শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৫ পি.এম
ইসরায়েল কর্তৃপক্ষ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্সের কট্টর বামপন্থী ও ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলাঁশোঁ এবং তার দল ‘লা ফ্রান্স ইনসুমিস’ (ফ্রান্স আনবাউন্ড)-এর আরেক শীর্ষ নেতার ওপর। প্যারিসের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে ‘জনতুষ্টিবাদী’ (ডেমাগগিক) হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘লা ফ্রান্স ইনসুমিস’ দলের চরম ইসরায়েলবিরোধী অবস্থান এবং এর নেতাদের আপত্তিকর মন্তব্যের কারণে মেলাঁশোঁ এবং দলটির সংসদীয় গ্রুপের চেয়ারম্যান মাতিল্ড পানোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো মন্তব্য করেন, ‘আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনকারী একটি সরকারের নেওয়া এই জনতুষ্টিবাদী সিদ্ধান্ত মূলত তাদেরই হাতকে শক্তিশালী করবে, যারা লা ফ্রান্স ইনসুমিসের মতো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটতে চায়।’
তিনি আরও বলেন, ‘ফ্রান্স দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।’
এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মেলাঁশোঁ ও পানো উভয়েই ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়েছেন। তেল আবিবের দাবি, বিশেষ করে মেলাঁশোঁ গাজা অভিমুখী অবৈধ নৌবহরগুলোকে ফরাসি জাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বিবৃতিতে ইসরায়েল জানায়, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় এবং এর নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
অন্যদিকে, ফরাসি বেতার ‘ফ্রান্সইনফো’-কে মেলাঁশোঁ বলেন, ‘আমি এমন এক ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা পেলাম, যেখানে যাওয়ার জন্য আমি কখনো আবেদনই করিনি। ইসরায়েল সরকার যেভাবে আমার পেছনে লেগেছে, তা সত্যিই দুঃখজনক।’
উল্লেখ্য, গত শনিবার এক নির্বাচনী প্রচারণায় মেলাঁশোঁ স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজা উপত্যকায় জোরপূর্বক ত্রাণ পৌঁছাতে আগ্রহী আন্দোলনকারীদের বহনকারী নৌযানগুলোকে ফরাসি জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাবে। সূত্র: রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ করা এবং কিশোর গ্যাং দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষের সাথে নিয়ে। রাজশাহী রেঞ্জের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, ডিআইজির কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এই সভাটি রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
গত বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, অভিযোগের যথাযথ গুরুত্ব প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে ডিআইজি অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মীর আশরাফ আলী আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। ডিআইজি আরও বলেন, মাদক প্রবাহ প্রতিরোধ ও মাদকাসক্তিজনিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ, সঠিক নির্দেশনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে এই গণডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়ার আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়।
খাওয়ার পর বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আঃ রহিম জানান, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি গ্রামে এমন পরিবার খুব কমই রয়েছে; অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সময়মতো চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যেও ফিলিস্তিনের গাজাবাসী পবিত্র কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রেখেছেন। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংবর্ধনা প্রদান করেছে, যা একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁরা হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এই পদযাত্রা গাজাবাসীর কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার প্রতিজ্ঞার প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, "এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন নিছক সম্মাননা অনুষ্ঠান নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন।" তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, "কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা।" কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, "যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন অত্যন্ত গর্ব ও আনন্দের।" তিনি উল্লেখ করেন, প্রতিকূলতার মুখেও গাজাবাসীর দৃঢ়তা ও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত এটি। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জমিয়তুল বারাকার যৌথ প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। কোরআনের হাফেজদের সহযোগিতা এবং কোরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন হিবা আল-হিমস। তিনি গাজা উপত্যকায় অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, "কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং পবিত্র কোরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করা হৃদয়গুলোর প্রতি সম্মান।" কোরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষা অনুধাবন, বিধান অনুসরণ এবং নিজের চরিত্রে তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য প্রদান করেন।
জয়সওয়াল এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এই সংলাপে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।
তিনি আরও জানান, বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
এর আগে, ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপটি স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারত থেকে।
তবে, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ