চাষ করলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফা অনেক বেশি হয়। কৃষকেরা বর্তমানে উচু জমিতে সবজি চাষে মনোনিবেশ করছেন। চরশুভী গ্রামের কৃষকরা দীর্ঘকাল ধরে বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষে বেশ সাফল্য অর্জন করেছেন। এখানকার সবজি পাইকারি বিক্রেতারা জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যান।

কৃষক শফিউল্লাহ জানান, "ছোটবেলা থেকে বাবার সঙ্গে সবজি চাষ করি। প্রতি বছর তিন থেকে চার খানি জমিতে সবজি চাষ করি। গত বর্ষা মৌসুমে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ মৌসুমে আগাম সবজি বাজারে পাঠাতে চাই। ফলন ভালো হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো।"

কৃষক লিটন বলেন, "গত মৌসুমে সবজি চাষ করে লোকসানে পড়েছি। এ মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছি। কয়েক সপ্তাহ পর বাজারে বিক্রি করতে পারবো। আশা করি, আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে।"

কৃষক মনির জানান, "চলতি মৌসুমে জমিতে মুলা, বেগুন, সিম, বাঁধাকপি ও ফুলকপি লাগিয়েছি। এতে সব মিলিয়ে আমার দুই লাখ টাকার মত ব্যয় হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে এবং ফলন ভাল হলে ৬ থেকে ৭ লাখ টাকার সবজি বিক্রি করতে পারব।"

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ইনকিলাবকে বলেন, "উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এখন শীতকালীন সবজি চাষ করছেন। কৃষিবিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি ফলন ভালো হলে কৃষকরা গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%