সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২০ পি.এম
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬ : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে ড. আলী আফজালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব আপাতত বহাল থাকবে।
ড. আলী আফজালের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ প্রদান করে।
একই সাথে আদালত এ বিষয়ে একটি রুল জারি করেছে। আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে যে, পূর্বে ড. আলী আফজালের দাখিলকৃত আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করতে হবে।
এর ফলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো। আদালতের এই আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বজায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আর্থ অবজারভেশন ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে গত ১৪ সেপ্টেম্বর চীনের সাংহাইয়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে তার দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি হস্তান্তর করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেকসহ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকগণ।
সমঝোতা স্মারকের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশন’র আওতায় বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’র পক্ষে অধ্যাপক লি গুওছিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপাচার্য বাংলাদেশ থেকে ভিডিও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাংহাইয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেক।
ভিডিও বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "এই সমঝোতা স্মারক শুধু একটি আনুষ্ঠানিক চুক্তি নয়; বরং দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সহযোগিতা, উদ্ভাবন, উন্নত গবেষণা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।" তিনি আশা প্রকাশ করেন যে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উন্নত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি এবং দেশের গবেষণা সক্ষমতা জোরদারে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতার আওতায় কৃষি পর্যবেক্ষণ, দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদান, আর্থ অবজারভেশন এবং বৈজ্ঞানিক তথ্যভিত্তিক পণ্য উন্নয়নে যৌথ গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মানসম্মত ডেটাসেট, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-উপযোগী ডেটাসেট যৌথভাবে উন্নয়নের সুযোগ থাকবে। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণ, জনবল ও একাডেমিক বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন এবং বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনও এ সহযোগিতার অন্তর্ভুক্ত থাকবে।
স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সাংহাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব লাওস এবং থাইল্যান্ডের মাহানাকর্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয় দু’টিও চীনা অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয় এবং চীনের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থ অবজারভেশন ও গবেষণা সহযোগিতার একটি বৃহত্তর আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে তিন বছর কার্যকর থাকবে এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে-এর মেয়াদ নবায়ন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন করে দেখা দেওয়ার পর তা প্রশমনের লক্ষ্যে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কূটনৈতিক উদ্যোগগুলোকে আরও জোরদার করেছে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিগুলো। এই উদ্দেশ্যে সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ, মিসর, তুরস্ক এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন।
সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টেলিফোনালাপে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্রমবিকাশমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকে "আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার যৌথ প্রচেষ্টা নিয়ে পর্যালোচনা করা হয়েছে।"
এছাড়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত মাসে সউদী আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ নেতারা ঐতিহাসিক "মক্কা চুক্তি" স্বাক্ষর করেছেন। উক্ত চুক্তিতে যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।
১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানায়, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা পিচামন মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
আইটিএ জানায়, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যেকোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”
সংস্থাটি আরও জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন।
এছাড়া, স্যাম্পল-বি পরীক্ষা করার জন্য অনুরোধ জানানোর অধিকারও তার রয়েছে বলে জানিয়েছে আইটিএ।
দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন।
১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, "সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে।"
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, "সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলেই সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে।" তিনি উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গণভোটের রায় মেনে নেয়নি। সংসদে জুলাই সনদ অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করেছে।
তিনি আরও বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলে।" সরকার ক্ষমতা গ্রহণের ৭ মাসের মধ্যে ৩ বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, "বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা তাকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিলাম।" তবে তখনও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর ব্যর্থতায় সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। বর্তমানে আবার তাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দিয়ে জনগণকে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "জনগণ এখন আর বলেন না, বিদ্যুৎ যায় আর আসে। জনগণ বলে, টুকু যায় আর আসে।"
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে বিরোধীদলের সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে।" নতুবা জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে, পরে দেখা যাবে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুটছে। তখন গদি রক্ষা করা যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ