ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ৯৬০ কোটি ডলার


কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ৯৬০ কোটি ডলার

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাথমিক হিসাবে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯৫৭ কোটি ডলার বলে জানা গেছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ সম্পর্কে তথ্য দেন।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়।

গত ১০ আগস্ট আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি কলম্বিয়ায় প্রায় অর্ধশতাব্দীর মধ্যে যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল, তা বলা হচ্ছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ভূমিকম্পে নিহত হয়েছেন ২৮৯ জন, আহত হয়েছেন ৪ হাজার ১৮৭ জন এবং ১৪৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

প্রায় ২৭ হাজার বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর ফলে বহু মানুষের রাত কাটাতে হচ্ছে রাস্তায় ও বিভিন্ন পার্কে। এর সঙ্গে অনেক হাসপাতাল ও স্কুলও ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, ‘দুর্যোগটির ভয়াবহতা ও ব্যাপকতার কথা একবার ভাবুন।’

রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন এই ডানপন্থী আইনজীবী ও ব্যবসায়ীর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যিনি মাত্র তিন দিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

নির্বাচনের আগে দে লা এসপ্রিয়েলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দেশের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মাদকপাচারকারী সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

মঙ্গলবার তিনি জানান যে, বেসরকারি খাতের সহযোগিতায় পুনর্গঠনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণের জন্য আবাসনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগকে তিনি একটি ‘দ্রুত ও ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে দে লা এসপ্রিয়েলা আবারও কলম্বিয়ার পণ্যের ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ করেন। তাঁর মতে, তা হলে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির অর্থনীতি কিছুটা স্বস্তি পাবে।

গত জুলাইয়ের শেষ দিকে কলম্বিয়ার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫ শতাংশ হয়েছে বলে জানা গেছে। তবে এটি তেল এবং কফির মতো কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১,২০০ জনকে গ্রহণ করবে লাইবেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ এম


যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১,২০০ জনকে গ্রহণ করবে লাইবেরিয়া

লাইবেরিয়া সর্বোচ্চ ১ হাজার ২০০ বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করতে যাচ্ছে। মঙ্গলবার দেশটির সরকার এ বিষয়টি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যে লাইবেরিয়া এ সিদ্ধান্ত নিতে চলেছে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এর আওতায় এমন দেশগুলিতে মানুষ পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা সংশ্লিষ্ট ব্যক্তির নিজ দেশ নয়।

বার্তা সংস্থা এএফপি থেকে জানা গেছে। লাইবেরিয়ার সরকার একটি বিবৃতিতে জানিয়েছেন, এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ জনকে লাইবেরিয়ায় পাঠানো সম্ভব হতে পারে।

স্থানীয় সরকার জানিয়েছে, বহিষ্কৃতদের প্রথম দফায় ২০ জন বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার দেশটিতে পৌঁছাবেন। তবে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় লাইবেরিয়া ছেড়ে যেতে পারবেন অথবা চাইলে দেশের মধ্যে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন কিলমার আব্রেগো গার্সিয়াকে লাইবেরিয়ায় পাঠাতে ইচ্ছুক। সালভাদরের এই অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক হারে অভিবাসী বহিষ্কারের বিতর্কে তিনি অন্যতম একটি প্রতীকে পরিণত হয়েছেন। তাকে আগে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে বহিষ্কার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী অভিযানে আফ্রিকার ঘানা ও ইকুয়েটোরিয়াল গিনি গুরুত্বপূর্ণ ট্রানজিট বা অস্থায়ী গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু এসব দেশ থেকে তাড়াতাড়ি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তৃতীয় কোনো দেশের নাগরিকদের গ্রহণে আফ্রিকার দেশগুলোকে রাজি করাতে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা ও ভিসা সংক্রান্ত নানা বিধিনিষেধকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এদিকে, লাইবেরিয়ার সরকার বলেছেন যে, এই কর্মসূচিতে অংশ নেওয়ার বিনিময়ে তারা কোনো অর্থ, ক্ষতিপূরণ বা বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দাবি করেনি এবং পায়ওনি।

লাইবেরিয়া এই কর্মসূচি পরিচালনার পাশাপাশি আরও ব্যাপকভাবে তার অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা পাবে বলে জানানো হয়েছে। তবে সরকার জোর দিয়ে বলেছে যে, পুরো ব্যবস্থাটি ‘মানবিক কারণে’ পরিচালিত হচ্ছে।

লাইবেরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসের একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। ১৯ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে সাবেক দাস এবং স্বাধীন আফ্রিকান-আমেরিকানদের আফ্রিকায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করা একটি সংগঠনের উদ্যোগে লাইবেরিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মর্গে অঙ্গপ্রত্যঙ্গ চুরি ও বিক্রির মামলা ‘বড় অঙ্কে’ মীমাংসা করল হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


মর্গে অঙ্গপ্রত্যঙ্গ চুরি ও বিক্রির মামলা ‘বড় অঙ্কে’ মীমাংসা করল হার্ভার্ড

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড মেডিক্যাল স্কুলের (এইচএমএস) মর্গের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে মানবদেহের কেটে নেওয়া মাথা, মস্তিষ্ক, চামড়া, হাত ও মুখমণ্ডল চুরির অভিযোগ এবং তারপর ব্ল্যাক মার্কেটে বা অবৈধ বাজারে এর বিক্রির একটি রোমহর্ষক ও ন্যক্কারজনক অভিযোগের সিভিল মামলা নিষ্পত্তি হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে দীর্ঘ আইনি লড়াই এড়াতে পাল্টা ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪০ কোটি টাকা) সেটেলমেন্ট চুক্তিতে সম্মত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযুক্ত সাবেক মর্গ ম্যানেজার, ৫৮ বছর বয়সী সেড্রিক লজ, এই ভয়াবহ অপরাধ স্বীকার করে নেওয়ার পর আদালত তাকে গত বছরের ডিসেম্বর মাসে আট বছরের জন্য কারাদণ্ড দেন।

সোমবার এক যৌথ বিবৃতিতে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ডিন জর্জ ডালি এবং চিকিৎসা শিক্ষা বিভাগের ডিন বার্নার্ড চ্যাংক জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলোর দায়ের করা ক্লাস অ্যাকশন মামলার দীর্ঘ আইনি জটিলতা এবং ট্রায়াল এড়াতেই বিশ্ববিদ্যালয় এই সমঝোতায় এসেছে। তারা উল্লেখ করেন, ‘সেড্রিক লজের শাস্তির মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার ইতি ঘটেছে। আর এই সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে দেওয়ানি মামলাগুলোরও চূড়ান্ত নিষ্পত্তি হবে। তবে এই বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই চুরির শিকার পরিবারগুলোর জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করা হবে। আদালতের অনুমোদনের পর একজন নিরপেক্ষ প্রশাসকের মাধ্যমে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করে ক্ষতিপূরণের অর্থ বণ্টন করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যখন সেড্রিক লজ অভিযুক্ত হন, তখনই হার্ভার্ডের বিরুদ্ধে চরম অবহেলা, বিশ্বাসভঙ্গ এবং মানসিক যন্ত্রণা দেওয়ার অভিযোগ এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একের পর এক মামলা দায়ের করা শুরু করে।

আদালতের নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে মরগে নিজ পদের অপব্যবহার করে চরম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন লজ। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার উদ্দেশ্যে অনুদান হিসেবে প্রাপ্ত মানবদেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ গবেষণার কাজে ব্যবহারের জন্য ছিল, সেগুলো গোপনে চুরি করে থাকতেন তিনি। ‘হার্ভার্ড অ্যানাটমিক্যাল গিফট প্রোগ্রাম’-এর আওতায় মহানুভবতার পরিচয় দিয়ে অনুদান দেওয়া মানবদেহগুলো থেকে অঙ্গ কেটে নিয়ে তিনি নিজেদের পরিবার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অজান্তেই নিয়ে যেতেন।

পরবর্তীতে বোস্টনের মর্গ থেকে ওই কাটা অঙ্গপ্রত্যঙ্গগুলো চুরি করে নিউ হ্যাম্পশায়ারের গফস্টাউনে তার নিজের বাড়িতে নিয়ে যেতেন লজ। সেখানেই তিনি এবং তার স্ত্রী ডেনিস লজ মিলিতভাবে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অবৈধ ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করতেন। কখনো সরাসরি কুরিয়ার বা ডাকযোগে পাঠিয়ে কিংবা কখনো সরাসরি ক্রেতাদের বাড়িতে ডেকে এনে তাদের বেচাকেনা চলত। ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার এবং পেনসিলভানিয়াজুড়ে বিস্তৃত ছিল তাদের এই ভয়াবহ মানব অঙ্গপাচার নেটওয়ার্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুলে অন্য রদ্রিকে স্বাগত জানাল বার্সেলোনার সমর্থকেরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


ভুলে অন্য রদ্রিকে স্বাগত জানাল বার্সেলোনার সমর্থকেরা

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রিকে দলে ভেড়ানোর পর আনন্দে আত্মহারা বার্সেলোনার সমর্থকেরা। কিন্তু প্রিয় খেলোয়াড়কে স্বাগত জানাতে গিয়ে তারা যে কাণ্ড ঘটিয়েছেন, সেটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে।

ফুটবলার রদ্রির বদলে ভুল করে তারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন মার্কিন পপতারকা অলিভিয়া রদ্রিগোকে।

ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে ছাড়িয়ে নেওয়ার পর কাল তাকে নিজেদের খেলোয়াড় ঘোষণা করেছে বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই তারকার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে কাতালান ক্লাবটি। তাকে কিনতে খরচ হয়েছে ৬ কোটি ইউরো (৮৪৫ কোটি টাকা)।

সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরো ১ কোটি ১০ লাখ (১৫৫ কোটি টাকা) ইউরো যোগ হতে পারে।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার কারণেও পরিচিত। তার কোনো সক্রিয় ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (ফেসবুক, এক্স, ইন্সটাগ্রাম ইত্যাদি) নেই। ফলে নতুন ক্লাবের সমর্থকেরা অন্য ফুটবলারদের মতো সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পাচ্ছেন না।

আর সেখানেই ঘটেছে মজার ভুল। রদ্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে অনেক বার্সেলোনা সমর্থক পৌঁছে যান মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। এরপর অলিভিয়ার বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় তাদের শুভেচ্ছাবার্তা।

কেউ লিখেছেন, ‘বার্সেলোনায় স্বাগতম রদ্রি’, কেউ আবার নতুন তারকাকে শুভেচ্ছা জানিয়ে বার্সেলোনার সমর্থকদের প্রচলিত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফলে সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম পোস্টের মন্তব্যঘর আচমকাই ফুটবলভক্তদের আড্ডায় পরিণত হয়েছে।

ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক হাসিঠাট্টা।

অবশ্য বার্সেলোনা ও অলিভিয়া রদ্রিগোর মধ্যে আগে থেকেই একটি যোগসূত্র রয়েছে। গত মে মাসে এল ক্লাসিকোর আগে বার্সেলোনার জার্সিতে ডিজিটাল মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের জায়গায় অলিভিয়া রদ্রিগোর নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছিল।

বার্সেলোনা জানিয়েছিল, ক্লাবটির জার্সিতে এর আগে এড শিরান, ট্রাভিস স্কট, কোল্ডপ্লে, কারোল জি, দ্য রোলিং স্টোনস, রোজালিয়া ও ড্রেকের মতো শিল্পীদেরও বিশেষ সংস্করণ দেখা গেছে।

এর আগেও রদ্রিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভ্রান্তি দেখা গেছে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে থাকতে ব্যালন ডি’অর জেতেন তিনি। সেই সময়ও তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় কিছু সমর্থক ভুল করে অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

এবার অবশ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন। রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনন্দেই সমর্থকরা ভুল করে হাজির হয়েছেন অলিভিয়ার অ্যাকাউন্টে। ফলে একজন বিশ্বকাপজয়ী ও ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে স্বাগত জানাতে গিয়ে আরেক ‘রদ্রি’র ইন্সটাগ্রামে তৈরি হয়েছে মজার এক বার্সেলোনা-উৎসব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম চলমান থাকবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%