০৪:২২ পি.এম
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’য় বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি নতুন ইমেইল শুক্রবার পুলিশের কাছে এসেছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, ‘জলসা’ বাংলোতে তল্লাশি চালানোর পর কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি গত দুই সপ্তাহের মধ্যে অমিতাভের বাসভবনে আসা বোমা হামলার দ্বিতীয় হুমকি। এর আগে ২৩ অক্টোবরেও বচ্চন একটি হুমকিমূলক ইমেইল পেয়েছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দ্বিতীয় হুমকির ইমেইলটি বোম্বে হাইকোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেখানে তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বার্তাটির সত্যতা যাচাই, প্রেরকের শনাক্তকরণ এবং এটি কোথা থেকে পাঠানো হয়েছে তা ট্র্যাক করার জন্য কর্মকর্তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।
২৩ অক্টোবর পাঠানো প্রথম ইমেইলটি মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ীকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেই ইমেইলে ৩১ অক্টোবরের মধ্যে একটি স্কুলে গ্রেনেড হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের জুহুর বাড়িতে হামলার হুমকি ছিল।
আরও পড়ুন: তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত
‘খালিস্তান’-এর উল্লেখ থাকা সেই ইমেইলে আরো দাবি করা হয়েছিল যে, ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন একটি হামলা চালানো হবে। প্রতি রবিবার অমিতাভ বচ্চন তার বাংলোর সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন।
বোমা হামলার হুমকির কারণে ৮৪ বছর বয়সী এই অভিনেতা তার বাসভবনের বাইরে ভক্তদের শুভেচ্ছা জানানোর সময় বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়াতে বাধ্য হন। গত রবিবার তাকে একটি উঁচু প্ল্যাটফর্মে বসানো স্বচ্ছ বুলেটপ্রুফ শেলের আড়াল থেকে হাত নাড়তে দেখা গেছে। তিনি যখন তার বাড়ির বাইরে আসেন, তখন তার পাশে ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এবং বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন